প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে গণিতের জটিল সমস্যা সমাধান থেকে শুরু করে সফটওয়্যার কোডিং—বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কাজের ক্ষেত্রে এআই দক্ষ হয়ে উঠছে। ভবিষ্যতে যদি এআই এসব কাজে মানুষের চেয়ে এগিয়ে যায়, তাহলে মানুষের ভূমিকা কী হবে? এই প্রশ্নের উত্তর দিতে সফটওয়্যার প্রতিষ্ঠান জোহোর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু প্রকৃতি, পরিচর্যা, সংস্কৃতি ও ধর্মগ্রন্থের সঙ্গে মানুষের আরও বেশি যুক্ত হওয়ার কথা উল্লেখ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এআই গবেষক সুব্বারাও কাম্ভম্পতির একটি পোস্টের প্রতিক্রিয়ায় ভেম্বু এসব কথা বলেন। কাম্ভম্পতি তার পোস্টে উল্লেখ করেন, ইতিহাসে প্রযুক্তিগত বিপ্লবের ফলে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাজ ও জীবিকার ধরন পরিবর্তিত হয়েছে। তবে এবারের পরিবর্তনের বিশেষত্ব হলো, এতে বুদ্ধিবৃত্তিক পেশায় যুক্ত ব্যক্তিরাও প্রভাবিত হচ্ছেন। পূর্বে যারা মূলত চিন্তা ও মেধাভিত্তিক কাজ করতেন, তারাও এখন কাজ হারানোর এবং পেশাগত গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কায় রয়েছেন।
ভেম্বু কাম্ভম্পতির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, যন্ত্রের ব্যবহার ও স্বয়ংক্রিয়তার কারণে একসময় কৃষক, তাঁতি, কাঠমিস্ত্রি ও কামারদের কাজের ধরন পরিবর্তিত হয়েছিল। বর্তমানে গণিতবিদ ও প্রোগ্রামারদের ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন শুরু হয়েছে।
তবে ভেম্বু এআইয়ের উন্নতিকে শুধুমাত্র কর্মসংস্থানের জন্য হুমকি হিসেবে দেখছেন না। তিনি মনে করেন, এআইয়ের সহায়তায় মানুষ নতুন নতুন কাজ শিখতে ও করতে সক্ষম হবে। উদাহরণ হিসেবে তিনি নিজের প্রতিষ্ঠানের এক কর্মীর কথা উল্লেখ করেন। ওই কর্মী প্রকৌশল বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও এআই ব্যবহার করে কম্পিউটার এইডেড ডিজাইন বা সিএডি তৈরি করতে সক্ষম হয়েছেন।
এআইয়ের যুগে মানুষের কাজ কী হবে?
যদি এআই গণিত ও কোডিংয়ের মতো জটিল কাজেও মানুষের চেয়ে দক্ষ হয়ে ওঠে, তাহলে মানুষের করণীয় কী—এমন প্রশ্নের জবাবে ভেম্বু প্রকৃতি ও ধর্মগ্রন্থের দিকে ফিরে তাকানোর কথা বলেন। এক্সে তিনি লেখেন, এআইয়ের যুগে মানুষের কাজের ক্ষেত্র হতে পারে প্রকৃতি, পরিচর্যা, সংস্কৃতি ও ধর্মগ্রন্থ। এসব ক্ষেত্রে মানুষের ব্যস্ত থাকা ও যুক্ত থাকার যথেষ্ট সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন। এ বিষয়ে তিনি আশাবাদীও।
এর আগে ভেম্বু এআইয়ের প্রভাবে মানুষের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। গত মাসে তিনি বলেছিলেন, এআই মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করলে ধর্মের গুরুত্ব আরও বাড়তে পারে। তার মতে, প্রকৃতি, পরিচর্যা, সংস্কৃতি ও ধর্মীয় চর্চা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
ভেম্বু কর্মসংস্থানে এআইয়ের প্রভাব নিয়েও একাধিকবার সতর্ক করেছেন। তার আশঙ্কা, কম্পিউটারনির্ভর প্রায় সব পেশাই এআইয়ের কারণে পরিবর্তনের মুখে পড়তে পারে। তিনি উল্লেখ করেন, একজন কর্মী এআই ব্যবহার করে আগে ১০ জনের কাজ করতে সক্ষম হবে—এমন সম্ভাবনা রয়েছে।
তবে তার মতে, এর অর্থ এই নয় যে ভবিষ্যতে কাজের সুযোগ কমে যাবে। বরং যেসব প্রতিষ্ঠান আগে সফটওয়্যার প্রকৌশলী বা ডিজিটাল বিপণনকর্মী নিয়োগের সামর্থ্য রাখত না, তারা এআইয়ের কারণে উৎপাদনশীলতা বাড়লে নতুন করে এসব পদে লোক নিয়োগ করতে সক্ষম হবে। এই পরিবর্তন অর্থনীতিতে সাময়িক চাপ তৈরি করলেও দীর্ঘ মেয়াদে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বলে তিনি মনে করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন