প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপির নাম জড়িয়ে প্রকাশিত সংবাদ ও বিভিন্ন বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, এসব ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তবে বিএনপি এই ঘটনার জন্য ক্ষুব্ধ ও বিব্রত।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গরু বাজারে মাদকবিরোধী যুব সমাজের উদ্যোগে আয়োজিত সুপারস্টার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব মন্তব্য করেন।
তিনি বলেন, জমি-সংক্রান্ত বিরোধের কারণে সৃষ্ট জটিলতা থেকে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কোনো প্রকার বাছবিচার ছাড়াই ‘বিএনপির চাঁদাবাজি ও দখলবাজি’ হিসেবে প্রচার করা হচ্ছে। তার দাবি, এসব ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘এই দুঃখজনক ঘটনায় বিএনপি ক্ষুব্ধ ও বিব্রত। তবে বিএনপি এতে জড়িত নয়। জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
তিনি সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, মিরপুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিএনপি ক্ষুব্ধ ও বিব্রত। দায়িত্ব পালনে কোনো দুর্বলতা, উদাসীনতা বা গাফিলতি থাকলে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দুই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, অপরাধের দায় প্রমাণ ছাড়া বিএনপির ওপর চাপানো যাবে না। তবে বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না।
এমরান সালেহ প্রিন্স আরো বলেন, এসব হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে। বিএনপি কোনো অজুহাতে কোনো ঘটনার অপরাধীকে আড়াল করতে চায় না।
তিনি বলেন, ‘বিএনপি সরকারের থাকার সময়ে মিরপুরে দুঃখজনক ঘটনা ঘটেছে, এ জন্য বিএনপি দুঃখিত। বিএনপি জনগণের কাছে জবাবদিহি করে বলেই অপরাধীদের চিহ্নিত করছে। ঘটনার সময় নির্লিপ্ত থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে বিএনপির অবস্থান।’
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে এমরান সালেহ প্রিন্স বলেন, জমি-সংক্রান্ত বিরোধের ঘটনাকে ‘বিএনপির চাঁদাবাজি বা দখল’ বলে যে প্রচার করা হয়েছে, তা বানোয়াট ও ভিত্তিহীন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নির্ধারিত হওয়ার আগে বিএনপিকে দায়ী করা দুরভিসন্ধিমূলক।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই বাছবিচার না করে শুধু ভিউ বাড়ানোর জন্য বিএনপির বিরুদ্ধে কনটেন্ট ক্রিয়েটরের বক্তব্য ‘ঔদ্ধত্যপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত’। বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকেরুল্লাহ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন ও মনিরুজ্জামান স্বাধীন, যুবদল নেতা আসাদুজ্জামান আসিফসহ ক্রীড়া সংগঠকেরা বক্তব্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন