প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মুঠোফোনের আসক্তি ও মাদকের প্রভাব থেকে মুক্ত করার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
এই টুর্নামেন্টে পুরুষদের পাশাপাশি মেয়েরাও অংশগ্রহণ করবে; মোট ২০টি দল, ১০টি করে, চারটি মাঠে শিরোপার জন্য প্রতিযোগিতা করবে।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি এবং জার্সি উন্মোচন করা হয়েছে। দেশের ফুটবল ও ক্রিকেটের শীর্ষ নেতৃবৃন্দ এবং নীতিনির্ধারকদের উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা প্রদান করেছে।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
এছাড়া বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং বিসিবি সভাপতি তামিম ইকবালের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি উন্মাদনা যোগ করেছে।
অতিথিরা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এবং তৃণমূল থেকে নতুন প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, ‘যুবসমাজকে সুস্থভাবে গড়ে তুলতে বর্তমান সরকার চেষ্টা করছে। মাদক থেকে তরুণদের ফেরাতে খেলাধুলার বিকল্প নেই। এ আয়োজন সেই প্রচেষ্টাকে এগিয়ে নেবে।’
টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর ছাইদ হাছান কানন জানান, ‘যুবসমাজকে সঠিক পথে রাখতে এবং মোবাইল গেম ও মাদক থেকে খেলার মাঠে ফিরিয়ে আনতে এ আয়োজন ভূমিকা রাখবে। শিশুদের জন্য খেলার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অতীতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসার কথা স্মরণ করে বলেন, ‘ডিএনসিসি কাপের মাধ্যমে অতীতে অনেক ফুটবলার উঠে এসেছেন। আশা করি, ভবিষ্যতেও আসবেন। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে, বিসিবি সভাপতি তামিম ইকবাল আয়োজনটির প্রশংসা করে বলেন, ‘এটা দারুণ একটা আয়োজন। তবে শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ অন্যান্য খেলাতেও আমাদের মনোযোগ দিতে হবে। তাহলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করা সম্ভব হবে। আশা করি, টুর্নামেন্টটি ভালো হবে।’
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর দেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, ‘দক্ষিণ সিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আশা করি, ফুটবল আবার প্রাণের খেলা হয়ে উঠবে। দক্ষিণ সিটিতেও মেয়র কাপ শুরু করব।’
এই আসরে ছেলেদের বিভাগে অংশগ্রহণ করবে উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস এফসি, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ী রোভার্স, দক্ষিণ খান ডমিনেটর্স, উত্তর খান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্সসহ ১০টি দল।
অন্যদিকে মেয়েদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইন্স, মিরপুর রয়্যাল কুইন্স, মহাখালী মার্ভেলস এফসি, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ী ভ্যালকিরাইজ, দক্ষিণ খান ডেশার্স, উত্তর খান টাইগ্রেস, ভাটারা ভর্টেক্স ও বাড্ডা লাইটনিংসহ ১০টি দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন