প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় এখনও ২৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করে।
উত্তরাঞ্চলীয় শহর কারিবা থেকে কয়েকটি দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পে যাত্রী পরিবহনকারী ফেরিটি মঙ্গলবার প্রবল ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়।
জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর ঘোষণা করেছে।
জিম্বাবুয়ের সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) এক বিবৃতিতে উল্লেখ করে, ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন ক্রু সদস্য এবং কয়েকজন শিশু ছিলেন। কিন্তু ফেরিটির ধারণক্ষমতা ছিল মাত্র ৯০ জন।
নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।
সিপিইউ জানায়, ‘এ পর্যন্ত মাতুসাদোনহা উদ্ধারকারী দল ও অন্যরা ৭৭ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।’ সংস্থাটি আরও জানায়, ‘১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’
মরদেহগুলো সংগ্রহ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুটি ফিউনারেল পার্লারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনও প্রায় ২৭ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সিপিইউ আরও জানায়, নিখোঁজদের সন্ধানে সহায়তার জন্য একটি বিশেষায়িত জলযান উদ্ধারকারী ইউনিটকে বিমানযোগে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
কারিবা হ্রদটি জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত। রাজধানী হারারে থেকে হ্রদটির দূরত্ব ৩০০ কিলোমিটারের বেশি উত্তর-পূর্বে।
আয়তন নয়, জলধারণ ক্ষমতার দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ হিসেবে পরিচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন