প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক জানিয়েছেন, শিক্ষক নিয়োগের জন্য সরকার বর্তমানে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওপর নির্ভরশীল। পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল। এমনকি শিক্ষা সচিবও শিক্ষক নিয়োগের সুযোগ পেতেন। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা পাওয়ার ফলে এখন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিএসসির ওপর নির্ভর করতে হচ্ছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদ পূরণে উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল খালেক উল্লেখ করেন, ‘আমি ভালো শিক্ষক নিয়োগ দিতে চাই, ভালো পদ্ধতি চালু করতে চাই। কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখন পিএসসির প্রয়োজন হচ্ছে। পদগুলো খালি পড়ে আছে। আমি অসহায়। এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষকেরা রাস্তায় মিছিল-মিটিং করেন। নতুন নীতিমালা করতে গেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিছিল-মিটিং হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে।’
শিক্ষা মন্ত্রণালয়ের কাজের ধরন তুলে ধরে সচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা। গত নয় মাসে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করা হয়েছে। কাজ করতে গিয়ে কিছু ভুলত্রুটি হয়েছে, তবে সেগুলো সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে। একজন শিক্ষা সচিবের সৎ, দক্ষ ও আন্তরিক হওয়ার পাশাপাশি সবার সঙ্গে যোগাযোগ রাখার মানসিকতা থাকতে হবে। সরকারি স্বার্থ, শিক্ষকদের স্বার্থ এবং শিক্ষার পরিবেশ সবকিছুই রক্ষা করতে হবে।
পাঠ্যবই ছাপানো ও বিতরণ প্রসঙ্গে শিক্ষা সচিব জানান, এবার ৩২ কোটি বই ছাপানো হচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো নভেম্বর মাসেই দেশের সব জায়গায় বই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তবে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে বই ছাপানোর কাজে বারবার বাধার মুখে পড়তে হয়েছে। ভালো মানের কাগজ ব্যবহার এবং যথাযথ তদারকির মাধ্যমে বই ছাপানোর উদ্যোগ নেওয়া হলেও সমালোচনা থেকে রেহাই পাওয়া যায়নি।
তিনি বলেন, সাংবাদিকেরা শিক্ষা পরিবারেরই অংশ। শিক্ষা মন্ত্রণালয় ও সাংবাদিকেরা একই পরিবারের সদস্য হিসেবে কাজ করছেন। এক পক্ষের দুঃখ-সুখ অন্য পক্ষের সঙ্গে ভাগ করে নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন। সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আগামী দিনে কাজ করতে চাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ইরাবের সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন