প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হেমন্তের মাঠজুড়ে পাকা আমন ধান রয়েছে। যখন কৃষকেরা ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েন, তখন ভূমিহীন ও দরিদ্র নারীরা অন্য এক সংগ্রামে নামেন। তাদের হাতে নেই কাস্তে, নেই নিজেদের জমি। তারা খুঁজে বেড়ান ইঁদুরের গর্ত। গর্ত খুঁড়লেই মেলে ইঁদুরের জমিয়ে রাখা ধান। এই ধান তাদের কাছে ‘ইঁদুরধান’ হিসেবে পরিচিত। কারও জন্য এটি দুই মাস, কারও জন্য তিন মাসের খাবারের সংস্থান করে। অভাবের সংসারে ইঁদুরের গর্ত যেন তাদের বেঁচে থাকার অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মুন্নি বেগম (৫৮) এমন একজন নারী। স্বামী মারা যাওয়ার পর পাঁচ মেয়েকে নিয়ে তার সংসার চলছে। পরিবারের নিজস্ব কোনো জমি নেই। তাই আমন ধান কাটার মৌসুম এলেই তিনি মাঠে মাঠে ঘুরে ইঁদুরের গর্ত খুঁজতে থাকেন। এরপর মাটি খুঁড়ে বের করেন ইঁদুরের জমিয়ে রাখা ধান।
মুন্নি বেগম জানান, প্রতিবছর এভাবে ইঁদুরের গর্ত খুঁড়ে চার মণের বেশি ধান সংগ্রহ করতে সক্ষম হন। সেই ধানে তার প্রায় দুই মাসের খাবারের সংস্থান হয়। তিনি বলেন, "অভাব আছে দ্যাখিতো হামরাগুলা ইন্দুরের খাইল খুরি ধান আনি। হামরাগুলা ধানকুড়ানি হয়া গ্যাছি। ইন্দুরধান হামার সম্বল।"
কুড়িগ্রাম সদর উপজেলার হেমেরকুটি গ্রামের শেফালী বেগম (৪৫)ও জীবিকার তাগিদে ধানকুড়ানির কাজ করেন। তার ভাষ্য, একটি গর্ত খুঁড়ে ধান বের করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সংগ্রহ। তবে কাজটি ঝুঁকিপূর্ণ। কখনো কখনো গর্তের ভেতর থেকে সাপ বেরিয়ে আসে। তাই প্রতিটি গর্ত খোঁড়ার সময় থাকতে হয় সতর্ক।
রাজারহাট উপজেলার বাছড়া বাজার এলাকার তসলিমা বেগম (৪৭) গত বছর ছেলের বউকে সঙ্গে নিয়ে ইঁদুরের গর্ত থেকে প্রায় ৯ মণ ধান সংগ্রহ করেছিলেন। তিনি বলেন, "হামারতো আর জমি নাই যে ধান আবাদ করমো। ইন্দুরের খাইল খুঁড়ি কিছু ধান পাই। তাক দিয়া দুই-তিন মাস সংসার চলে।"
এই গ্রামের কৃষক আহসান হাবীব (৩০) বলেন, ইঁদুর ফসলের বড় শত্রু। তাই ধানকুড়ানিরা গর্ত খুঁড়ে ধান সংগ্রহ করলে কৃষকেরা তাদের বাধা দেন না। বরং গর্ত খোঁড়ার কারণে খেত থেকে ইঁদুর পালিয়ে যায়। এতে ফসলের ক্ষতিও কিছুটা কমে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, কেবল আমন ধানের মৌসুমেই মাঠে মাঠে ধানকুড়ানিদের দেখা মেলে। এই ইঁদুরধান সংগ্রহের বিষয়টি বাংলার আবহমান কৃষি সংস্কৃতিরই অংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন