প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার একদিনের মাথায় অধ্যাপক মোহাম্মদ আকবর আলীর বদলি ও পদায়ন আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশাসনিক কারণ দেখিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের ক্রমিক নম্বর ০৪-এ উল্লেখিত অধ্যাপক (রসায়ন) মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি ও পদায়নের আদেশের সংশ্লিষ্ট অংশ প্রশাসনিক কারণে বাতিল করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।
এর আগে ২৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। আদেশ অনুযায়ী ২৮ সেপ্টেম্বর তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কার্যালয়ে যোগদান সম্পন্ন করেন।
এরপর বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে তিনি পূর্বধলা সরকারি কলেজে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকেও তাকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক আকবর আলী কলেজের শিক্ষক, কর্মচারী, সাংবাদিক ও ছাত্রনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তবে দায়িত্ব গ্রহণের পরদিনই আসে পদায়ন বাতিলের প্রজ্ঞাপন। এতে মাত্র একদিনের ব্যবধানে অধ্যক্ষের পদায়ন বাতিলের বিষয়টি নিয়ে পূর্বধলা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
অধ্যাপক মোহাম্মদ আকবর আলী এর আগে নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২২তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়।
দীর্ঘদিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অধ্যায়
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজ ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ হয়ে পূর্বধলা সরকারি কলেজে রূপ নেয়। জাতীয়করণের পর থেকে দীর্ঘ সময় ধরে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ফলে প্রায় আট বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বেই কলেজটির প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
এর আগে ২০২৫ সালের ১৫ এপ্রিল আনন্দমোহন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বাহারুল ইসলামকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছিল। তবে তিনি দায়িত্ব গ্রহণ না করেই ফিরে যান। ফলে ওই পদায়ন কার্যকর হয়নি।
দীর্ঘদিন পর অধ্যাপক মোহাম্মদ আকবর আলীর পদায়ন ও যোগদানের মধ্য দিয়ে কলেজটিতে পূর্ণাঙ্গ অধ্যক্ষের নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রম শুরুর সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু দায়িত্ব গ্রহণের পরদিনই সেই পদায়ন বাতিল হওয়ায় কলেজটির প্রশাসনিক নেতৃত্বের বিষয়টি আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে পদায়ন বাতিলের কারণ হিসেবে শুধু ‘প্রশাসনিক কারণে’ উল্লেখ করা হয়েছে। এর বাইরে সিদ্ধান্তের বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন