প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা জেলা জুড়ে বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়কগুলোতে চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে সরকারি অর্থায়নে সোলার সড়কবাতি স্থাপন করা হয়েছিল। তবে, এই উদ্যোগের সফলতার আগেই বাস্তবায়নে দেখা দিয়েছে চরম অন্ধকার।
সোলার বাতিগুলো স্থাপন হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই অনেক বাতির আলো মিটমিট করতে শুরু করে। বর্তমানে অধিকাংশ স্থানে বাতির খুটি বা পাইপগুলো নিঃশব্দে দাঁড়িয়ে থাকলেও রাতের বেলায় আলোর দেখা মেলে না। কেবল সংযোগের ত্রুটি বা অকেজো হওয়া নয়, বিভিন্ন স্থানে রাতের আঁধারে এসব সরকারি সম্পত্তি চুরির ঘটনাও ঘটেছে।
সম্প্রতি জেলার লালমাই, চৌদ্দগ্রাম, লাকসাম ও নাঙ্গলকোটের বিভিন্ন স্থানে আরও ভয়াবহ চিত্র দেখা গেছে। সেখানে দাঁড়িয়ে থাকা লোহার পাইপগুলো কেটে ও উপড়ে নিয়ে ভাঙ্গারি দোকানে বিক্রি করে চলেছে একটি অসাধু চক্র।
সরকারি অর্থে জনগণের সুবিধার জন্য তৈরি এই প্রকল্প এভাবে বিনষ্ট হওয়ায় স্থানীয়দের মনে নানা প্রশ্ন জেগেছে—এই বাতিগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্ব আসলে কার? সরকারি মালামাল চুরির মাধ্যমে কেনা-বেচা করা ভাঙ্গারি দোকানগুলোর পেছনে কাদের আশ্রয়-প্রশ্রয় রয়েছে? এছাড়া আইন অমান্য করে পরিবেশের ছাড়পত্র ছাড়াই এসব উপজেলায় একাধিক অবৈধ প্রতিষ্ঠান কীভাবে দিনের পর দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে? সর্বোপরি, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভূমিকা ও নজরদারি কতটুকু?
উল্লেখ্য, দণ্ডবিধি ১৮৬০ এর ৩৭৯ ধারা অনুযায়ী যেকোনো সরকারি বা বেসরকারি সম্পত্তি চুরি করা একটি শাস্তিযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ সাজা ৩ বছরের কারাদণ্ড বা জরিমানা। এছাড়া ৪১১ ধারা অনুযায়ী চোরাই মালামাল জেনেও তা ক্রয় বা কায়দা করে হেফাজতে রাখার অপরাধে অপরাধীদের ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার স্পষ্ট বিধান রয়েছে। পাশাপাশি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র ব্যতীত কোনো প্রতিষ্ঠান বা কারখানা চালনা করা দণ্ডনীয় অপরাধ।
এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস মন্তব্য করেন, "বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। সরকারি সম্পদ চুরি ও অকেজো সোলার বাতিগুলোর তালিকা তৈরি করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অবৈধ ও ছাড়পত্রহীন ভাঙ্গারি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা খুব শিগগিরই অভিযান শুরু করব।"
কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচাল সালমান চৌধুরী শাওন বলেন, "নির্দিষ্ট করে অভিযোগ পেলে আমরা স্থানে গিয়ে দেখার পর ব্যবস্থা গ্রহণ করব। তাছাড়া, উপজেলা প্রশাসন আমাদের বল্লে আমরা অভিযানে যাবো"।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহবুব মিঠুন জানান, "আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। আমি প্রতিটি উপজেলায় খোঁজ নিয়ে দেখবো, সোলার লাইটগুলো কারা দেখবাল করছে। যেহেতু সোলার লাইটগুলো সরকারি সম্পদ সেহেতু বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন