প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের রাজধানী সানা থেকে প্রাণভয়ে পালিয়ে আসার দশ দিন পর রিয়াদের রাস্তায় মোজা বিক্রি করছেন আবু খলিল। যুদ্ধক্ষেত্র পেরিয়ে পায়ে হেঁটে কোনোমতে সউদী আরবে প্রবেশ করেছেন তিনি। বর্তমানে সামান্য আয় করে দেশে থাকা স্ত্রী ও চার সন্তানের জন্য অর্থ পাঠানোর চেষ্টা করছেন। নিরাপত্তার কারণে তিনি নিজের পুরো নাম প্রকাশ করতে রাজি হননি।
ইরানের মদদপুষ্ট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হাত থেকে বাঁচতে পালিয়ে এলেও এখন রিয়াদের মতো সউদী শহরগুলোতেও সেই একই গোষ্ঠীর নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হচ্ছে আবু খলিলকে। গত জুলাইয়ে ইয়েমেনে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে সউদী আরবে হামলার সংখ্যা বহুগুণ বেড়ে গেছে। গোষ্ঠীটির দাবি, ইয়েমেনে সউদী বিমান হামলা এবং বন্দর ও বিমানবন্দরে অবরোধের প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে।
গত ১০ অক্টোবর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের এক ভয়াবহ হামলায় ১৩ জন নিহত এবং ৩ শতাধিক মানুষ আহত হন, যা গত কয়েক বছরের মধ্যে সউদীর মাটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা। সেদিন ওমরাহ পালনের উদ্দেশ্যে জেদ্দাগামী ফ্লাইট ধরতে বিমানবন্দরে ছিলেন সউদী রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ২৫ বছর বয়সী প্রকৌশলী মাজিদ। তিনি জানান, চোখের সামনেই টার্মিনালে আঘাত হানলে চারদিকে রক্তাক্ত ও অচেতন যাত্রীদের পড়ে থাকতে দেখেন। তবে আতঙ্কিত হলেও নিজ দেশে নিজেকে অনিরাপদ ভাবতে নারাজ এই তরুণ।
মার্কিন ভিত্তিক অলাভজনক সংস্থা 'আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট' (আকলেড)-এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ মাসে সউদী আরবে মোট ২৭৪টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হলেও অন্তত ৪১টি হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলাগুলোর প্রায় দুই-তৃতীয়াংশে ড্রোন এবং অর্ধেকেরও বেশি ক্ষেত্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। অথচ এর আগের পাঁচ মাসে সউদীতে হুতি হামলার ঘটনা ছিল মাত্র একটি।
এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে ইরানের সহায়তায় হুতিরা এখন অনেক আধুনিক সমরাস্ত্র তৈরি করেছে। আগে তাদের হামলা ইয়েমেন সীমান্তের আশেপাশেই সীমাবদ্ধ থাকলেও এখন সীমান্ত থেকে ৭০০ কিলোমিটার দূরের রিয়াদেও নিয়মিত আঘাত হানছে তারা। চলতি মাসে রিয়াদের বাণিজ্যিক এলাকায় সউদীর সর্বোচ্চ ভবন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ার এবং আরামকো ভবনেও হামলা হয়েছে। পিআইএফ টাওয়ারে হামলায় ১১ জন আহত হন। যদিও হামলার কয়েক দিনের মধ্যেই আরামকো ভবনের বাইরের ক্ষয়ক্ষতি মেরামত করে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছে সউদী কর্তৃপক্ষ।
বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বসবাস ও ভ্রমণের জন্য নিরাপদ দেশ হিসেবে নিজেকে উপস্থাপন করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে সউদী আরব। কিন্তু হুতিদের এই ক্রমাগত হামলা দেশটির সেই নিরাপত্তার ইমেজকে বড় পরীক্ষার মুখে ফেলেছে। হামলার কারণে রিয়াদ, মদিনা ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক যাত্রীকে অন্য বিমানবন্দরে নেমে সড়কপথে রিয়াদে যেতে হচ্ছে।
তবে কঠোর সেন্সরশিপের কারণে সউদী নাগরিকরা গণমাধ্যমে খোলামেলা কথা বলতে চান না। রিয়াদের রাস্তায় ও শপিংমলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চোখে পড়লেও মাঝেমধ্যেই ফোনে বেজে ওঠা হামলার সতর্কবার্তা এবং আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিকট শব্দ জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। ২০০৬ সাল থেকে সউদীতে বসবাসরত ব্রিটিশ প্রবাসী অ্যালেক্স মালুফ জানান, স্কুলে থাকাকালীন সতর্কবার্তা শুনে তার ১১ বছর বয়সী মেয়ে প্রায়ই ভয়ে কুঁকড়ে যায়।
এদিকে ইয়েমেনের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। লোহিত সাগর উপকূলে হুতিদের নতুন অভিযান এবং তায়েজ শহরে অবরোধের কারণে ৮ লাখেরও বেশি মানুষ মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্যমতে, আগস্ট থেকে এ পর্যন্ত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ৩২৩ জন বেসামরিক হতাহতের তথ্য নিশ্চিত করেছে, যার মধ্যে ৭৬ জন নিহত হয়েছেন এবং নিহতদের অর্ধেকই শিশু। অন্যদিকে, সউদী নেতৃত্বাধীন জোটের পাল্টা বিমান হামলায় চলতি মাসের শুরুতে সানায় ৪৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি কর্তৃপক্ষ।
নিজ দেশে যুদ্ধের ভয়াবহতার তুলনায় রিয়াদে অনেক বেশি নিরাপদ বোধ করছেন আবু খলিল। তার একমাত্র আশা, দ্রুত স্ত্রী ও সন্তানদের সউদী আরবে নিয়ে আসা। হুতিদের পতন না হওয়া পর্যন্ত আর কখনোই ইয়েমেনে ফিরবেন না বলে জানিয়েছেন তিনি। সূত্র: বিবিসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন