প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চলতি রবি মৌসুমে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণের ক্ষেত্রে বিলম্ব এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময় অতিক্রান্ত হলেও কৃষকদের কাছে সরকারি প্রণোদনার বীজ ও সার পৌঁছায়নি। টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তার দাবি, ধানবীজ ও সারের প্রণোদনা বিতরণের মঞ্জুরি আদেশ এখনো পাওয়া যায়নি। তবে, কবে নাগাদ এসব উপকরণ বিতরণ করা হবে, সে বিষয়ে উপজেলা কৃষি অফিস নিশ্চিত করে কিছু বলতে পারছে না। এতে এলাকার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। কৃষকদের দাবি, দ্রুত সরকারি প্রণোদনার বীজ ও সার বরাদ্দ দিয়ে বিতরণের ব্যবস্থা করতে হবে। অন্যথায়, আর্থিক সংকটের কারণে অনেক প্রান্তিক কৃষক সময়মতো রবি ফসল ও বোরো আবাদ করতে পারবেন না। এর ফলে একদিকে কৃষকের উৎপাদন ব্যয় বাড়বে, অন্যদিকে এলাকার সামগ্রিক কৃষি উৎপাদনও ব্যাহত হতে পারে।
টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩৭৫ হেক্টর জমিতে রবি সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের সাত ধরনের রবি ফসলের বীজ বিতরণের পরিকল্পনা থাকলেও গোপালগঞ্জের জন্য খেসারি ও মসুর— এই দুই ধরনের বীজ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, কবে নাগাদ এসব বীজ বিতরণ করা হবে, তা নিশ্চিত নয়। সোমবার পর্যন্ত প্রণোদনা বিতরণের মঞ্জুরি আদেশ না আসায় কৃষকরা সরকারি সহায়তা পাবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
২০২৫ সালের ২১ অক্টোবরের মধ্যে টুঙ্গিপাড়া কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের মাঝে খেসারি, মসুর, সরিষা, সয়াবিন, মুগ, চিনাবাদাম, পেঁয়াজ ও গমের বীজ বিতরণ করা হয়েছিল। গত মৌসুমে নভেম্বরের শুরুতে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছিল।
টুঙ্গিপাড়ার বোরো মৌসুমে প্রায় ৭ হাজার ৯২৫ হেক্টর জমিতে আবাদ হওয়ার কথা রয়েছে। এই অঞ্চলের অনেক কৃষক সরকারি প্রণোদনার বীজ ও সারের ওপর নির্ভর করে চাষাবাদ করে থাকেন। সময়মতো বীজ ও সার না পাওয়ায় এবার জমিতে ফসল আবাদ নিয়ে তারা শঙ্কায় রয়েছেন।
উপজেলার কৃষক বাঁকা শেখ বলেন, “আমরা গরিব ও অসহায় কৃষক। সরকারি সহায়তা পেলে জমি চাষাবাদ করতে সুবিধা হয়। প্রতি বছর প্রায় পাঁচ বিঘা জমিতে চাষাবাদ করি। কৃষি অফিস এবং ধান গবেষণা ইনস্টিটিউট থেকে প্রদর্শনীর মাধ্যমে বীজ ও সার পেতাম। এ সব সহায়তা পেয়ে স্বল্প খরচে জমি চাষাবাদ করছি।” তিনি জানান, এবার সেই সহায়তা পাবেন কিনা, তা নিয়ে তিনি নিশ্চিত নন।
উপজেলার গিমাডাঙ্গা গ্রামের কৃষক রুবেল শেখ জানান, প্রতি বছর বোরো মৌসুমে জমিতে ধান আবাদ করেন। এ সময় সরকারিভাবে বীজ ও সার সহায়তা পান। কিন্তু চলতি মৌসুমে বীজতলা তৈরির সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত বীজ কিংবা সার পাননি। বাজার থেকে বীজ ও সার কিনে চাষাবাদ করার মতো আর্থিক সামর্থ্যও তার নেই। ফলে কীভাবে জমিতে আবাদ করবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
গোপালপুর এলাকার কৃষক অনিমেষ জানান, বিল অঞ্চলের মানুষ মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। প্রতিবছর কৃষি অফিস থেকে কিছু প্রণোদনার বীজ ও সার পেতেন। কিন্তু এবার বীজ ও সার কেনার সামর্থ্য না থাকায় জমি চাষাবাদ করতে পারবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার বলেন, চলতি মৌসুমে গোপালগঞ্জের জন্য খেসারি ও মসুরের বীজ দেওয়া হতে পারে। তবে, এখন পর্যন্ত ধানবীজ ও সারের প্রণোদনা বিতরণের মঞ্জুরি আদেশ পাওয়া যায়নি। কবে নাগাদ প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন