প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. রাসেল মিয়া (৩৭) নামে এক ব্যক্তি নিহত হন।
এটি ঘটেছে সোমবার (২২ জুন) সকাল ১১টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে। নিহত রাসেল মিয়া ওই গ্রামের কুতুব উদ্দিনের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল মিয়ার কাছে গ্রামের এক ব্যক্তির ৪ হাজার টাকা পাওনা ছিল। এ পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে সোমবার সকালে রামনগর গ্রামের সাইদুর রহমান, লাল মিয়া এবং মামুনসহ কয়েকজন রাসেলের ওপর চড়াও হন। এক পর্যায়ে তারা রাসেলকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে, কিন্তু তখন তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। পরে তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের করিমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুবীর কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিহত রাসেল মিয়া তার স্ত্রীর দায়ের করা একটি যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত (গ্রেপ্তারি পরোয়ানা) আসামি ছিলেন। সকালে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে মারপিট করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, কিন্তু শেষ রক্ষা হয়নি।'
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ ঘটনার জন্য থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন