০৮:৪২ পি.এম
আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকার ৭০ সালা মহাসম্মেলন, যা ব্যাপকভাবে প্রত্যাশিত। এই মহাসম্মেলনে প্রায় ২০ হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। ইতোমধ্যে ধুপখোলা মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যা প্রায় ৮ একরজুড়ে বিস্তৃত। বিদেশি উলামায়ে কেরামও ধীরে ধীরে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন।
সম্মেলনের জন্য মাঠে বিভিন্ন আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে স্টেজ, প্যান্ডেল, ওয়েটিং রুম, তথ্য যাচাই কাউন্টার, পাগড়ি জোন, স্টল মার্কেটিং, স্বেচ্ছাসেবক কাউন্টার, উপস্থিতি ও জরুরি নিবন্ধন কাউন্টার, মিডিয়া কাউন্টার এবং মাঠের প্রবেশপথ ও অভ্যন্তরীণ অন্যান্য ব্যবস্থা।
আমন্ত্রিত বিদেশি মেহমানদের মধ্যে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান মাদরাসা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি, ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি, মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা ফয়সাল নাদিম এবং মাওলানা সাইয়িদ আজহার মাদানী।
আরও পড়ুন: মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিদেশি রিভলভার, গুলি ও বিপুল মাদকসহ গ্রেপ্তার ৪
এছাড়া সম্মেলনে অংশ নিতে আসছেন মাওলানা ইলিয়াস ঘুম্মান, মাওলানা আওরঙ্গজেব ফারুকি, মুফতি আবুল কাসেম নোমানীসহ অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরাম।
সম্মেলনের প্রথম দিন বিকেল ৪টায় শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল।
প্রথম দিনের আয়োজনে বক্তব্য রাখবেন পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি এবং জামিয়া ফরিদাবাদের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি আবু সাঈদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাদীসের সবক পড়াবেন শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি।
প্রথম দিনেই প্রায় তিন হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। এই উপলক্ষে ঢাকার বাইরের ফুজালাগণ ইতোমধ্যে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন এবং তাদের মধ্যে অনেকেই ঢাকায় পৌঁছেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে জাল ভিসা তৈরির সরঞ্জামসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন