প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাট, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের প্রচার-প্রচারণা জোরদারের উদ্দেশ্যে বাগেরহাটে স্থানীয় অংশীজনদের নিয়ে গতকাল রোববার একটি সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীন। অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন গ্রাম আদালতের জেলা ম্যানেজার নাজমুল হাসান, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিরা, সমাজসেবক এবং স্থানীয় সুশীল সমাজের সদস্যরা।
মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে সভায় গ্রাম আদালতে মামলা দায়ের ও নিষ্পত্তির বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে জেলার ৭৫টি ইউনিয়নের গ্রাম আদালতে মোট ৬৬১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পর্যায়ে সরাসরি দায়ের করা মামলার সংখ্যা ৬০৮টি এবং আদালত থেকে প্রেরিত মামলার সংখ্যা ১৭টি। দায়ের হওয়া মামলার মধ্যে দেওয়ানি মামলা ১৬৭টি এবং ফৌজদারি মামলা ৪৭১টি রয়েছে।
মামলার আবেদনকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ৪১১ জন এবং নারীর সংখ্যা ২৫০ জন। এ সময় মোট ৬১৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলায় দাবি আদায়ের অর্থের পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ২৪ হাজার ৬১০ টাকা।
সভায় বক্তারা উল্লেখ করেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করছে। তারা সাধারণ মানুষের কাছে গ্রাম আদালতের সেবা ও সুবিধা পৌঁছে দিতে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি’র সহায়তায় পরিচালিত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর অধীনে বাগেরহাট জেলা প্রশাসন এই সমন্বয় ও মতবিনিময় সভার আয়োজন করে। সভা ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন