প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের কারণে ইউসুফ হোসেন নামের এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার, উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এই ঘটনাটি ঘটে। নিহত ইউসুফ কনকাপৈত বাজারের নিকটবর্তী কনকাপৈত দক্ষিণ পাড়ার ব্যাংক কর্মকর্তা কাজী একরামের ছোট ভাই ছিলেন।
স্থানীয় সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার দুপুরে ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত কাজী মো. ইউসুফ এলাকায় ইসলামী সংগীতশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। তবে সম্প্রতি জীবিকার তাগিদে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ শুরু করেন।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, গত দুই-তিন দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের 'ফারিহা এন্টারপ্রাইজ'-এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের মালিকানাধীন ট্রাক্টরচালকের সঙ্গে ইউসুফের বাকবিতণ্ডা হয়। ওই সময় আবুল কালাম আজাদ ইউসুফকে আমজাদের বাজারের সীমানায় না যাওয়ার জন্য হুমকি দেন।
সোমবার সকালে কাজী ইউসুফ যখন আমজাদের বাজারে যান, তখন ফারিহা এন্টারপ্রাইজের আবুল কালাম আজাদ ও তাঁর সঙ্গীরা তাঁর ওপর হামলা চালান। হামলার ফলে ইউসুফ মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী জানান, ‘ইউসুফ হোসেন নামে অসুস্থ এক ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে এসেছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।’
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, ‘ট্রাক্টরে বালু লোড-আনলোড নিয়ে কাজী ইউসুফ নামের এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়েছিল। সকালে আমজাদের বাজারে গেলে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে; তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন