প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেড় বছর আগে ‘ডেডলিফ্ট’ করার সময় ঘাড় ও পিঠে গুরুতর চোট পান অভিনেত্রী রকুলপ্রীত সিংহ। এরপর স্লিপ ডিস্কের সমস্যার কারণে তাকে টানা ৪০ দিন শয্যাশায়ী থাকতে হয়েছিল। দীর্ঘ ১৮ মাস পর আবার জিমে ফিরে এসেছেন এই অভিনেত্রী। তবে এবার তার লক্ষ্য হচ্ছে দ্রুত আগের অবস্থানে ফিরে যাওয়া নয়, বরং ধীরে ধীরে শরীরকে অনুশীলনের সঙ্গে মানিয়ে নেয়া।
সম্প্রতি রকুল নিজের ফিটনেসযাত্রার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, ভারী ব্যায়ামে যাওয়ার আগে তিনি যোগাসন ও স্ট্রেচিং করে শরীর গরম করছেন। এরপর পেটের পেশিতে বাড়তি চাপ এড়াতে সাপোর্ট বেল্ট ব্যবহার করে ভারোত্তোলন, রেজিস্ট্যান্স ব্যান্ড স্কোয়াট ও বারবেল স্কোয়াটের মতো অনুশীলন শুরু করছেন।
রকুল জানান, দীর্ঘ বিরতির পর তার শরীরের পেশিগুলো যেন নতুন করে ব্যায়াম শিখছে। তিনি বলেন, আগে যে ২০ কেজির কেট্লবেল সহজে তুলে ফেলতেন, এখন সেটি তুলতে কিছুটা ভয় লাগছে।
দীর্ঘ বিরতির পর শরীরচর্চায় ফেরার সময় নিজের ওপর বাড়তি চাপ না দেয়ার গুরুত্বও তুলে ধরেছেন অভিনেত্রী। তার মতে, শরীরকে সময় দেয়া অত্যন্ত জরুরি। তাই প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াই এখন তার মূল লক্ষ্য।
ভিডিওর ক্যাপশনে রকুল লিখেছেন, "কে জানত শরীরকে পুরনো কাজই নতুন করে শেখানোটা একটা চাকরির মতো, কখনো কথা শোনে, কখনো দোনামোনা করে, আবার কখনো মনে করিয়ে দেয়, কে আসলে ক্ষমতাবান। যাই হোক, রোজ আসি, কাজ করি এবং আবার পরদিন ফিরে আসি।"
১৮ মাস পর জিমে ফিরে রকুলের এই ফিটনেসযাত্রা শুধু ওজন তোলার গল্প নয়, বরং চোটের পর নিজের শরীরের ওপর আবার বিশ্বাস ফিরে পাওয়ার গল্প। যেখানে দ্রুত নয়, নিরাপদে এগিয়ে যাওয়াই এখন তার সবচেয়ে বড় সাফল্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন