ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জে নিরাপত্তায় দুই হাজার পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন


গোপালগঞ্জে নিরাপত্তায় দুই হাজার পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না: ডিআইজি মোস্তাফিজুর রহমান

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় দুই হাজার পুলিশ সদস্য ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) সদস্যরাও দায়িত্ব পালন করছেন। গত রোববারের সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ,১২০দিনের মধ্যে নির্বাচন

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। গোপালগঞ্জে পুলিশের প্রায় দুই হাজার সদস্য ও কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও মাঠপর্যায়ে পরিস্থিতি তদারকি করছেন।

তিনি বলেন, জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলিংসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা শহর, পৌরসভা ও চার উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

গত রোববারের সহিংসতার ঘটনায় মামলা ও গ্রেপ্তারের বিষয়ে ডিআইজি বলেন, এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার পর থেকেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত। তবে তদন্ত ও যাচাই-বাছাই ছাড়া কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না। পুলিশের প্রধান লক্ষ্য হচ্ছে জনজীবন স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যেকোনো কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। ওই দিন পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তা মোতায়েনের পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করবে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও

এদিকে, রোববার দিনভর ও রাতের সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার পর সোমবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। সকালে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হন সাধারণ মানুষ। শহরের সড়কগুলোতে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ প্রতিষ্ঠানে গেছে। খুলেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।

তবে পরিস্থিতির উন্নতি হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক ও উদ্বেগ রয়েছে। সোমবার জেলায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজিবির জনসংযোগ বিভাগ জানিয়েছে, গোপালগঞ্জে বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা টহল দিচ্ছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এর আগে রোববার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: কুমিল্লায় জেলা পরিষদের ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারের অভিযান শুরু

উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সখীপুর কাকড়াজান ইউনিয়ন অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিলহোসেন স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


সখীপুর কাকড়াজান ইউনিয়ন অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোন্তাজ নগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয় সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের
সংবর্ধনা, অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোজাম্মেল হক এডহক কমিটির সভাপতি অত্র বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আশরাফুল আলম উপজেলা নির্বাহী অফিসার,সখীপুর টাঙ্গাইল
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মো: নাজিম উদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি সখীপুর উপজেলা, বিএনপি
সম্মানিত অতিথি জনাব মো: মুরাদ হোসেন ইনচার্জ সখিপুর থানা
নুর- ই আযম চেয়ারম্যান পদপ্রার্থী কাকড়াজান ইউনিয়ন
পৃষ্ঠপোষকঃ হিসেবে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান বিপ্লব সরকার চেয়ারম্যান পদপ্রার্থী ১ নং কাকড়াজান ইউনিয়ন
স্বাগতিক বক্তব্য তুলে ধরেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: জাকির হোসেন বাবুল এই বিদ্যালয়ে ৩০০ ফিট বাউন্ডারি হলেই একটি আবাসিক হোস্টেল করা যায়
আরো উপস্থিত ছিল অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্রী অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে টানা দুই জয় পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে টানা দুই জয় পাকিস্তানের

এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে শ্রীলঙ্কা পাকিস্তানের কাছে পাত্তাই পেল না। পাকিস্তান ১০ উইকেটের বিশাল ব্যবধানে লঙ্কানদের পরাজিত করে জয় অর্জন করেছে। এই জয়ের ফলে টুর্নামেন্টে পাকিস্তান টানা দুই জয় নিয়ে সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল।

সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে।

পাকিস্তান যখন জবাবে ব্যাট করতে নামে, তখন তারা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ের ফলে কোনো উইকেট না হারিয়েই তারা জয়লাভের লক্ষ্যে পৌঁছে যায়। মাত্র ৬.৩ ওভারে ৮৮ রান তুলে ম্যাচটি শেষ করে পাকিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন এম. সফদর। তিনি মাত্র ২১ বলে ৮টি চারের সাহায্যে এই রান সংগ্রহ করেন। অন্যদিকে এন. উল্লাহ ২০ বলে ৪টি চারের সাহায্যে অপরাজিত ৩২ রান করেন। দুই ব্যাটারের অসাধারণ জুটিতে সহজেই জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

শ্রীলঙ্কার দেওয়া ৮৮ রানের লক্ষ্য পাকিস্তান মাত্র ৬.৩ ওভারেই অতিক্রম করে। ফলে দলটি ১০ উইকেটের বড় জয় অর্জন করে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৮৭ রান তোলে।

শ্রীলঙ্কার হয়ে পিযুমাল ২৫ বলে অপরাজিত ২২ রান করেন। পেরেরা ২৬ বলে অপরাজিত ১২ রান করেন। এছাড়া কৃষান ১৩ এবং ভিনস্লি ১১ রান সংগ্রহ করেন।

পাকিস্তানের হয়ে আব্বাস, উল্লাহ ও এম. সফদর একটি করে উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রয়টার্সের প্রতিবেদন

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মুসলিমরা আটক, বাংলাদেশে বিতাড়নের মুখে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মুসলিমরা আটক, বাংলাদেশে বিতাড়নের মুখে

গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হন ৩৮ বছর বয়সি সাহিদা ফকির। তিনি যাওয়ার সময় ছোট ছেলেকে জানিয়ে গিয়েছিলেন, "কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন।" কিন্তু সেই যাওয়াই কাল হয়ে দাঁড়ায়। তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, স্বামী ও দুই সন্তানকে ছেড়ে তিনি বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে বসবাস করছেন।

সাহিদা ফকির জানিয়েছেন, সাদা পোশাকের পুলিশ কর্মকর্তারা তাকে আটক করে মোবাইল ফোনটি কেড়ে নেন, যেখানে তার পরিচয়পত্রের কপি সংরক্ষিত ছিল। এরপর তাকে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের নথিপত্র অনুযায়ী, ওই কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য ছিলেন। এ বিষয়ে মুম্বাই পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশের সাতক্ষীরায় বসে বার্তা সংস্থা রয়টার্সকে সাহিদা ফকির বলেন, "পেছন থেকে কেউ একজন আমার হাত চেপে ধরে গাড়িতে উঠতে নির্দেশ দেয়।" রয়টার্স এমন ১০টি পরিবারের সাক্ষাৎকার নিয়েছে, যাদের স্বজনরা ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ, আটক বা বিতাড়নের শিকার হয়েছেন। ভুক্তভোগী সবার কাছেই ভারতীয় পরিচয়পত্র বা পারিবারিক নথিপত্র ছিল এবং তাদের বাবা-মা ও ভাইবোনদের নাম এখনো ভোটার তালিকায় বহাল রয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কাউকে বিদেশি হিসেবে প্রমাণ না করলেও, ভারতে চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াটি অবৈধ অভিবাসী শনাক্ত ও বিতাড়ন অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে।

ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এই ভোটার তালিকা সংশোধনে দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। তথ্য-উপাত্ত বলছে, এই বাদ পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বিজেপির বিরুদ্ধে নিজেদের সুবিধামতো ভোটার তালিকা সাজানোর অভিযোগ উঠেছে। তবে দলটি বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

এই প্রক্রিয়ার সবচেয়ে বড় প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সবার ইনস্টিটিউট’-এর তথ্যমতে, নিবিড় পর্যালোচনার পর বাদ পড়া ২৭ লাখ নামের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম, অথচ রাজ্যের মোট জনসংখ্যায় মুসলিমদের হার মাত্র ২৭ শতাংশ। ওই নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে বিজেপি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, "ক্ষমতাসীনদের প্রতি জনগণের অসন্তোষের বিষয়টি অস্বীকার করার উপায় নেই, তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি বড় ভূমিকা রেখেছে।"

ভোটার তালিকা ও বিতাড়ন

গত ৫ নভেম্বর উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় এক নির্বাচনি সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং দেশ থেকে বের করে দেওয়ার বিষয়টিকে সরাসরি একসূত্রে গেঁথেছেন। তিনি বলেন, "বিজেপির সংকল্প হলো আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেব এবং এরপর একে একে খুঁজে বের করে দেশ থেকে তাড়িয়ে দেব।"

মূলত বাংলাভাষী মুসলিমদের ওপর চালানো এই ধরপাকড়ের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানে ভারত ভাগের সময় তৈরি সীমান্ত এই অঞ্চলটিকে দুই ভাগে বিভক্ত করে। সেই সময় এবং পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় লাখ লাখ মানুষ সীমান্ত অতিক্রম করে, যার ফলে বহু পরিবার সীমান্তের দুই পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এ কারণে রাজ্যটিতে নাগরিকত্ব ও অভিবাসন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো সাড়া দেয়নি।

আদালতে আইনি লড়াই

সাহিদা ফকির জানান, রাত ১টার দিকে কাঁটাতারবিহীন ও অরক্ষিত একটি সীমান্ত এলাকা দিয়ে তাকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া হয়। কাদামাখা শরীরে কয়েক ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাকে কাঁদতে দেখে নিজের বাড়িতে আশ্রয় দেন।

অন্যদিকে মুম্বাই পুলিশ আদালতকে জানিয়েছে, সাহিদা ফকিরকে আসাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আদালতের নথি অনুযায়ী, ওই অভিযানে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে আরও ১৪৮ জনের সঙ্গে সাহিদা ফকিরকে ফেরত পাঠানো হয়।

সাহিদা ফকির আক্ষেপ করে বলেন, "আমি এক মুহূর্তের জন্যও ভাবিনি যে তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাড়ি, আমার দাদা-দাদি এবং আমার পুরো বংশের শিকড় ভারতেই প্রোথিত।"

বর্তমানে সাহিদার স্বামী জুম্মান স্ত্রীকে ফিরিয়ে আনতে আদালতে আইনি লড়াই চালাচ্ছেন। আগস্ট মাসে সুপ্রিম কোর্টে করা এক আবেদনে তার পরিবার যুক্তি দেখিয়েছে যে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকত্ব নির্ধারণের মাপকাঠি হতে পারে না এবং প্রশাসনের কোনো যাচাইহীন দাবির ভিত্তিতে কাউকে দেশছাড়া করা যায় না।

রয়টার্সের পর্যালোচনা করা পারিবারিক নথিপত্রে দেখা গেছে, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের নিবন্ধিত ভোটার ছিলেন। এমনকি সর্বশেষ সংশোধনীতে বাড়তি নথিপত্র ছাড়াই ভোটার থাকার মানদণ্ড হিসেবে ধরা ২০০২-০৩ সালের তালিকাতেও তাদের নাম ছিল। রয়টার্সের দেখা ভোটার আইডি কার্ড অনুযায়ী, সাহিদা নিজেও অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন।

তবে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের সময় সাহিদা একটি বাংলাদেশি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ বা বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হন। সাহিদা এই দাবি অস্বীকার করে বলেন, কর্মকর্তারা তার ফোন কেড়ে নিয়েছিলেন এবং ফোনে থাকা নথিপত্র দেখানোর কোনো সুযোগই তাকে দেননি। উল্লেখ্য, ভারতের আইনে নাগরিকদের সব সময় সঙ্গে পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক নয়।

‘তুমি একজন বাংলাদেশি’

কলকাতা হাইকোর্টে দায়ের করা আরেকটি আবেদনে বাসনপত্রের ফেরিওয়ালা নাসিরুদ্দিন শেখ ও আরও চারজন জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও তাদের আটক করা হয়েছিল।

নাসিরুদ্দিন শেখ জানান, বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকেসহ আরও ২২ জনকে আটক করে। সংশোধিত ভোটার তালিকায় নাম পাওয়ায় ১৪ দিন পর ১৯ জনকে ছেড়ে দেওয়া হলেও, তালিকায় নাম না থাকায় শেখ ও বাকি তিনজনকে ৩২ দিন আটকে রাখা হয়। শেখ বলেন, "এক পুলিশ কর্মকর্তা আমাকে বলেছিলেন, ভোটার তালিকায় তোমার নাম নেই। তুমি একজন বাংলাদেশি।"

আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে তাকে মুক্তি দেওয়া হয়। শেখ জানান, তাদের যে আটক কেন্দ্রে রাখা হয়েছিল সেখানে ৬০ জনের বেশি মানুষের থাকার মতো একটি বড় হলরুম ছিল। আটকের আগে সবার স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নিবন্ধন করা হয়। তিনি বলেন, "এটি সব দিক থেকেই একটি জেলখানা ছিল, আমরা বাইরে যেতে পারতাম না।"

পুলিশ ও সরকারি কৌঁসুলিরা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটক শিবির বা ডিটেনশন ক্যাম্প নেই। তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য তৈরি একটি অস্থায়ী আটক কেন্দ্রে রয়টার্সের প্রতিবেদকরা ভেতরে কাপড় ঝুলতে এবং জানালা দিয়ে মানুষজনকে উঁকি দিতে দেখেছেন। কড়া নিরাপত্তাবেষ্টিত ওই চত্বরে একটি অ্যাম্বুলেন্স ও পুলিশের একটি ঢাকা ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ওই কেন্দ্রের বিপরীত দিকে বসবাসকারী মৌসুমী রায় জানান, দুই মাস আগে তিনি সেখানে বেশ কিছু মানুষকে নিয়ে আসতে দেখেছেন এবং বাইরে তাদের স্বজনদের কান্নাকাটি করতে দেখেছেন।

মানবাধিকার কর্মী কিরীটী রায় এ বিষয়ে বলেন, "ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা জমে আছে এবং মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় আছে। ট্রাইব্যুনালগুলোর কাজের গতি খুবই ধীর। যা ঘটছে তাতে আমরা পুরোপুরি হতাশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিপ বাম ব্যবহারের পর ঠোঁট ফাটার কারণ জানুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


লিপ বাম ব্যবহারের পর ঠোঁট ফাটার কারণ জানুন

ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, চামড়া ওঠা কিংবা ফেটে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নিয়মিত লিপ বাম ব্যবহার করেন। বিশেষ করে শীতকালে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে কেউ কেউ দিনে একাধিকবার এটি লাগান। তবে বারবার লিপ বাম ব্যবহারের পরও যদি ঠোঁটের শুষ্কতা না কমে, তাহলে ব্যবহৃত পণ্যের উপাদান নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত লিপ বাম ব্যবহারে সাধারণত ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয় না কিংবা ঠোঁটে এর ওপর নির্ভরশীলতা তৈরি হয় না। তবে কিছু লিপ বামে থাকা নির্দিষ্ট উপাদান ঠোঁটের সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া বা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এতে শুষ্কতা কমার পরিবর্তে আরও বেড়ে যেতে পারে। তাই লিপ বামের উপাদান নির্বাচন এবং ব্যবহারের সঠিক নিয়ম জানা জরুরি।

ঘন ঘন লিপ বাম ব্যবহারে কি ঠোঁট শুষ্ক হয়?

সাধারণভাবে বারবার লিপ বাম ব্যবহারের কারণে ঠোঁট শুষ্ক হয়ে যায় না। বরং ভালো মানের উপযুক্ত লিপ বাম ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে এবং বাইরের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে সুরক্ষা দিতে সাহায্য করে।

তবে কিছু লিপ বামে থাকা উপাদান ঠোঁটে অস্বস্তি তৈরি করতে পারে। ফলে লিপ বাম ব্যবহারের পর সাময়িক স্বস্তি মিললেও কিছুক্ষণ পর আবার ঠোঁট শুষ্ক, টানটান কিংবা অস্বস্তিকর হয়ে ওঠে। এভাবে একটি চক্র তৈরি হয়, যেখানে অস্বস্তি কমাতে বারবার লিপ বাম ব্যবহার করতে হয়।

ঠোঁটের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশ পাতলা। এছাড়া এতে সেবাসিয়াস গ্রন্থি নেই, যা প্রাকৃতিক তেল তৈরি করে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এ কারণে ঠোঁট সহজেই শুষ্ক হয়ে যেতে পারে।

ঠোঁট চাটার অভ্যাসও শুষ্কতার অন্যতম কারণ। লালা দ্রুত শুকিয়ে যাওয়ার সময় ঠোঁটের উপরিভাগ থেকে আর্দ্রতা কমিয়ে দেয়। আবার ঠোঁট চাটার পরপরই লিপ বাম লাগালে লালার মধ্যে থাকা হজমকারী এনজাইম ত্বকের সংস্পর্শে থেকে জ্বালাপোড়া বাড়াতে পারে।

লিপ বামের যেসব উপাদান বাড়াতে পারে শুষ্কতা

সব লিপ বাম ঠোঁটের সুরক্ষামূলক স্তর ভালো রাখার জন্য তৈরি হয় না। কিছু উপাদান সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া কিংবা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যেমন—

লিপ বাম ব্যবহারের পরও কেন ঠোঁট ফাটে?

লিপ বামের উপাদান ছাড়াও প্রতিদিনের কিছু অভ্যাস ঠোঁটের শুষ্কতা বাড়াতে পারে। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো বারবার ঠোঁট চাটা। এতে সাময়িকভাবে ঠোঁট ভেজা মনে হলেও লালা শুকিয়ে যাওয়ার পর আগের চেয়ে বেশি শুষ্কতা তৈরি হতে পারে। লালায় থাকা এনজাইমও ঠোঁটের সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।

অনেকের আবার ঠোঁটের উঠে যাওয়া চামড়া হাত দিয়ে টেনে তোলার অভ্যাস রয়েছে। এতে শুধু মৃত চামড়াই নয়, নিচের সুস্থ ত্বকও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে ঠোঁটের সুরক্ষামূলক স্তর দুর্বল হয়ে যায় এবং প্রদাহ কমতে বেশি সময় লাগে।

এছাড়া আবহাওয়ার প্রভাবও গুরুত্বপূর্ণ। শীতের ঠান্ডা বাতাস, কম আর্দ্রতা এবং ঘরের ভেতরে হিটার ব্যবহারের কারণে ঠোঁট থেকে আর্দ্রতা দ্রুত হারিয়ে যেতে পারে। এ কারণেই শীতকালে ঠোঁট ফাটার সমস্যা বেশি দেখা যায়।

দিনে কতবার লিপ বাম ব্যবহার করা উচিত?

ঠোঁটের যত্নে বারবার বিভিন্ন ধরনের লিপ বাম পরিবর্তন না করে ত্বকের জন্য উপযোগী একটি পণ্য বেছে নেওয়া ভালো। এমন লিপ বাম ব্যবহার করা উচিত, যাতে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি সুরক্ষামূলক স্তর ভালো রাখার উপাদান রয়েছে।

এ ক্ষেত্রে কয়েকটি উপাদান বিশেষভাবে কার্যকর হতে পারে—

সাধারণভাবে দিনে তিন থেকে চারবার লিপ বাম ব্যবহার করা অনেকের জন্য যথেষ্ট হতে পারে। বাইরে যাওয়ার আগে, খাবার খাওয়ার পর এবং রাতে ঘুমানোর আগে এটি লাগানো যেতে পারে। তবে ঠোঁট শুষ্ক থাকলে প্রয়োজন অনুযায়ী আরও ব্যবহার করা যায়।

দিনের বেলায় বাইরে বের হলে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিনযুক্ত লিপ বাম ব্যবহার করা উচিত। বিশেষ করে নিচের ঠোঁট সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে বেশি আসে। দীর্ঘদিন সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবে অ্যাকটিনিক কাইলাইটিস নামের সমস্যা দেখা দিতে পারে। এতে ঠোঁট ক্রমাগত শুষ্ক, খসখসে ও আঁশযুক্ত হয়ে ওঠে। এমন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ঠোঁটের শুষ্কতা দীর্ঘদিন স্থায়ী হলে, বারবার ফেটে রক্ত পড়লে কিংবা সাধারণ যত্নেও উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%