প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেলটাউনে একদিনে তিন জায়গায় গোলাগুলি, কিশোরসহ নিহত ৩
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের বেলটাউন এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে তিনটি আলাদা গুলির ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরসহ মোট তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। পুলিশ তদন্ত করছে, ঘটনার পেছনে কোনো সম্পর্ক রয়েছে কি না।
প্রথম গুলির ঘটনা ঘটে রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে ডেনি ওয়ে ও ক্লে স্ট্রিট এলাকায়। সেখানে তিনজনের মধ্যে হাতাহাতির সময় গুলি চালানোর ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়া হয়, যেখানে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই ঘটনার পর আরও এক পুরুষ ও এক নারী হাসপাতালে ভর্তি হন গুলিবিদ্ধ অবস্থায়। ফলে এই ঘটনায় মোট চারজন গুলিবিদ্ধ হন। ঘটনার কিছুক্ষণ আগে এলাকায় স্ট্রিট রেসিং চলছিল, তবে পুলিশ জানিয়েছে যে, এর সঙ্গে গুলির ঘটনার কোনো সম্পর্ক নেই।
দুই ঘণ্টা পর, থার্ড অ্যাভিনিউ ও ব্ল্যানচার্ড স্ট্রিট এলাকায় দ্বিতীয় গুলির ঘটনা ঘটে। সেখানে পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে এক নারীকে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পুলিশ জানায়, অজ্ঞাত এক ব্যক্তি গাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।
সবশেষ ঘটনাটি ঘটে রোববার রাত ১১টা ৪৪ মিনিটের পর, এলিয়ট অ্যাভিনিউ ও বেল স্ট্রিট এলাকায়। গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক কিশোর ও ২১ বছর বয়সী এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। চিকিৎসকরা ১৭ বছর বয়সী কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত যুবকটি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার পূর্বে সেখানে একটি হাতাহাতি হয়েছিল।
পুলিশ আপাতত মনে করছে, পর পর ঘটে যাওয়া এই তিনটি ঘটনার মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক নেই। তবে একই এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে তিনটি ঘটনার জন্য তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার বা চিহ্নিত করা সম্ভব হয়নি এবং হামলার সুনির্দিষ্ট কারণও জানা যায়নি। ঘটনার বিষয়ে তথ্য থাকলে ২০৬-২৩৩-৫০০০ নম্বরে যোগাযোগ করে পুলিশকে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন