প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনী, ১০ নভেম্বর, ২০২৬ : ফেনী শহরের বারাহীপুর গাজী ক্রস রোডের যে গাছটির নামকরণ করা হয়েছে ‘অচিন গাছতলা’। ৪শ’ বছর বয়সী এই গাছটির নাম এখনও স্থানীয়দের কাছে অজানা রয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, এটি একজন ওলি-কামেলের কবরের ওপর জন্মেছে এবং ধীরে ধীরে বিশাল আকার ধারণ করেছে।
অনেকে বিশ্বাস করেন, হযরত শাহজালাল (র.) এর অন্যতম সঙ্গী হিসেবে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে আসেন হযরত শিহাবুদ্দিন খন্দকার বোগাদাদী (র.)। তাঁর মৃত্যুর পর এখানে লাশ দাফন করা হয় এবং সেই কবরের ওপরেই গাছটি জন্ম নেয়। গাছটির শাখা প্রশাখা কিছুটা বাদামী রঙের। পাতাগুলি ঈষৎ লম্বা, বোঁটাযুক্ত এবং মসৃণ। ফুলগুলো গোলাকার, সামান্য হলুদাভ সাদা, যার শীর্ষে লাল রঙের কিছু ছিটা রয়েছে। ফলগুলো জোড়ায় জোড়ায় পত্রক থেকে বের হয়।
স্থানীয়রা জানান, একসময় ভয়ে কেউ এই গাছটির পাতাও ছিড়তোনা এবং কেউ কেউ একে ‘ভূতের গাছ’ বলতো। কথিত আছে, পাতা ছিড়লে নাকি রক্ত বের হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ভয় কেটে গেছে। এই গাছটিকে ঘিরে বারাহীপুর গাজী ক্রসরোড এলাকার নামকরণ হয়েছে অচিন গাছতলা। এখানে জামেউল উলুম শেহাবিয়া মাদরাসা ও এতিমখানা গড়ে উঠেছে, যেখানে ৫শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
ফেনী জিএ একাডেমির ৭ম শ্রেণির শিক্ষার্থী সুমনা আক্তারের বাসা অচিন গাছতলায়। তিনি জানান, এই গাছের নাম তিনি ছোটবেলা থেকে ‘ভুতের গাছ’ বা ‘অচিন গাছ’ হিসেবে শুনে আসছেন। সুমনা বলেন, একসময় শোনা যেত যে, এই গাছের পাতা ছিড়লে শরীর থেকে রক্ত বের হতো এবং ডাল কাটলে মানুষ মারা যেত। তবে এখন কেউ আর ভয় পায় না।
স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম রিপন (৪৪) বলেন, কিছুদিন আগে গবেষকরা গাছটির একটি নাম দিয়েছেন। তবুও সবাই একে ‘অচিন গাছ' নামেই চেনে।
অচিন গাছতলা খন্দকার বাড়ির বাসিন্দা জাফরুল ইসলাম (৬২) জানান, তারা ছোটবেলা থেকে মুরুব্বিদের কাছ থেকে একই তথ্য শুনে আসছেন। সকলেই একে ‘অচিন গাছ' বলেই উল্লেখ করেন। গাছটি মানুষের কাছে পবিত্র গাছ হিসেবে পরিচিত, তাই অনেকে এর পাতা ও ফল রোগ বালাই মুক্ত হওয়ার আশায় আল্লাহর নাম নিয়ে খায়।
জামেউল উলুম শেহাবিয়া মাদরাসা ও এতিমখানার ভাইস প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ এয়াকুব (৬০) বাসস’কে বলেন, একসময় মানুষ এই অচিন গাছের ডাল ও পাতা ধরতে ভয় পেতো। তিনি জানান, মাদরাসার ৪র্থ তলার কাজ করার সময় অনেক ডাল পালা কেটেছেন, কিন্তু কোনো সমস্যা হয়নি।
তিনি বলেন, হযরত শাহজালাল (র.) এর অন্যতম সঙ্গী হিসেবে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে আসেন হযরত শিহাবুদ্দিন খন্দকার বোগদাদী (র.)। তাঁর মৃত্যুর পর এখানে লাশ দাফন করা হয় এবং সেই কবরের ওপরেই গাছটি জন্ম নেয়।
স্থানীয় বাসিন্দা আজম চৌধুরী বাসস’কে জানান, কিছুদিন আগে গাছটির পাশে কবরস্থান সংলগ্ন সড়কে একটি গবেষণা প্রতিষ্ঠান একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। সেখানে গাছটির নাম বেনিয়া বা স্ট্রাংলার ডুমুর বা সাদা পাকুড় হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষকরা গাছটির বয়স আনুমানিক ৪শ’ বছরের বেশি বলে দাবি করেছেন। ধর্মীয় দিক বিবেচনায় গাছটি ‘পবিত্র বৃক্ষ’ হিসেবে চিহ্নিত বলেও সাইনবোর্ডে লেখা রয়েছে। তারা উল্লেখ করেছেন, গাছের শেকড় যেই কবরের ওপর বিস্তার লাভ করছে তা হযরত শিহাবুদ্দিন খন্দকার বোগদাদী (র.) এর কবর হিসেবে জনশ্রুতি রয়েছে। যিনি বাংলায় ৩শ’ ৬০ আউলিয়ার ১ জন হিসেবে পরিচিত।
সাবেক পৌর কাউন্সিলর ও অচিন গাছ তলা মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মো. ইউসুফ বাসস’কে জানান, গাছটিকে ঘিরে অনেক গল্প রয়েছে। আনুমানিক ৪শ’ বছর আগে এখানে ফকির আকবর শাহ নামে এক পীর দিনরাত ইবাদত করতেন। সে সময় বিভিন্ন জাতের পাখি তার কাছে আসত এবং ওইসব পাখির ফেলে যাওয়া বীজ থেকেই গাছটির জন্ম হয়েছে বলে তিনি শুনেছেন। তবে প্রাচীন এই গাছটি সংরক্ষণে সরকারিভাবে এখনও কোনো উদ্যোগ নেই বলে তিনি জানান।
৪শ’ বছরের এই প্রাচীন গাছটির নাম ‘সাদা পাকুড়’ বলে জানিয়েছেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোশাররফ হোসেন। তিনি বাসস’কে জানান, তিনি এই গাছটি নিয়ে দীর্ঘ সময় গবেষণা করেছেন এবং তার মতে এটি বিলুপ্ত প্রায় একটি প্রজাতি। ফলগুলোর রং সাদাটে বলেই হয়তো এর নাম হয়েছে সাদা পাকুড়। সাদা পাকুড়ের বৈজ্ঞানিক নাম ‘ফিকাস ভাইরেন্স’। বট বা পাকুড়ের মতো সাদা পাকুড় গাছ বিশাল হয় না, এটি মাঝারি আকারের বৃক্ষ। গাছ ১শ’ ফুট পর্যন্ত লম্বা হতে পারে, তবে আমাদের দেশে সাধারণত এত বড় সাদা পাকুড় গাছ দেখা যায় না।
শীতকাল এলে সব পাতা ঝরে যায় এবং গাছটি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু বসন্ত এলেই আবার নতুন পাতার পোশাক পরতে শুরু করে। একে কেউ কেউ বলে ‘স্ট্রেঙ্গলার ট্রি’, যার অর্থ ‘গলা টিপে ধরা গাছ’।
এই গাছে ফল হলেও সে ফলের বীজ অন্য গাছের ওপর গজায়। আর যে গাছের ওপর এর চারা জন্মায়, সে গাছকে আশ্রয় করে চারা বড় হতে থাকে। অন্য গাছের ওপর জন্মালেও সাদা পাকুড়েরও সাধ হয় মাটি ছুঁতে। তাই সে শিকড় মাটির দিকে নামাতে থাকে। শিকড় নামানোর সময়ই তার দুষ্টুমিটা শুরু হয়। শিকড়কে এমনভাবে ছাড়তে থাকে যে, সে আশ্রয়দাতা গাছকে একেবারে আষ্টেপৃষ্ঠে জালের মতো পেঁচিয়ে ধরে। একেবারে গলায় দড়ি দেয়ার মতো করে। আর তাতে আশ্রয়দাতা গাছটি সেসব শিকড়ের বাঁধনে আটকা পড়ে। কয়েক বছর সেই যন্ত্রণা সহ্য করে আশ্রয়দাতা গাছটি বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে। শেষে একদিন মরে যায়। ততদিনে সেই পাকুড় গাছ হয়ে যায় মহাবনস্পতি। সাদা পাকুড় আমাদের এই উপমহাদেশীয় একটি প্রজাতি।
গবেষণাকালে তিনি জেনেছেন ফেনী শহরের এই গাছটি এক সময় একটি খেজুর গাছকে পেঁছিয়ে বড় হয়েছিল। পরে খেজুর গাছটি মারা যায়। বিলুপ্ত প্রায় প্রজাতির এই সাদা পাকুড়টি সংরক্ষণে সরকারি উদ্যোগেরও দাবি জানান এই কলেজ শিক্ষক।
এই বিষয়ে জানতে চাইলে সামাজিক বন বিভাগ ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বাসস’কে জানান, বন বিভাগের পক্ষ থেকে তারা বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। এই জেলায় সংরক্ষণের মতো এখন পর্যন্ত কোনো স্মারক বৃক্ষের সন্ধান মিলেনি। স্থানীয়রা উদ্যোগ নিলে এই গাছটিকে বন বিভাগ ‘স্মারক বৃক্ষ’ হিসেবে ঘোষণা করে সংরক্ষণ করতে পারেন বলে তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন