প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাটি ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (২২ নভেম্বর) ওই মামলার চার্জশিট জমা দেওয়ার সময় একাধিক অসংগতি ধরা পড়ে। পরে পুলিশ চার্জশিটটি ফেরত নিয়ে ত্রুটি সংশোধন করে পুনরায় জমা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
ঘটনার প্রায় তিন মাস পর রবিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আলোচিত এ হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দিতে যায়। তবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ চার্জশিট জমা দেওয়ার পূর্বে যাচাই-বাছাইয়ের সময় একাধিক অসংগতি ধরা পড়ে। এরপর তদন্ত কর্মকর্তা সংশোধনের জন্য চার্জশিটটি ফিরিয়ে নেন। সরকারি কৌঁসুলির (পিপি) আপত্তি এবং চার্জশিটের ত্রুটি সামনে আসার পর আদালতপাড়া ও আইনজীবীদের মধ্যে সমালোচনা শুরু হয়।
আদালত সূত্রে জানা যায়, রবিবার মামলার চার্জশিট নিয়ে আদালতে যান তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক জিন্নাত আলী। এ সময় বিচারক রফিকুল ইসলাম পিপির মতামত নিয়ে চার্জশিট জমা দেওয়ার পরামর্শ দেন। যাচাই-বাছাইয়ের সময় চার্জশিটে সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বিভিন্ন বিষয়ে অসংগতি ধরা পড়ে।
এছাড়া চার খুনের ঘটনাকে ‘চুরির ঘটনা’ হিসেবে উল্লেখ করার বিষয়টিও সামনে আসে। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে তদন্ত কর্মকর্তা কাগজপত্র নিয়ে আদালত চত্বর ত্যাগ করেন।
চার্জশিটের খসড়ায় উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস মিলে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও শিশুপুত্রকে শ্বাসরোধে হত্যা করেছেন। তবে শুরু থেকেই নিহতদের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারেন বলে দাবি করে আসছেন। তাদের অভিযোগ, তদন্তে এ বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি এবং চার্জশিটও পূর্ণাঙ্গভাবে তৈরি করা হয়নি।
এ প্রসঙ্গে রংপুর মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল বলেন, চার্জশিটে ত্রুটি থাকায় সেটি সংশোধন করতে বলা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, প্রতিবেদনে কিছু সমস্যা দেখা দেওয়ায় সেটি আবার পর্যালোচনা করে জমা দেওয়া হবে। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে এ মামলায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর ওই দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার আসামিদের বন্ধু সীমান্ত দাস, দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত এবং মাদক সরবরাহকারী শান্ত দাস ওরফে পুঁটি শান্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে দুই আসামি রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। পুলিশ জানায়, সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে দুই আসামির উপস্থিতির প্রমাণ মিলেছে। তবে ঘটনার নয় দিন পর তাদের ডোপ টেস্ট করা হলেও মাদক সেবনের কোনো আলামত পাওয়া যায়নি।
এদিকে, মাত্র দুজনের পক্ষে একাই চারজনকে হত্যা করা অবিশ্বাস্য দাবি করে নেপথ্যে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকারকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন