প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের সাটুরিয়ায় সার সরবরাহের অভাবে কৃষকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাননি। এই পরিস্থিতিতে ক্ষোভের এক পর্যায়ে দায়িত্ব পালনরত এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে।
রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি সার বিক্রির দোকানে এই ঘটনা ঘটে।
লাঞ্ছিত হওয়া কর্মকর্তার নাম মো. আরিফুল ইসলাম, যিনি ওই এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। তবে বরাদ্দকৃত সারের তুলনায় কৃষকদের উপস্থিতি অনেক বেশি ছিল। ফলে লাইনে অপেক্ষমাণ কৃষকদের সবাইকে সার দেওয়ার আগেই মজুত শেষ হয়ে যায়। এ সময় সার শেষ হওয়ার বিষয়টি জানালে অপেক্ষায় থাকা কয়েকজন কৃষক ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে উত্তেজিত কৃষকরা উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে থাপ্পড় মারেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তারা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, উদ্ভূত পরিস্থিতিতে কৃষকদের অতিরিক্ত সারের চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে অতিরিক্ত সারের চাহিদা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়েছে। মাসিক বরাদ্দের বাইরে অতিরিক্ত সার পাওয়া গেলে যেসব ইউনিয়নে চাহিদা বেশি, সেসব ইউনিয়নে তা বণ্টন করা হবে।
তিনি আরও জানান, কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার আগাম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপ-পরিচালককে অবহিত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন