প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম শামীম রেজা। এই পরিবর্তনের মাধ্যমে প্রায় আড়াই বছর পর বিভাগটি নিজেদের শিক্ষকদের মধ্যে থেকে চেয়ারম্যান পেল।
সোমবার (২৩ নভেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ড. এস এম শামীম রেজার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ জুন থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের পাঁচজন ডিন পর্যায়ক্রমে বিভাগটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিভাগীয় কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যে উপাচার্যের নির্দেশনায় নতুন চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পর্কে অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বিগত পাঁচজন ডিন বিভাগের নিজস্ব শিক্ষককে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার সুযোগ পাননি কিংবা সেই পরিস্থিতি তৈরি হয়নি। তিনি উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যে এ হস্তান্তর সম্পন্ন করতে পারা ডিন অফিসের একটি সাফল্য।
তিনি আরও বলেন, উপাচার্যের নির্দেশনায় সম্পন্ন এ দায়িত্ব হস্তান্তর বিভাগের নেতৃত্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অধ্যাপক মাহবুবুর রহমান আশা প্রকাশ করেন যে, নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রশাসনিক নেতৃত্বে ধারাবাহিকতা ফিরে আসবে। একই সঙ্গে শিক্ষা, গবেষণা, বিভাগীয় পরিকল্পনা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তিনি আশাবাদী।
অধ্যাপক ড. এস এম শামীম রেজা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের গোল্ডস্মিথস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে মিডিয়া এডুকেশন এবং স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) অ্যানথ্রোপোলজি অব মিডিয়া বিষয়ে পড়াশোনা করেছেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব মালয়েশিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে (আইকেমাস) এশিয়া ফেলোশিপ লাভ করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ওসলো বিশ্ববিদ্যালয়, কাসেতসার্ট বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্ট থেকে বৈশ্বিক গণমাধ্যম নীতি ও আইন, আন্তর্জাতিক উন্নয়ন, কৌশলগত যোগাযোগ ও ব্লু ইকোনমি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ ও ডিপ্লোমা সম্পন্ন করেন।
তাঁর গবেষণার ক্ষেত্রের মধ্যে গণমাধ্যম নীতি ও নিয়ন্ত্রণ, কমিউনিটি সম্প্রচার ও পাবলিক স্ফিয়ার, মিডিয়া ও তথ্য সাক্ষরতা, সামাজিক পরিবর্তন ও উন্নয়নের জন্য যোগাযোগ, টেলিভিশনের ইতিহাস ও সংস্কৃতি, শিশু ও গণমাধ্যম এবং পাবলিক ডিপ্লোমেসি অন্তর্ভুক্ত। শিক্ষকতায় আসার আগে তিনি বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজ ও গণমাধ্যম উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।
অধ্যাপক শামীম রেজা অস্ট্রেলিয়ান ডেভেলপমেন্ট স্কলারশিপ, শেভনিং স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, কোডিকারা অ্যাওয়ার্ড, ফোর্ড এশিয়া ফেলোজ অ্যাওয়ার্ড, ইন্টারনিউজ ফেলোশিপ ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাই গ্র্যান্টস লাভ করেছেন। বর্তমানে তিনি ম্যানিলাভিত্তিক এশিয়ান মিডিয়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের (এমিক) বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন