ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন


রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মহিলা ক্লাবের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান, নৃত্য এবং তাদের রচিত কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। এই পরিবেশনার মাধ্যমে দুই কবির সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক অবদানকে তুলে ধরা হয়।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে বিএনপির র‍্যালি, অংশগ্রহণের আহ্বান জামাল আহমদের

রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক নুসরাত জাহান রানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

তিনি মন্তব্য করেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাদের সৃষ্টি ও কর্মের মাধ্যমে বাংলা সাহিত্য এবং উপমহাদেশের ইতিহাসে অনন্য অবদান রেখেছেন। সাম্য, মানবতা, নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। তাদের শুধু জন্মজয়ন্তীতে নয়, নিজেদের চিন্তা, বিশ্বাস ও কর্মের মধ্য দিয়ে প্রতিনিয়ত স্মরণ করতে হবে।

উপাচার্য আরও জানান, মহিলা ক্লাবের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। সংগঠনটির কার্যক্রমের উত্তরোত্তর উৎকর্ষতা কামনা করে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মহিলা ক্লাবের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

মহিলা ক্লাবের সভাপতি সানজিদা আহমেদ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম ভিন্নধারার কবি হলেও বাংলা সাহিত্য ও মানবতার জগতে দুজনই সমানভাবে গুরুত্বপূর্ণ। নজরুলের সাম্য, বিদ্রোহ ও মানবতাবাদী চেতনা এবং রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন আমাদের আলোকিত সমাজ গঠনে অনুপ্রাণিত করে।

আরও পড়ুন: মধুপুরে টনসিল অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, কলেজ পরিদর্শক অধ্যাপক ড. আমীরুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ছাবেরুজ্জামান, মহিলা ক্লাবের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাবি ছাত্রদলের রচনা প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাবি ছাত্রদলের রচনা প্রতিযোগিতা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রথম পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার বিষয় হবে ‘৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। প্রতিযোগীদের রচনা লিখতে হবে এই বিষয়কে কেন্দ্র করে। রচনার জন্য শব্দ সীমা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে। রচনাটি অবশ্যই প্রতিযোগীর নিজস্ব হতে হবে এবং নির্ধারিত বিষয় অনুসরণ করে লিখতে হবে।

শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য নাম, ব্যাচ, বিভাগ, হল, ই-মেইল ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত পরিচয় উল্লেখ করতে হবে। রচনা বাংলায় টাইপ করে পিডিএফ ফাইল আকারে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলের Subject-এ নাম ও ব্যাচ উল্লেখ করার জন্য বলা হয়েছে।

রচনা জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। আগামী ৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রচনা জমা দেওয়া যাবে। রচনা পাঠাতে হবে [email protected] ই-মেইল ঠিকানায়।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা দেওয়া হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের সঙ্গে ক্রেস্ট ও সনদও দেওয়া হবে। চতুর্থ থেকে ২০তম স্থান অর্জনকারী মোট ১৭ জনকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। প্রথম ২০ জনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এ বিষয়ে বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। শিক্ষার্থীদের এ দিনের ইতিহাস সম্পর্কে জানানো এবং এর চর্চা ও বিশ্লেষণের সুযোগ তৈরি করতেই আমরা এই রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি। ইতোমধ্যে প্রতিযোগিতাটি নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা আশা করছি, সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও এটি আরও ব্যাপকভাবে সাড়া ফেলবে এবং শিক্ষার্থীদের জ্ঞান ও ইতিহাসচর্চায় প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গোয় বিদ্রোহী মিলিশিয়াদের হামলায় ৩৩ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


কঙ্গোয় বিদ্রোহী মিলিশিয়াদের হামলায় ৩৩ বেসামরিক নাগরিক নিহত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে এক রাতের ভয়াবহ হামলার ফলে অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্ধৃতি দিয়ে জানা যায়, ইসলামিক স্টেট (আইএস)-এর সাথে যুক্ত মিলিশিয়ারা এই বর্বর হামলা পরিচালনা করেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সশস্ত্র হামলাকারীরা হঠাৎ করে একটি গ্রামে প্রবেশ করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে এবং বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলার ফলে ৫০টিরও বেশি বাড়ি পুড়ে যায়। এই আকস্মিক সহিংসতার কারণে আতঙ্কিত গ্রামবাসীরা ঘরবাড়ি ত্যাগ করে পার্শ্ববর্তী বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, এই হামলা এমন একটি সময়ে ঘটেছে যখন ওই অঞ্চলে ইতিমধ্যেই ইতিহাসের অন্যতম দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে। সহিংসতার কারণে জরুরি স্বাস্থ্যসেবা এবং ইবোলা প্রতিরোধ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এটি উল্লেখযোগ্য যে, ইসলামিক স্টেট (আইএস)-এর সাথে সংশ্লিষ্ট এডিএফ বিদ্রোহী গোষ্ঠীটি গত কয়েক বছর ধরে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে ভয়াবহতা সৃষ্টি করে আসছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের প্রতিবেদন অনুযায়ী, সশস্ত্র এই গোষ্ঠীটি কঙ্গোতে সবচেয়ে বিপজ্জনক দলগুলোর মধ্যে একটি এবং গত বছরেই তারা দেশটিতে হাজারেরও বেশি সাধারণ নাগরিকের প্রাণ কেড়েছে।

এই সহিংসতা দমনে কঙ্গো ও উগান্ডার যৌথ সামরিক বাহিনী ২০২১ সাল থেকে অঞ্চলটিতে অভিযান চালিয়ে আসছে, তবে বিদ্রোহী দমনের এই লড়াইয়ে বেসামরিক লোকজনের প্রাণহানি থামানো যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপথগামী যুবসমাজকে আলোর পথে ফেরাতে ইসলামি অনুশাসন জরুরি: ড. খন্দকার মারুফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


বিপথগামী যুবসমাজকে আলোর পথে ফেরাতে ইসলামি অনুশাসন জরুরি: ড. খন্দকার মারুফ

বিপথগামী যুবসমাজকে আলোর পথে ফেরাতে ইসলামি অনুশাসন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি উল্লেখ করেছেন, আইনশৃঙ্খলার উন্নতি ও মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামি অনুশাসনের গুরুত্ব অপরিসীম। সমাজে বিরাজমান বিশৃঙ্খলা দূর করে শান্তিময় পরিবেশ ফিরিয়ে আনতে পবিত্র কুরআনের নির্দেশনা ও নবী মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর আলোকে সমাজ গঠন করা প্রয়োজন। মসজিদ-মাদ্রাসায় ইসলামি বিশেষজ্ঞ আলেমদের বক্তব্য আদর্শবান ও বিশ্বাসী মানুষ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে দাউদকান্দি উপজেলার আটিপাড়া দারুল উলুম নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ পবিত্র কুরআনের সূরা মায়েদার ৯০ ও ৯১ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহ ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শর—এসব শয়তানের অপবিত্র কাজ এবং এগুলো থেকে বেঁচে থাক, যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। শয়তান তো চায়, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে। অতএব, তোমরা কি এগুলো থেকে বিরত থাকবে না?’

তিনি আরও বলেন, ‘ইসলামের পণ্ডিত ব্যক্তিগণ মসজিদের মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মাদক তথা হারাম বস্তু সম্পর্কে কুরআন-হাদিসের নির্দেশনা উপস্থাপন করলে মানুষ অনেক বেশি সোচ্চার হবে।’

ড. খন্দকার মারুফ বলেন, ‘ভাবতে কষ্ট হচ্ছে, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে হালাল পণ্যের মতো অবাধে ইয়াবাসহ বিভিন্ন নামের মাদকদ্রব্য অবাধে বেচাকেনা হচ্ছে। কোনো রাখঢাক নেই। মাদকের মরণ নেশা থেকে যুবক ও কিশোরদের ফেরাতে হবে।’

তিনি উল্লেখ করেন, ‘মাদকাসক্ত যুবসমাজ কখনো দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। এরা সমাজের কলঙ্ক, বোঝা। মাদককে সবাই ‘না’ বলুন। সামাজিকভাবে এদের বয়কট করুন। আইনশৃঙ্খলার উন্নতি এবং দেশের সমৃদ্ধির জন্য নেশাগ্রস্তরা মারাত্মক অন্তরায়। বিপথগামী যুবক ও কিশোরদের ইসলামের আলোর পথে ফেরাতে হবে, তাহলেই জাতি দ্রুত শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধির দিকে সহজে এগিয়ে যাবে।’

ড. খন্দকার মারুফ বলেন, ‘আমরা নবী মুহাম্মদ (সা.)-এর উম্মত হয়ে অত্যন্ত গর্ববোধ করি। ইসলাম মাদক তথা নেশাদ্রব্যকে হারাম করেছে। মাদক কখনো মুসলমান সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। মাদকের আশঙ্কাজনক বিস্তার খুবই উদ্বেগ-উৎকণ্ঠার।’ মুসলিম ও তিরমিজি শরিফে বর্ণিত বিভিন্ন হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.) বলেছেন, নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। নবীজি আরও বলেছেন, যে বস্তু বেশি নেশা সৃষ্টি করে, তা পরিমাণে কম হলেও হারাম।’

মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপি নেতা খন্দকার মারুফ বলেন, ‘ভয়াবহ মাদকের মরণ ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। সকল শ্রেণির মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে। আসুন, আমরা মাদকসেবী ও মাদক কারবারীদের বর্জন করি। মাদকের ব্যবহার ও কেনাবেচা বন্ধ করে আলোকিত সমাজ গঠন করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।’

তিনি কিশোর গ্যাংয়ের ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দেন এবং তা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের অভিজাত শ্রেণির মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহীনুর, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, বিএনপি নেতা আলী আকবর, ইব্রাহীম খলিল ও ইয়াকুব আলী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা সম্প্রসারণ করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


চার দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা সম্প্রসারণ করলো সৌদি আরব

সৌদি আরব চারটি দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে। এর ফলে, এসব দেশের নাগরিকরা সৌদি আরবে ভ্রমণের সুযোগ পাবেন, যা পর্যটনসহ অন্যান্য উদ্দেশ্যে হতে পারে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুনভাবে এই চারটি দেশের নাম প্রকাশ করেছে। দেশগুলো হলো—মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়া।

প্রয়োজনীয় যোগ্যতা ও বিধিমালা অনুযায়ী, এসব দেশের নাগরিকরা এখন সৌদি আরবে ভ্রমণের জন্য পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। পর্যটন ভিসার মাধ্যমে ভ্রমণকারীরা একাধিক উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের সুযোগ লাভ করবেন।

এতে অন্তর্ভুক্ত রয়েছে–বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ, ওমরাহ পালন, প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণ এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ।

অফিসিয়াল ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই চার দেশের যোগ্য নাগরিকরা যেসব ভিসা সুবিধা পাবেন, সেগুলো হলো–ই-ভিসা, নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসা।

প্রতিটি ভিসা ক্যাটাগরির জন্য সুনির্দিষ্ট শর্তাবলী, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়মকানুন প্রযোজ্য হবে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের সুযোগ বৃদ্ধি করা এবং পর্যটন, ধর্মীয় সফর ও ব্যবসা সংক্রান্ত উদ্দেশ্যে দেশটিতে যাতায়াত আরও সহজ করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%