ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন করবে সরকার: ডা. জাহিদ হোসেন


নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপন করবে সরকার: ডা. জাহিদ হোসেন

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সরকার নারী ও শিশুদের আইনি সুরক্ষা আরও শক্তিশালী করার জন্য বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ডিএনএ ল্যাব কার্যক্রমকে পর্যায়ক্রমে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে।

আজ সচিবালয়ের নিজ কার্যালয়ে ইউএনএফপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথেরিন ব্রেন ক্যামকংয়ের সঙ্গে বৈঠকের সময় তিনি এই তথ্য জানান।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগমও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

ফ্যামিলি কার্ড কর্মসূচি, নারী শিক্ষা, জেন্ডার সমতা অর্জন, নারী ও শিশুর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক সহিংসতা, কৈশোরকালীন স্বাস্থ্য, মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি), ডিএনএ ল্যাব, ওসিসি, শিশু অধিকার সুরক্ষা এবং শিশুশ্রম নিরসন, অনলাইন প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ, সাইবার বুলিং, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

ডা. এ জেড এম জাহিদ হোসেন ইউএনএফপিএ-কে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ইউএনএফপিএ-এর উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উন্নয়ন ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী তার মন্ত্রণালয়ের পরিচালিত অত্যাধুনিক ডিএনএ ল্যাবরেটরির কার্যক্রম সম্পর্কে ইউএনএফপিএ প্রতিনিধিকে অবহিত করেন। ক্যাথেরিন ব্রেন ক্যামকং ডিএনএ ল্যাব কার্যক্রম দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে ইউএনএফপিএর কারিগরি ও জ্ঞানগত সহায়তা প্রদানে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সচেতনতা দৃশ্যমান হচ্ছে।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

বৈঠকের সময় ইউএনএফপিএ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মন্ত্রীর কাছে বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন।

তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহ সম্পূর্ণ দূরীকরণে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে আরও নিবিড়ভাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

তিনি আসন্ন ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ এবং এ সংক্রান্ত ১৬ দিনব্যাপী কর্মসূচি সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

মন্ত্রী দিবসটি কেবল ঢাকাতেই নয়, বরং জেলা ও তৃণমূল পর্যায়েও ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক কার্তিক নিহত

মন্ত্রী দেশের তৃণমূল পর্যায়ের নারীদের তৈরি ঐতিহ্যবাহী ও হস্তশিল্প পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে নারী উদ্যোক্তাদের যুগোপযোগী বিপণন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানে উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতা প্রত্যাশা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


শরীয়তপুরে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন

শরীয়তপুর, ২০ সেপ্টেম্বর ২০২৬ : আজ জেলার ৫০ শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন সম্পন্ন হয়েছে।

নবনির্মিত ভবনটি আজ রোববার বিকেল ৪ টায় উদ্বোধন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান (কিরন)।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজালাল ভুঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, জেলার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, এমপি-পত্নী ফারহান কাদির রহমান, এবং সহকারি কমিশনার (ভূমি) লাকী দাস প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হালান্ডের নতুন কীর্তি, ২৫ দলের বিরুদ্ধে গোলের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


হালান্ডের নতুন কীর্তি, ২৫ দলের বিরুদ্ধে গোলের রেকর্ড

আর্লিং হালান্ড প্রিমিয়ার লিগে একটি নতুন মাইলফলক অর্জন করেছেন। তিনি সান্ডারল্যান্ডের বিরুদ্ধে গোল করে লিগে এখন পর্যন্ত ২৫টি দলের বিরুদ্ধে গোল করার কীর্তি গড়েছেন, যা ম্যানচেস্টার সিটির এই তারকার জন্য একটি বিশেষ অর্জন।

রোববার, ইতিহাদ স্টেডিয়ামে সিটি সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলে পরাজিত করে। ম্যাচের ৮১ মিনিটে হালান্ড গোল করেন, যা ভিএআর পর্যালোচনার পর বৈধ ঘোষণা করা হয়। এর আগে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে তিনটি শট নিয়েও তিনি গোল করতে পারেননি।

২০২২ সালের আগস্টে প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকে হালান্ড ২৫টি ভিন্ন দলের বিপক্ষে খেলেছেন। প্রতিটি দলের বিরুদ্ধে অন্তত একবার তিনি গোল করেছেন। এর মধ্যে ওয়েস্ট হামের বিরুদ্ধে ৮ ম্যাচে সর্বাধিক ১১ গোল করেছেন। ক্রিস্টাল প্যালেস এবং উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে তাঁর গোল সংখ্যা ১০টি করে।

প্রতিপক্ষভেদে হালান্ডের গোল:

ওয়েস্ট হাম—১১, ক্রিস্টাল প্যালেস—১০, উলভারহ্যাম্পটন—১০, ম্যানচেস্টার ইউনাইটেড—৯, ফুলহাম—৮, এভারটন—৭, ব্রাইটন—৭, আর্সেনাল—৬, বার্নলি—৫, ব্রেন্টফোর্ড—৫, নটিংহাম ফরেস্ট—৫, ইপসউইচ—৪, সাউদাম্পটন—৪, চেলসি—৪, টটেনহাম—৪, বোর্নমাউথ—৪, লেস্টার—৩, লিভারপুল—৩, লিডস—২, শেফিল্ড ইউনাইটেড—১, লুটন—১, কভেন্ট্রি—১, সান্ডারল্যান্ড—১, অ্যাস্টন ভিলা—১, নিউক্যাসল—১।

তবে, হালান্ডের এই ২৫/২৫ রেকর্ড এখনও সম্পূর্ণ হয়নি। তিনি প্রিমিয়ার লিগে হাল সিটির বিরুদ্ধে এখনও খেলেননি। ১৯ ডিসেম্বর বড়দিনের আগে লিগের শেষ ম্যাচে হাল সিটির বিরুদ্ধে খেললে, সেই দলের বিরুদ্ধে গোল করার সুযোগ পাবেন তিনি।

হালান্ডের আগে, প্রিমিয়ার লিগে একাধিক ম্যাচ খেলে মুখোমুখি হওয়া প্রতিটি দলের বিরুদ্ধে গোল করার কীর্তি ছিল শুধুমাত্র হ্যারি কেইনের। টটেনহামের প্রাক্তন এই স্ট্রাইকার ৩২টি ভিন্ন দলের বিপক্ষে গোল করেছেন।

তবে, প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ভিন্ন দলের বিপক্ষে গোল করার রেকর্ড হালান্ডের নয়। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ৩৯টি দলের বিপক্ষে গোল করে শীর্ষে রয়েছেন। অ্যান্ড্রু কোল ৩৮টি এবং জার্মেইন ডিফো ও অ্যালান শিয়েরার ৩৭টি দলের বিপক্ষে গোল করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আলজেরিয়ার সঙ্গে সার খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ সম্পর্কিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।

কবির দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তার জন্য সার খাতে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

তিনি আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান, যা বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জাহাজ নির্মাণ এবং আলজেরিয়ার জনগণের সঙ্গে বাংলাদেশিদের সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং দুই দেশের অংশীদারিত্বকে আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আলজেরীয় রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং জ্বালানি, ওষুধ, সার, জাহাজ নির্মাণ ও সমুদ্রপথে পণ্য পরিবহন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে উচ্চপর্যায়ের সফরে উৎসাহিত করার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল, কে জানত এটাই শেষ দেখা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল, কে জানত এটাই শেষ দেখা

শুক্রবার অপ্রতিম বন্ধুদের সঙ্গে নামাজ আদায় করেছিল। নামাজ শেষ হওয়ার পর সে জানিয়েছিল, সে বাড়িতে ফিরে যাবে। পরদিনই সে নিখোঁজ হয়ে যায়। দুই দিন পর, রোববার, সেই বন্ধুরা তাকে শেষ বিদায় জানান।

কুমিল্লার লালমাই পাহাড়ের জঙ্গলে অপ্রতিমের মৃতদেহ উদ্ধার হওয়ার পর তার দাফন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে দ্বিতীয় জানাজা শেষে কোটবাড়ি বাগমারা কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়।

এ সময় তার স্বজন, সহপাঠী ও বন্ধুরা কান্নায় ভেঙে পড়েন। তারা বিশ্বাস করতে পারছেন না যে, প্রিয় বন্ধুকে আর কখনো ক্লাশে দেখতে পাবেন না।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের বন্ধুদের কাছে তার শেষ কয়েক দিনের স্মৃতি এখন শুধুই বেদনাদায়ক।

অপ্রতিমের এক বন্ধু বলেন, ‘শুক্রবারও অপ্রতিম আমাদের সঙ্গে নামাজ পড়েছিল। নামাজের পর সে বলেছিল, সে বাড়িতে যাবে। এরপর সে বাড়িতে চলে যায়। কে জানত, সেটাই আমাদের শেষ দেখা।’

এর আগের দিন বৃহস্পতিবারও অপ্রতিম বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছিল। সে কুরআনিক ক্লাবে অংশ নেয়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে ফুটবলও খেলেছিল।

আরেক বন্ধু বলেন, ‘আমরা বৃহস্পতিবার কুরআনিক ক্লাবে একসঙ্গে ছিলাম। সেখানে আমরা সময় কাটিয়েছি এবং ফুটবলও খেলেছিলাম। এরপর কথা বলতে বলতে বাসায় এসেছিলাম। তখন তো ভাবিনি, এটাই তার সঙ্গে আমাদের শেষ সময়।’

শেষ কথোপকথনের স্মৃতিও ভুলতে পারছেন না আরেক বন্ধু। তিনি বলেন, ‘আমি শেষবার তার সঙ্গে ফুচকা খেতে যেতে চেয়েছিলাম। সে বলেছিল- ‘না, আমি ফুচকা খাব না। টাকা নেই’। এটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা।’

অপ্রতিমের বন্ধু নাসিম বলেন, ‘আমার বন্ধুকে আর ক্লাশে দেখব না। এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা আর কোনো বন্ধুকে হারাতে চাই না।’

বন্ধুরা জানান, একজনকে হারালে শুধু একটি পরিবার নয়, বরং তার বন্ধুমহল ও শিক্ষাপ্রতিষ্ঠানও একজন আপনজনকে হারায়। তাদের আশঙ্কা, অপ্রতিমের সঙ্গে যা ঘটেছে, ভবিষ্যতে অন্য কারও সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে।

তারা বলেন, এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%