প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মিরপুরে নাশকতার সম্ভাবনা বিবেচনায় রাস্তার পাশে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও ২ লিটার কেরোসিন তেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। উদ্ধার করা ককটেলগুলো পরে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর-১ এর পাইকপাড়া আনছার ক্যাম্প এলাকার তানিম ভবনের সামনে ককটেল ও মশাল পড়ে থাকার তথ্য পান রাত্রীকালীন ডিউটিতে থাকা এসআই মো. ইমরান হোসেন। খবর পেয়ে মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) অবহিত করে।
পরবর্তীতে রাত ১টা ৪৫ মিনিটে তিনটি কাগজের ব্যাগ ও রাস্তা থেকে মোট ২০টি ককটেল, দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি ও ককশিট উদ্ধার করা হয়। এরপর রাত ২টা ২০ মিনিটে কল্যাণপুর হাক্কানী গলি সংলগ্ন নির্মাণাধীন ভবনের খোলা মাঠে গর্ত খুঁড়ে দুই দফায় ককটেলগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন