প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে। উৎসবটির প্রতিযোগিতামূলক বিভাগে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্থান করে নিয়েছে। নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত হয়েছে ‘ওরিজন্তি’ প্রতিযোগিতা বিভাগে।
বুধবার (২ সেপ্টেম্বর) ইতালির লিডো দি ভেনেজিয়ায় ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছে। এবারের আয়োজন ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিশ্বের খ্যাতিমান তারকা, নির্মাতা ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের উপস্থিতির মধ্যে বাংলাদেশের এই অর্জন আলাদা করে নজর কাড়ছে। রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবের ‘ওরিজন্তি’ প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। এই উৎসবেই সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রি’ ভেনিসে নির্বাচিত হয়েছিল। তবে বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা এবারই প্রথম উৎসবটির প্রতিযোগিতামূলক বিভাগে স্থান পেল। তাই দেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক যাত্রায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর এই অংশগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি ঢাকার এক নববধূকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। বিয়ের প্রস্তুতির সময় সৌন্দর্যচর্চা, পারিবারিক প্রত্যাশা ও সামাজিক চাপের পাশাপাশি তার চরিত্র অস্বাভাবিক শারীরিক ও মানসিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে থাকে। গল্পে বাস্তবতার সঙ্গে অতিপ্রাকৃত আবহও মিশে রয়েছে।
অন্যদিকে বাংলাদেশের এই ঐতিহাসিক অংশগ্রহণের পাশাপাশি এবারের ভেনিস উৎসব তারকাবহুল আয়োজনে শুরু হয়েছে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ব্রিটিশ নির্মাতা ড্যানি বয়েলের ‘ইঙ্ক’। রুপার্ট মারডকের সংবাদমাধ্যম সাম্রাজ্য ও এর প্রভাবকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার উদ্বোধনী রাতে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী আয়োজনে বিশেষ সম্মান পেয়েছেন হলিউড তারকা জর্জ ক্লুনি। অভিনয় ও চলচ্চিত্র নির্মাণে দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে উৎসবের আজীবন সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ তার হাতে তুলে দেওয়া হয়েছে।
তবে আন্তর্জাতিক তারকাদের ঝলক ও জমকালো আয়োজনের ভিড়ে এবারের ভেনিসে বাংলাদেশের উপস্থিতিই দেশের দর্শকদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ। ১২ সেপ্টেম্বর উৎসবের পর্দা নামার আগে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঘিরে দেশের চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ আরও বাড়বে বলেই প্রত্যাশা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন