প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংগীতজীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে বিশাল আয়োজন নিয়ে ফিরছেন অরিজিৎ সিং। ২০২৭ সালে ভারতের নয়টি শহরে কনসার্ট করার পরিকল্পনা করেছেন জনপ্রিয় এই গায়ক। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে চলবে তার এই বিশেষ সফর। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ভারতের আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুনে, ইন্দোর ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে কনসার্টগুলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি অরিজিতের সবচেয়ে বড় ভারত সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
৯ জানুয়ারি আহমেদাবাদে কনসার্টের মাধ্যমে সফর শুরু করবেন অরিজিৎ। এরপর ২৩ জানুয়ারি চণ্ডীগড় এবং ৭ ফেব্রুয়ারি জয়পুরে পারফর্ম করবেন তিনি।
২০ ফেব্রুয়ারি মুম্বাই, ১৩ মার্চ বেঙ্গালুরু এবং ২৭ মার্চ নয়াদিল্লিতে তার কনসার্ট অনুষ্ঠিত হবে। এরপর ১০ এপ্রিল পুনে, ১ মে ইন্দোর এবং ১৫ মে হায়দরাবাদে দর্শকদের সামনে গান গাইবেন তিনি।
কনসার্টে অরিজিতের জনপ্রিয় গান ‘তুম হি হো’, ‘আগর তুম সাথ হো’ ও ‘বিদা করো’-সহ আরও অনেক গান শোনার সুযোগ পাবেন ভক্তরা।
এই সফর সম্পর্কে অরিজিৎ বলেন, সংগীতের ২০ বছর তার জন্য কৃতজ্ঞতার একটি দীর্ঘ যাত্রা। তার মতে, এই পথচলার সবচেয়ে বড় প্রাপ্তি শ্রোতারা, যারা গানগুলোকে নিজেদের মতো করে ভালোবাসা দিয়েছেন।
টিম ইনোভেশনের প্রযোজনা ও প্রচারণায় আয়োজিত হবে কনসার্টগুলো। টিকিট বিক্রি হবে শুধুমাত্র থাম্পএন-এর মাধ্যমে। বড় পরিসরের স্টেডিয়াম কনসার্ট হিসেবে অনুষ্ঠানগুলো আয়োজন করা হচ্ছে।
কনসার্টে থাকবে মাল্টি-লেভেল মঞ্চ ও লম্বা রানওয়ে। এছাড়া ৩৬০ ডিগ্রি স্পেশাল অডিও, বড় প্যানোরামিক স্ক্রিন, কাইনেটিক এলইডি, লেজার শো ও আতশবাজির ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পান অরিজিৎ সিং। পরবর্তীতে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হয়ে ওঠেন তিনি। ‘গেরুয়া’, ‘চান্না মেরেয়া’, ‘কেসারিয়া’, ‘আপনা বনা লে’, ‘চালেয়া’, ‘সাজনি’ ও ‘ঘেহরা হুয়া’র মতো গান তার ক্যারিয়ারে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।
এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন অরিজিৎ। এবার ২০ বছরের সংগীতজীবন উদ্যাপনে সরাসরি মঞ্চে ফিরে আসছেন এই গায়ক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন