প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে পারে। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, জুলাইয়ের শুরুতে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।
রাজধানী ঢাকায় মেট্রোরেলের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে। পাশাপাশি, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।
মতিঝিল স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় এক লাখ যাত্রী যাতায়াত করেন। কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু হলে যাত্রী সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পালন করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর আগে ডিএমটিসিএল জানায়, কমলাপুর পর্যন্ত অংশে আগামী জানুয়ারিতে পরীক্ষামূলক চলাচল শুরু হবে। এপ্রিলে যাত্রী নিয়ে ট্রেন চলাচলের পরিকল্পনা ছিল। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রকৌশলী জানান, কর্তৃপক্ষের উচ্চপর্যায় থেকে জুন-জুলাইয়ে মেট্রোরেল চালুর নির্দেশনা রয়েছে। তবে কিছু আনুষঙ্গিক কাজ বাকি রেখেই জুলাইয়ে মেট্রো চলাচল শুরু হতে পারে। এতে কোনো সমস্যা হবে না।
সরেজমিনে দেখা গেছে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের উড়ালপথ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে রেললাইন বসানোর কাজ চলছে। রেললাইনের দুই পাশে বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে। এসব খুঁটির ওপর তার টানা হবে।
নির্মাণকাজে যুক্ত প্রকৌশলীদের তথ্য অনুযায়ী, রেললাইন বসানোর কাজ প্রায় ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিদ্যুতের কাজের অগ্রগতি প্রায় ৪০ শতাংশ।
কমলাপুর স্টেশনে লিফট বসানো, সংকেতব্যবস্থা ও স্বয়ংক্রিয় ভাড়া আদায়ের যন্ত্রপাতি স্থাপন, টাইলস লাগানো, শৌচাগার নির্মাণ এবং পানির পাম্প বসানোর কাজ বাকি রয়েছে। ভাড়া আদায়ের ব্যবস্থাসহ কিছু যন্ত্রপাতি জাপান থেকে আসতে দেরি হতে পারে। এই কারণে চালুর সময় পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল প্রকল্পটি এমআরটি লাইন-৬ নামে পরিচিত। প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওয়াহাব জানান, মতিঝিল-কমলাপুর অংশের অবকাঠামো নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৮৫ শতাংশ। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু করা সম্ভব হবে।
তিনি আরও জানান, ঠিকাদারের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে। তবে নির্ধারিত সময়ের তিন মাস আগেই কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন