প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যে, সন্তানরা মা-বাবার সম্পত্তি নয় এবং তাদের সঙ্গে মা-বাবার ইচ্ছামতো আচরণ করা যাবে না। আদালত একটি কাস্টডি মামলার শুনানিতে বলেছে যে, সন্তানের কল্যাণ মা-বাবার আইনি অধিকারের ঊর্ধ্বে।
বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অপরেশ কুমার সিংয়ের বেঞ্চ মাদ্রাজ হাইকোর্টের একটি আদেশ বাতিল করে দুই অপ্রাপ্তবয়স্ক ছেলের কাস্টডি তাদের বাবাকে দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। আদালত জানায়, একজন বাবা সন্তানের স্বাভাবিক অভিভাবক হতে পারেন, তবে এর মানে এই নয় যে তাকে সব সময় সন্তানের কাস্টডি দেওয়া হবে। আদালত জোর দিয়ে বলেছে, সন্তানের ইচ্ছা এবং সামগ্রিক কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোমবার আদালত এ পর্যবেক্ষণ করেন।
২০১৪ সালে তামিলনাড়ুর মাদুরাইয়ের এ দম্পতি আলাদা হয়ে যান এবং ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। তাদের ৫ বছরের দাম্পত্য জীবনে ১৬ ও ১৪ বছর বয়সী দুই ছেলে রয়েছে। ২০১৪ সাল থেকে দুই ছেলে তাদের মা এবং নানা-নানির সঙ্গে বসবাস করে আসছিল।
মাদ্রাজ হাইকোর্ট ২০২৪ সালে ছেলেদের কাস্টডি বাবাকে দেওয়ার পারিবারিক আদালতের একটি আদেশের পক্ষে রায় দিয়েছিল। পরবর্তীতে তাদের মা সুপ্রিম কোর্টে ওই আদেশকে চ্যালেঞ্জ করেন। সুপ্রিম কোর্ট পূর্বে মাদ্রাজ হাইকোর্টের রায়টি স্থগিত করে এবং সোমবার তা বাতিল করে। ফলে শিশু সন্তান দুটি তাদের মায়ের জিম্মায় থাকবে।
সুপ্রিম কোর্ট বাবা-মায়ের অনুপস্থিতিতে সন্তানদের সঙ্গে কথা বলেন, যে সময় দুজনেই বাবার পরিবর্তে তাদের মায়ের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করে। জানা গেছে, তারা জানিয়েছে যে শৈশবের শুরুতে বাবার সাথে মাত্র দুই বছরের মতো থাকার পর থেকে তারা বাবার সঙ্গে মাত্র চার বা পাঁচবার দেখা করেছে।
সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানান যে, উভয় সন্তানই তাদের পছন্দ স্পষ্টভাবে প্রকাশ করার মতো যথেষ্ট পরিপক্ব। আদালত আরো উল্লেখ করেন যে, বিক্রয়কর্মী হিসেবে কর্মরত তাদের মা একাই তাদের লালন-পালন এবং পড়াশোনার দায়িত্ব পালন করে আসছেন।
আদালত মন্তব্য করেন, ‘এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানবিক দিকগুলোও প্রাসঙ্গিক। সন্তানরা নিছক কোনো অস্থাবর সম্পত্তি নয় এবং তারা তাদের বাবা-মায়ের খেলনাও নয়।’ ‘অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০’-এর অধীনে আদালত উল্লেখ করেন যে, অভিভাবক নিয়োগের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের কল্যাণই সর্বাগ্রে বিবেচ্য। আদালত স্পষ্ট করেন যে, বাবাকে কাস্টডি দেওয়ার নীতিটি ব্যতিক্রম সাপেক্ষ এবং এটিকে সর্বজনীন নিয়ম হিসেবে গণ্য করা যাবে না।
বেঞ্চ আরো বলেন, আইনের অধীনে বাবার পাশাপাশি মা-ও একজন স্বাভাবিক অভিভাবক এবং কোনো সন্তান যদি যুক্তিসঙ্গত পছন্দ প্রকাশ করার মতো যথেষ্ট পরিপক্ব হয়, তবে আদালত সেই পছন্দকে বিবেচনায় নিতে পারেন। আদালত আরো পর্যবেক্ষণ করেন যে, বছরের পর বছর ধরে সন্তানদের সঙ্গে তাদের মায়ের একটি দৃঢ় আবেগঘন বন্ধন তৈরি হয়েছে এবং তাদের সেই পরিবেশ থেকে সরিয়ে নেওয়া তাদের সর্বোত্তম স্বার্থের অনুকূল হবে না। বরং এটি তাদের মানসিক ও শারীরিক সুস্থতা এবং পড়াশোনার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
একই সময়ে সুপ্রিম কোর্ট রায় দেন যে, সন্তানদের তাদের বাবার স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত করা উচিত নয়। আদালত নির্দেশ দেন যে, বাবাকে প্রতি মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদুরাইয়ের গান্ধী জাদুঘরে সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি দিতে হবে। মাকে এই সাক্ষাৎগুলোতে সহযোগিতা করার জন্য বলা হয়েছে।
এছাড়া পঙ্গল (তামিলনাড়ুর নবান্ন উৎসব) এবং স্কুলের অর্ধবার্ষিক ছুটির সময়ও বাবা সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি পাবেন, তবে শর্ত থাকে যে তিনি ফোন কল বা হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে মাকে আগে থেকেই তা জানাবেন।
আদালত আরো বলেন যে, প্রয়োজন অনুযায়ী সন্তানদের ভবিষ্যৎ পড়াশোনার খরচও বাবার বহন করা উচিত। বেঞ্চ উল্লেখ করেন যে, এই ব্যবস্থাগুলোর উদ্দেশ্য হলো সন্তানদের সঙ্গে তাদের বাবার একটি আবেগঘন বন্ধন গড়ে তুলতে সাহায্য করা, যেন তারা ভারসাম্যপূর্ণ মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে।
সূত্র : এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন