প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি, রিসাইক্লিং প্রতিষ্ঠান অ্যাটেরোর সঙ্গে তামা গলানোর কারখানার কাঁচামাল সংগ্রহের জন্য প্রায় ১০০ কোটি ডলারের তিন বছরের একটি চুক্তি সম্পন্ন করেছে। রয়টার্সের প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তির ফলে ভারতের দুষ্প্রাপ্য কাঁচামালের জন্য আমদানিনির্ভরতা হ্রাস পাবে।
সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে জানায়, প্রায় তিন মাস আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তবে বিষয়টি এতদিন অপ্রকাশিত ছিল। বর্তমান বাজারদরের ভিত্তিতে এর মূল্য প্রায় ১০০ কোটি ডলার। আদানি গ্রুপের পক্ষ থেকে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও রয়টার্স কোনো সাড়া পায়নি।
চুক্তির আওতায় আদানি এন্টারপ্রাইজেসের অঙ্গপ্রতিষ্ঠান ‘কচ্ছ কপার’ প্রতি মাসে অ্যাটেরোর কাছ থেকে ২ হাজার মেট্রিক টন তামার অ্যানোড কিনবে। এই পদক্ষেপের ফলে কারখানাটির আমদানিনির্ভরতা প্রায় ৫ শতাংশ কমবে বলে ধারণা করা হচ্ছে। নয়ডাভিত্তিক প্রতিষ্ঠান অ্যাটেরো মূলত ইলেকট্রনিক বর্জ্য ও ব্যাটারি পুনর্ব্যবহার করে গুরুত্বপূর্ণ খনিজ ও ধাতু পুনরুদ্ধার করে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা কচ্ছ কপারের জন্য তামার অ্যানোড উৎপাদন করবে।
গত বছর গুজরাটের মুন্দ্রায় অবস্থিত কচ্ছ কপার কারখানায় উৎপাদন শুরু করে আদানি এন্টারপ্রাইজেস। বর্তমানে কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ৫ লাখ টন, যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে কচ্ছ কপার হবে একক স্থানে অবস্থিত বিশ্বের বৃহত্তম তামা গলানোর কারখানা। ফলে কারখানাটির কাঁচামাল সংগ্রহের কৌশল নিয়ে শিল্প খাতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে চলতি মাসের শুরুতে চিলির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোডেলকোর সঙ্গেও একটি চুক্তি করেছে আদানি। এই চুক্তির আওতায় চিলির উত্তরাঞ্চলীয় আন্তোফাগাস্তা এলাকার ‘কাবুরকালা’ তামা অনুসন্ধান প্রকল্পের উন্নয়নে বিনিয়োগ করবে তারা, যা দীর্ঘমেয়াদে তামা সরবরাহের পথ সুগম করবে।
ভারতের কেন্দ্রীয় খনি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে বছরে প্রায় ১৩ লাখ টন তামা পরিশোধনের সক্ষমতা থাকলেও সব কারখানা পূর্ণ সক্ষমতায় না চলায় দেশটি এখনো আমদানিনির্ভর। সরকারি হিসাবে, ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু হওয়া অর্থবছরে ভারতে পরিশোধিত তামার উৎপাদন হয়েছে প্রায় ৭ লাখ ৪ হাজার টন, যা তার আগের অর্থবছরে ছিল ৫ লাখ ৭৩ হাজার টন।
অন্যদিকে, পণ্যবাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বিগমিন্টের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারতে মোট তামা আমদানি হয়েছে ৮ লাখ ৫৯ হাজার ৫০৯ টন, যা আগের অর্থবছরের তুলনায় ০.২ শতাংশ কম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন