শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫৫ এম
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে রুপার দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংগঠনটি ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করেছে। এটি টানা ১০ দফায় রুপার দাম কমানোর ঘটনা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্যও হ্রাস পেয়েছে। এই কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম হবে ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
এর আগে, গত ১৮ নভেম্বর সকালে বাজুস রুপার দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ১১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
॥ মহসিন বেপারী ॥
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগামী ১ ডিসেম্বর থেকে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ রক্ষায় অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
১ ডিসেম্বর সকাল থেকে চেকপোস্ট স্থাপন করে অভিযান শুরু হবে। এর পূর্বে ডিএমপি যানবাহনের মালিক ও চালকদের অনুরোধ করেছে যেন তারা এসব অননুমোদিত সরঞ্জাম অপসারণ করেন। অভিযানের পর, যদি কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন, রাজধানীতে হাইড্রোলিক হর্নের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যদিও হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ, তবুও কিছু যানবাহনে এর ব্যবহার দেখা যাচ্ছে। তিনি মনে করেন, চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বাসসকে বলেন, ‘১ ডিসেম্বর থেকে রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। এসব সরঞ্জামের অননুমোদিত ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করছে এবং সাধারণ মানুষের ভোগান্তির কারণ হচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তিনি আরও বলেন, আইন অনুযায়ী যেসব যানবাহনে হুটার, বিকন লাইট ও বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে এসব অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
আনিছুর রহমান জানান, বাস ও ট্রাকের পাশাপাশি কিছু জিপগাড়িতে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন ও সাইল্যান্সার ব্যবহার করা হচ্ছে, যা ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে। এজন্য রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হচ্ছে।
তিনি বলেন, সড়ক পরিবহন বিধি অনুযায়ী জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত ৪ ক্যাটাগরির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো- অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান ও রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এর বাইরে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ বাণিজ্যিক মোটরযানে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
অটোরিকশা বা একই ধরনের যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটিও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে সিটি কর্পোরেশন এই ধরনের যানবাহনের নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিবন্ধনের পর এই ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তিনি আশা প্রকাশ করেন, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে এসব পরিবহনও শৃঙ্খলায় চলে আসবে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বাসস’কে বলেন, যানবাহনে ব্যবহৃত উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শব্দের কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, হৃদ্রোগী এবং অসুস্থ মানুষের জন্য এ ধরনের শব্দ বেশি ক্ষতিকর। অন্যদিকে, অনুমোদনহীনভাবে বিকন লাইট ব্যবহার সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’-এর তফসিল-১-এ এলাকাভেদে অনুমোদিত শব্দের মাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নীরব এলাকায় দিনে ৫০ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেল শব্দের সীমা অনুমোদিত। আবাসিক এলাকায় দিনে ৫৫ ডেসিবেল এবং রাতে ৪৫ ডেসিবেল। মিশ্র এলাকায় দিনে ৬০ ডেসিবেল এবং রাতে ৫০ ডেসিবেল হতে পারবে। অন্যদিকে বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ডেসিবেল এবং রাতে ৬০ ডেসিবেল অনুমোদিত। শিল্প এলাকায় শব্দের মাত্রা দিনে ৭৫ ডেসিবেল এবং রাতে ৭০ ডেসিবেলের মধ্যে থাকতে হবে।
সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে দিন এবং রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়কে রাত হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০০৬ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী, জনসমাগমস্থলে অননুমোদিতভাবে মাইক্রোফোন, লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম, মিউজিক সিস্টেম বা অ্যামপ্লিফায়ার ব্যবহার এবং পটকা বা আতশবাজি ফোটানোর দায়ে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে অপরাধীদের সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
হাইড্রোলিক হর্ন এবং মাল্টি-টোন হর্নসহ অনুমোদিত শব্দের মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি, মজুত, বিক্রি, বাজারজাতকরণ বা প্রদর্শন করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ বিধিতে হর্ন ব্যবহারের নিয়ম ও নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়েছে। উপবিধি (১) এ বলা হয়েছে- মোটরযানের অবস্থান বোঝানোর জন্য শ্রবণযোগ্য ও পর্যাপ্ত সতর্কতা প্রদানের উদ্দেশ্যে প্রতিটি মোটরযানে চালকের তাৎক্ষণিক ব্যবহারের জন্য হর্ন বা অন্য কোনো অনুমোদিত যন্ত্র সংযুক্ত থাকতে হবে।
উপবিধি (২) এ উল্লেখ করা হয়েছে- হর্ন বা যন্ত্রের উৎপাদিত শব্দের মাত্রা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এ বর্ণিত নির্ধারিত মাত্রা অতিক্রম করতে পারবে না। উপবিধি (৩) এ রয়েছে- পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুশ্রুতি হর্ন ব্যবহার করা যাবে না। তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন বা যন্ত্র মোটরযানে সংযোজন কিংবা ব্যবহার করা যাবে না।
উপবিধি (৪) এ রয়েছে- মোটরযান নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ বা উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত একই ধরনের যানবাহনের ক্ষেত্রে উপবিধি (৩)-এর বিধান প্রযোজ্য হবে না.
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের বেশিরভাগ কারখানা সাপ্তাহিক ছুটির দিনেও উৎপাদন চালিয়ে যাচ্ছে। একাধিক কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনের ফলে গার্মেন্টস মালিকদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা শ্রমিকদের আন্দোলনের খবর পাওয়া যায়নি।
গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চল সম্পূর্ণ শান্ত অবস্থায় রয়েছে।
তবে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে। পুলিশ জানিয়েছে, ছুটির দিনেও অনেক কারখানা খোলা রয়েছে এবং সেখানে শ্রমিকরা উৎপাদন অব্যাহত রেখেছে।
বর্তমান পরিস্থিতি সম্পূর্ণরূপে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের স্বপ্ন নিয়ে উড়াল দিয়েছিল বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান তুলে জয়ের লড়াইয়ের বার্তাও দিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু শুরুটা যত সুন্দর হয়েছিল, শেষটা হলো ততই বিব্রতকর। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৫৫৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে গুটিয়ে ৯ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটিং-বোলিংয়ের এই ব্যর্থতায় আলাদা করে চোখে পড়েছে পাঁচ ক্রিকেটারের পারফরম্যান্স। মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন উপহার দিয়েছেন ‘ব্যর্থতার পাঁচকাহন’।
মুমিনুলের দুই ইনিংসে এক রান
প্রথম ইনিংসে সাত বল খেলে শূন্য, দ্বিতীয় ইনিংসে তিন বলে এক রান। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে মুমিনুলের সংগ্রহ মাত্র এক রান। অথচ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই ব্যাটসম্যানের কাছ থেকে প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু প্রথম ইনিংসে সাত বল খেলে কোনো রান না করেই কাগিসো রাবাদার বলে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে সে প্রত্যাশায় পানি ঢেলে দেন মুমিনুল। শুরুতেই তার বিদায় বাংলাদেশের ব্যাটিংয়ে চাপ বাড়ায়। দ্বিতীয় ইনিংসেও পরিস্থিতির উন্নতি হয়নি। দক্ষিণ আফ্রিকার ১৫৭ রানের লিডের বোঝা নিয়ে ব্যাট করতে নেমে দল যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন এক রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। এবারও রাবাদার বলে বোল্ড। অভিজ্ঞতার বিচারে এমন ব্যর্থতা শুধু ব্যক্তিগত নয়, দলের জন্যও বড় ধাক্কা। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়ার সময় তার উইকেট হারানো বাংলাদেশের বিপদ আরো বাড়িয়েছে।
পরিসংখ্যান : প্রথম ইনিংস ০ (৭), দ্বিতীয় ইনিংস এক (৩); মোট এক রান, ১০ বল।
শান্তর ব্যাটে প্রতিরোধ নেই
দলের ব্যাটিং বিপর্যয়ে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল নাজমুল হোসেন শান্তর। কিন্তু ব্যাট হাতে দুই ইনিংসেই হতাশ করেছেন তিনি। প্রথম ইনিংসে ২৩ বলে ১২ রান করে ফিরেছেন কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে। ৪০০ রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ তখন মাত্র ২২। তৃতীয় উইকেট হিসেবে শান্তর বিদায়ে শুরুতেই চাপে পড়ে দল। দ্বিতীয় ইনিংসে শান্তর কাছে প্রত্যাশা ছিল আরো বেশি। দক্ষিণ আফ্রিকার ১৫৭ রানের লিড পেরিয়ে ম্যাচে ফেরার জন্য তার একটি বড় ইনিংস প্রয়োজন ছিল। কিন্তু ৪২ বল খেলে ১১ রানে থেমে ব্যর্থতার ষোলকলা পূরণ করেছেন অধিনায়ক। অর্থাৎ, দুই ইনিংসেই শুরুতে উইকেট হারিয়ে দলকে বিপদে ফেলেছেন অধিনায়ক। দুই ইনিংস মিলিয়ে ৬৫ বলে ২৩ রান। একজন টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য এমন পরিসংখ্যান হতাশাজনক।
পরিসংখ্যান : প্রথম ইনিংস ১২ (২৩), দ্বিতীয় ইনিংস ১১ (৪২); মোট ২৩ রান, ৬৫ বল।
মুশফিকের ব্যাটে অভিজ্ঞতার প্রতিফলন নেই
বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে অভিজ্ঞ মুখ মুশফিকুর রহিম। কঠিন পরিস্থিতিতে তার কাছ থেকেই সাধারণত দায়িত্বশীল ইনিংসের প্রত্যাশা থাকে। কিন্তু জোহানেসবার্গে প্রথম ইনিংসে সেই দায়িত্বের ছিটেফোঁটাও দেখা যায়নি। মাত্র এক বল খেলে শূন্য রানে ফিরেছেন তিনি। বাংলাদেশের সংগ্রহ তখন ১২১। তাওহিদ হৃদয় ও লিটন দাসের বড় জুটির আগে মুশফিকের এমন বিদায় সাময়িকভাবে চাপে ফেলেছিল দলকে। সাইমন হারমারের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুটা লড়াই করেছেন। ৬২ বলে ২২ রান করেছেন, মেরেছেন চারটি চার। কিন্তু সেটিও দলের প্রয়োজনের তুলনায় সামান্য। ১৩৪ রানে লিটন দাসের বিদায়ের পর মুশফিকের সঙ্গে মিরাজের জুটি থেকে প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু ১৬০ রানে সপ্তম উইকেট হিসেবে মুশফিকের বিদায়ে সেই প্রতিরোধ ভেঙে যায়। দলের বিপদের মুহূর্তে তার ব্যাট থেকে বড় রান না আসা পরাজয়ের অন্যতম কারণ।
পরিসংখ্যান : প্রথম ইনিংস ০ (১), দ্বিতীয় ইনিংস ২২ (৬২); মোট ২২ রান, ৬৩ বল।
ব্যাটে-বলে ব্যর্থ মিরাজ
বাংলাদেশের অন্যতম ভরসার নাম মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবদান রাখার সামর্থ্য আছে তার। কিন্তু জোহানেসবার্গ টেস্টে সেই সামর্থ্যের যথাযথ প্রতিফলন দেখা যায়নি। প্রথম ইনিংসে ১৬ বলে করেছেন ১০ রান। ৩৫৯ রানে সপ্তম উইকেট হিসেবে তার বিদায়ের সময় বাংলাদেশ ভালো অবস্থানে ছিল। হৃদয় ও লিটনের সেঞ্চুরিতে দল তখন বড় সংগ্রহের পথে। কিন্তু দ্বিতীয় ইনিংসে অতিব প্রয়োজনের সময় ৩১ বলে ১৫ রান করে ফিরেছেন এই অলরাউন্ডার। সাইমন হারমারের বলে স্টাম্পিং হয়ে যান মিরাজ। দুই ইনিংস মিলিয়ে ৪৭ বলে ২৫ রান। বোলিংয়েও প্রত্যাশা পূরণ হয়নি। প্রথম ইনিংসে ৩৫.২ ওভারে ১৬৫ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে এক ওভারে এক রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। সব মিলিয়ে উইকেট তিনটি হলেও প্রথম ইনিংসে রান খরচের পরিমাণ ছিল বেশি।
পরিসংখ্যান : প্রথম ইনিংস ১০ (১৬), দ্বিতীয় ইনিংস ১৫ (৩১); মোট ২৫ রান, ৪৭ বল। বোলিং : ৩৬.২ ওভার, চার মেইডেন, ১৬৬ রান, তিন উইকেট।
নিষ্প্রভ ইবাদত, প্রতিরোধেও ব্যর্থ
পেস আক্রমণে ইবাদত হোসেনের কাছে প্রত্যাশা ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের চাপে রাখা। কিন্তু প্রথম ইনিংসে সে কাজটি খুব একটা করতে পারেননি তিনি। ১৪.১ ওভার বল করে দিয়েছেন ৬০ রান, উইকেট পেয়েছেন মাত্র একটি। মেইডেন দুটি। তার একমাত্র শিকার ছিলেন দক্ষিণ আফ্রিকার শেষ ব্যাটসম্যান ডেন পিটারসন। দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুই করার ছিল না এই পেসারের। কেননা, দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল মাত্র ১২ রান। বল করার সুযোগ পেয়েছেন মাত্র তিনটি। ওই অর্ধেক ওভারে দিয়েছেন ৯ রান! সব মিলিয়ে দুই ইনিংসে ১৪.৪ ওভার বল করে ৬৯ রান দিয়েছেন, উইকেট একটি, মেইডেন দুটি। পেসার হিসেবে কার্যকরী বোলিং করতে না পারার ব্যর্থতার দায় থাকছেই এবাদতের।
পরিসংখ্যান : প্রথম ইনিংস ১৪.১ ওভার, দুই মেইডেন, ৬০ রান, এক উইকেট। দ্বিতীয় ইনিংস ০.৩ ওভার, ০ মেইডেন, ৯ রান, ০ উইকেট। মোট ১৪.৪ ওভার, দুই মেইডেন, ৬৯ রান, এক উইকেট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সারা দেশের ৬৪টি জেলা সাইকেলের মাধ্যমে সফলভাবে ভ্রমণ সম্পন্ন করে অবশেষে নিজ জন্মভূমি মোহনগঞ্জে ফিরে এসেছেন রামজীবনপুর গ্রামের কৃতী সন্তান আশরাফুল ইসলাম মুন্না।
‘ভ্রমণ করলে দেশ, মন থাকবে ফ্রেশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে তিনি গত ২৬ জুন এই যাত্রা শুরু করেছিলেন। ১৪৫ দিনের দীর্ঘ পথচলায় তিনি দেশের প্রতিটি জেলা পরিদর্শন করেছেন। সমতল ভূমি থেকে শুরু করে দুর্গম পাহাড়ি জনপদ—প্রতিটি জেলার প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য এবং মানুষের জীবনযাত্রা তিনি খুব কাছ থেকে দেখেছেন।
যাত্রাপথে তার সাইকেলে উড়েছে লাল-সবুজের জাতীয় পতাকা। তিনি পথে পথে থেমে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন।
মোহনগঞ্জে পৌঁছানোর পর তাকে বরণ করতে উপস্থিত হন সর্বস্তরের মানুষ। এ সময় উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, পৌর জামায়াতের আমির রফিক আহমেদ রাসেল, পৌর সেক্রেটারি মাছুম বিল্লাহ, পৌর অর্থ সম্পাদক নুর মোহাম্মদসহ পৌর জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ বিষয়ে ইউএনও আমিনা খাতুন মন্তব্য করেন, মুন্নার ৬৪ জেলায় সাইকেলে ভ্রমণ যুবসমাজ, বিশেষ করে ভ্রমণপ্রেমীদের উৎসাহিত করবে। তিনি বলেন, "আমি এই তরুণকে ধন্যবাদ জানাই তার এই সাহসিকতার জন্য। ভবিষ্যতে এ রকম কেউ উদ্যোগ নিলে বিভিন্ন জেলায় থাকা ও প্রশাসনিক সহযোগিতা করার চেষ্টা করব।"
দীর্ঘ এই যাত্রার অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে আশরাফুল ইসলাম মুন্না বলেন, "প্রতিটি জেলায় মানুষের যে ভালোবাসা আর আতিথেয়তা পেয়েছি, তা কোনো দিন ভুলব না। সবার দোয়া আর ভালোবাসায় আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ