প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে। এর জন্য ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে, যাতে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের জন্য একটি অনলাইন ডেটাবেজ তৈরির বিধান অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাবিত আইনে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পরিচিতি নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান সংসদে এসব তথ্য তুলে ধরেন। মন্ত্রী বলেন, প্রস্তাবিত সংশোধনী আইনে বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের জন্য একটি অনলাইন ডেটাবেজ তৈরির এখতিয়ার দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে সাংবাদিকদের পরিচিতি নিশ্চিত করা এবং পেশাগত মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।
প্রস্তাবিত আইনে সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক, প্রকাশক এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রকাশের অভিযোগে আর্থিক জরিমানা এবং শাস্তির বিধান রাখার প্রস্তাব রয়েছে। সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও জনরুচিবিরোধী সংবাদ এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তির ব্যবস্থা করার কথাও উল্লেখ করা হয়েছে।
এছাড়া, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন, জনস্বার্থ ক্ষুণ্ন হয় এমন সংবাদ প্রকাশ, গুজব, ভুয়া খবর বা ঘৃণামূলক বক্তব্য প্রচারের বিরুদ্ধে প্রেস কাউন্সিলের স্বতঃপ্রণোদিত তদন্ত, আদেশ প্রদান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুস সাত্তারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইনের সংশোধনী খসড়া তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
বর্তমানে দেশে ৩৯টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার চলছে। বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল চারটি রয়েছে। বেসরকারি ৫৬টি টেলিভিশন চ্যানেলকে অনাপত্তি দেওয়া হয়েছে, যার মধ্যে ৩৯টি সম্প্রচারে রয়েছে। এছাড়া ১৬টি আইপি টিভিকে অনাপত্তি দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন একটি চলমান প্রক্রিয়া। নতুন আবেদন আসলে তা যাচাই-বাছাই করে সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়।
বিএনপির সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে বিটিভিকে লাভজনক করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিটিভিতে প্রচারের জন্য জনপ্রিয় অভিনয়শিল্পীদের অভিনীত বিশেষ ও ধারাবাহিক নাটক, দেশীয় ও ডাবিং করা কার্টুন এবং তুর্কি ও ইরানি সিরিয়াল সংগ্রহ বা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পেশাদার অনুষ্ঠান নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এসব অনুষ্ঠান কিনে প্রচার করা হলে বিটিভির দর্শকপ্রিয়তা এবং রাজস্ব আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন গঠন করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, গত ১৮ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনাররা দায়িত্ব গ্রহণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন