প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে গত ১ নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে, তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনটি গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক চর্চা করে। একইসঙ্গে সংগঠনের সব স্তরে মহিলাদের কার্যক্রম ও কমিটি বিদ্যমান রয়েছে। টিআইবির গবেষণা প্রতিবেদনে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ে কমিটিতে নারীদের কোনো অংশগ্রহণ নেই’ মর্মে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা অসত্য এবং বিভ্রান্তিমূলক। তিনি প্রতিবেদনে প্রদত্ত তথ্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক স্তরের অন্যতম ফোরাম হচ্ছে কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা। বর্তমানে কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য রয়েছেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরায় ১২২ জন নারী সদস্য আছেন। এছাড়া, রুকনদের (সদস্য) মধ্যে নারী সদস্যের সংখ্যা প্রায় ৪৩ শতাংশ। তাই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে এমন অসত্য তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ করা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং দায়িত্বহীনতার পরিচয়। তিনি গণমুখী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে ভবিষ্যতে যেকোনো প্রকাশনা বা প্রতিবেদন প্রস্তুত করার ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন