বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং
১১:২৬ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকে তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত প্রশমিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ভ্যান্সের সঙ্গে বৈঠকের আগে সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ভাই প্রিন্স খালিদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে সৌদি আরবের অবস্থান তুলে ধরেন এবং উত্তেজনা কমানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর জানা গেছে। বৈঠকে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দেন। ওই বার্তায় চলমান সংঘাতের অবসান এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সৌদি আরবের মতে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু মানুষের প্রাণহানিই বাড়বে না, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের সৌদি প্রচেষ্টাও ক্ষতিগ্রস্ত হবে। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের বৈরিতার পর ইরানের সঙ্গে সহাবস্থানের একটি সীমিত প্রচেষ্টা চালিয়ে আসছিল সৌদি আরব। সেই প্রেক্ষাপটেই ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সংঘাত নিরসন এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রিন্স খালিদ। বৈঠকে তিনি সংঘাতের অবসানে সৌদি আরবের দৃষ্টিভঙ্গি এবং সম্ভাব্য সমাধানের পথও মার্কিন প্রশাসনের কাছে উপস্থাপন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু জানিয়েছেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে রংপুরের জিয়া খাল প্রায় ভরাট হয়ে গেছে। এর ফলে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেক জায়গা দখল হয়ে গেছে। দখলদারদের উচ্ছেদ করে জরুরিভিত্তিতে খাল পুনঃখনন করা হবে। এতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ এবং বর্ষাকালে পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে। বৃহস্পতিবার বিকালে রংপুর নগরীর কুকরুল এলাকায় জিয়া খাল পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। খাল খননে অনিয়মের অভিযোগ সম্পর্কে মন্ত্রী বলেন, কোনো কাজই অস্থায়ীভাবে করা হবে না। স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে। অনিয়মের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠক শেষে আসাদুল হাবীব দুলু জানিয়েছেন, স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে তিন স্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই মাসের মধ্যে হাসপাতালের আইসিইউ ১০ শয্যা থেকে ২০ শয্যায় উন্নীত করা হবে। অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞের সংকট দূর করে সার্বক্ষণিক অপারেশন চালুর ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে। এ সময় রংপুর তিন আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, সংরক্ষিত আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান সামু, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সের্জিও গরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। উভয় পক্ষ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিকে আরো শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার পদ্মা গেস্ট হাউসে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত গরের প্রথম সফরকে উষ্ণভাবে স্বাগত জানান। এছাড়াও, তিনি পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ, অভিন্ন স্বার্থ ও ঘনিষ্ঠ জনসম্পর্কের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিকে আরো শক্তিশালী করার জন্য ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, আলোচনা চলাকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়গুলি এবং অভিবাসন-সংক্রান্ত প্রসঙ্গসহ রোহিঙ্গা সংকটও উঠে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মন্তব্য করেছেন যে, বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না।
আজ সচিবালয়ে জ্বালানি ও বিদ্যুতের চাহিদা, উৎপাদন ও বিতরণ ব্যবস্থাকে দক্ষ ও সাশ্রয় করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রস্তাবের লক্ষ্যে গঠিত কমিটি এবং বিদ্যুৎ বিভাগের অননুমোদিত প্রকল্পসমূহ গ্রহণ ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক পৃথক দুটি সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জ্বালানি বিভাগের সভায়, প্রতিমন্ত্রী জ্বালানি খাতের ম্যাপিংয়ের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, দেশের কোথায় কী ধরনের খনিজ সম্পদ রয়েছে তার একটি সুস্পষ্ট ভৌগোলিক ও তথ্যভিত্তিক পূর্ণাঙ্গ মানচিত্র বা রূপরেখা থাকা প্রয়োজন।
বিশেষ করে আংশিক, খণ্ডিত এবং বিভিন্ন সংস্থার কাছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্লক ম্যাপ, ভূতাত্ত্বিক জরিপসহ প্রতিটি বিষয়ে একটি একক, আধুনিক এবং সমন্বিত রূপরেখা দাঁড় করানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, ভূগর্ভস্থ সম্পদের সঠিক অবস্থান ও সম্ভাবনার চিত্র পরিপূর্ণভাবে থাকলে সরকারের প্রতিটি বিভাগের মধ্যে সমন্বয় সাধন এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করা সহজ হবে।
জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই বৈঠকে, প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে জোনভিত্তিক জ্বালানির চাহিদা এবং সরবরাহের প্রকৃত চিত্র জানতে হবে। কোথায় আমাদের কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করা এবং করণীয় নির্ধারণে কোনো রকম কালক্ষেপণ করা যাবে না। বৈঠকে তিনি প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের প্রতিও গুরুত্ব দেন।
একই দিন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের অননুমোদিত প্রকল্পসমূহ গ্রহণ ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক একটি মতবিনিময় সভায় অংশ নেন।
এই সভায়, তিনি অননুমোদিত বিভিন্ন প্রকল্পের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং প্রতিটি প্রকল্পের যৌক্তিকতা ও জনগণের প্রয়োজন মেটাতে কতটুকু ভূমিকা রাখবে, সে বিষয়ে অগ্রাধিকার নির্ধারণের প্রতি জোর দেন।
প্রসঙ্গক্রমে, বিগত দিনের মতো অপ্রয়োজনীয় এবং অপরিকল্পিত প্রকল্পের পেছনে যেভাবে জনগণের অর্থের অপচয় ঘটছে, তার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া যাবে না উল্লেখ করে তিনি এ সংক্রান্ত পরিপূর্ণ তথ্য প্রদান করার নির্দেশ দেন। তিনি বলেন, সেবামূলক এই খাতের সক্ষমতা বৃদ্ধিতে যা যা করণীয়, তা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
বৈঠকে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখসহ বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আটটায় জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মুন্সীগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকায় অবস্থিত একটি বেকারির কারখানায় বিভিন্ন অনিয়মের প্রমাণ সংগ্রহ করা হয়। এসবের মধ্যে ছিল অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্যের ব্যবহার, অপরিচ্ছন্ন উৎপাদন পরিবেশ, কীটপতঙ্গ দমনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা, সব পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না করা, মেঝেতে খাদ্যপণ্য রাখা, খাদ্য উৎপাদনস্থলের পাশেই টয়লেট অবস্থান, উৎপাদন এলাকায় বিড়ালের বিচরণ এবং টয়লেটে হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকা।
এসব অপরাধের দায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নাজমা বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরসহ আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ