প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের, লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। সংস্থাটি দাবি করেছে যে, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পর অনেক মুসলিম নাগরিককে ‘বিদেশি’ আখ্যা দিয়ে অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার ইউএসসিআইআরএফের চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত সরকার ভোটার তালিকা থেকে মুসলিম নাগরিকদের নাম বাদ দিয়ে তাঁদের বিদেশি হিসেবে চিহ্নিত করছে। এখন তাঁদের অবৈধভাবে দেশ থেকেও বের করে দেওয়া হচ্ছে।’
ভারতে সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের সময় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। এই সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার কাছাকাছি, যা দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে সবচেয়ে বড় আকারের নাম বাদ দেওয়ার ঘটনা।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সংশোধনের ফলে ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও বঞ্চনামূলক নীতির প্রবণতা বেড়েছে।
তবে ভারতের নির্বাচন কমিশন দাবি করেছে যে, ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত, একাধিকবার নিবন্ধিত এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে। কমিশন আরও জানিয়েছে যে, ভুলবশত কারও নাম বাদ পড়লে তিনি আপিলের সুযোগ পাবেন।
এদিকে ভোটার তালিকা সংশোধনের বিষয়টি ভারতে অবৈধ অভিবাসী শনাক্ত ও বহিষ্কারের পৃথক উদ্যোগের সঙ্গে জড়িয়ে পড়েছে। তবে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়া মানেই তিনি বিদেশি নাগরিক—এমন প্রমাণ প্রতিষ্ঠিত হয় না।
ইউএসসিআইআরএফের কমিশনার জিন মিলস বলেছেন, ‘শুধু মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারত সরকারের নিজ দেশের নাগরিকদের বহিষ্কার করা সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার কৌশলে ভয়াবহ মাত্রা যোগ করেছে।’
এই পরিস্থিতিতে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং মার্কিন সরকারের কাছে নীতিগত সুপারিশ প্রদান করে। তবে এসব সুপারিশ বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে সংস্থাটির সাম্প্রতিক সুপারিশগুলো বাস্তবায়নে ওয়াশিংটন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফকে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছে। নয়াদিল্লি এর আগেও এ ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করে একে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।
ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে বিক্ষোভ হয়েছে। বিরোধী রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের অভিযোগ, সংশোধনের ফলে বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম—এমন মানুষদেরই বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিক্ষোভ দমনে সরকারের পদক্ষেপেরও সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।
এর আগে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ হিসেবে উল্লেখ করে বলেন, এ নিয়ে ওয়াশিংটন কোনো মন্তব্য করবে না।
জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোও অভিযোগ করে আসছে, মোদি সরকারের আমলে ভারতে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়েছে। তাদের প্রতিবেদনে বিদ্বেষমূলক বক্তব্যের বিস্তার, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা ও বাড়িঘর উচ্ছেদ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইনের বিষয়গুলো উঠে এসেছে।
জাতিসংঘ ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনটিকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে অভিহিত করেছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এসব পদক্ষেপ ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকারের জন্য উদ্বেগ তৈরি করছে।
তবে ভারতের সরকার বৈষম্যের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, খাদ্য ভর্তুকি ও বিদ্যুতায়ন কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উদ্যোগ সব সম্প্রদায়ের মানুষের উপকারে আসছে।
এদিকে যুক্তরাষ্ট্রেও মুসলিমদের সঙ্গে আচরণ নিয়ে নাগরিক অধিকার সংগঠনগুলোর সমালোচনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ইসলামবিদ্বেষ বেড়েছে বলে উল্লেখ করে এসব সংগঠন নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান নেতাদের মুসলিমবিরোধী বক্তব্যের বিস্তার নিয়েও উদ্বেগ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন