প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় একটি নতুন পরীক্ষামূলক ওষুধ আশার আলো দেখাচ্ছে। প্রতিদিন একটি করে খাওয়ার এই ওষুধটি কেমোথেরাপির সঙ্গে ব্যবহার করে প্রাথমিক পর্যায়ের একটি পরীক্ষায় কয়েকজন রোগীর টিউমার সঙ্কুচিত হয়েছে। এমনকি ১২ জন রোগীর মধ্যে একজনের শরীরে স্ক্যানে ক্যানসারের অস্তিত্বও আর দেখা যায়নি।
ডারাক্সনরাসিব নামক এই ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগে এমন ফলাফল পাওয়া গেছে। গবেষণায় অংশ নেওয়া ৬১ জন রোগীর সবার অগ্ন্যাশয়ের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল এবং সম্প্রতি তাদের রোগ শনাক্ত হয়েছিল। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, প্রায় সকল রোগীর ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি থেমে গেছে।
তবে নতুন এই চিকিৎসা কতদিন ক্যানসার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে, তা এখনো নিশ্চিত নয়। চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, এই ফলাফলকে ক্যানসার নিরাময়ের প্রমাণ হিসেবে দেখার সময় আসেনি।
কয়েক দশকের মধ্যে বড় অগ্রগতি
ক্যানসার রিসার্চ ইউকে নতুন এই গবেষণার ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছে।
সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে জানিয়েছেন, পরীক্ষার ফল অত্যন্ত আশাব্যঞ্জক। তার ভাষায়, ‘নতুন এই ওষুধ এমন একটি বিষয়কে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণের পথ খুঁজে পেয়েছে, যাকে এত দিন ওষুধ দিয়ে লক্ষ্যবস্তু করা কঠিন ছিল।’
তিনি আরও বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় দীর্ঘদিন ধরে যে অগ্রগতির অপেক্ষা ছিল, অবশেষে তার দেখা মিলছে।
যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসারে রোগীদের বেঁচে থাকার হার সবচেয়ে কম। এই ক্যানসারের চিকিৎসাও অত্যন্ত কঠিন। কেমোথেরাপির মাধ্যমে টিউমার কিছুটা ছোট করা সম্ভব হলেও অনেক ক্ষেত্রে পরে তা আবার বাড়তে শুরু করে। রোগটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে অধিকাংশ রোগী কয়েক মাস বাঁচেন, বছরের পর বছর নয়।
চিকিৎসকদের আশা, নতুন ওষুধটি ক্যানসার পুরোপুরি নির্মূল করতে না পারলেও রোগীদের বেঁচে থাকার সময় বাড়াতে সহায়তা করতে পারে।
পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময়ে কয়েকজন রোগীর শরীরে ক্যানসার আর ফিরে আসেনি। তবে রোগটি দীর্ঘ সময় নিয়ন্ত্রণে রাখা কিংবা পুরোপুরি প্রশমিত করা সম্ভব কি না, তা নিশ্চিত হতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন