প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তান ক্রিকেটে খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, সাবেক টেস্ট অধিনায়ক শান মাসুদ এবং তরুণ ওপেনার সাইম আইয়ুব। তাদের সঙ্গে চুক্তির বাইরে রাখা হয়েছে ইমাম-উল-হকসহ আরও কয়েকজন পরিচিত মুখকে। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৬-২৭ মৌসুমের জন্য ৩৮ ক্রিকেটারের নতুন চুক্তির তালিকা প্রকাশ করেছে।
নতুন তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে চুক্তির কাঠামো। পূর্বের মতো এ, বি, সি কিংবা ডি ক্যাটাগরিতে বেতনের ভিত্তিতে ক্রিকেটারদের ভাগ করা হয়নি। বরং কোন ক্রিকেটার কোন সংস্করণে খেলছেন, সেটিকে গুরুত্ব দিয়ে পাঁচটি বিভাগে সাজানো হয়েছে। টেস্ট ও ওয়ানডে, শুধুমাত্র টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, শুধুমাত্র টি-টোয়েন্টি এবং ডেভেলপমেন্টÑএই পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়েছে চুক্তিবদ্ধদের। নতুন চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত থাকবে।
নতুন কাঠামোয় টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই চুক্তি পেয়েছেন কেবল বাবর আজম এবং সালমান আলী আগা। শুধুমাত্র টেস্টের চুক্তিতে আছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান এবং সৌদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের চুক্তি পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, ফখর জামান, ফাহিম আশরাফ, আবরার আহমেদ এবং আরাফাত মিনহাস। আর টি-টোয়েন্টির চুক্তিতে জায়গা পেয়েছেন নাসিম শাহ, শাদাব খান, সাহিবজাদা ফারহানসহ সাতজন।
ডেভেলপমেন্ট বিভাগে সবচেয়ে বেশি জায়গা রাখা হয়েছে। সেখানে ১৯ ক্রিকেটার আছেন, যাদের অনেকেই সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেট কিংবা জাতীয় দলে নজর কেড়েছেন। সব মিলিয়ে আগের চুক্তির তুলনায় এবার আটজন বেশি ক্রিকেটারকে চুক্তির আওতায় এনেছে বোর্ড। তবে বাদ পড়েছেন ১৩ জন।
লাহোরে তালিকা ঘোষণার সময় পিসিবির হাইপারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ জানিয়েছেন, নির্বাচক ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনা করেই নতুন কাঠামো তৈরি করা হয়েছে। আগামী জুন পর্যন্ত কোন ক্রিকেটার কোন সংস্করণে দলের পরিকল্পনায় থাকবেন, সেটি বিবেচনায় নেওয়া হয়েছে। প্রধান কোচ মাইক হেসনও মনে করেন, এ ব্যবস্থা ক্রিকেটারদের নিজেদের ভূমিকা সম্পর্কে আরো পরিষ্কার ধারণা দেবে।
তবে কেন্দ্রীয় চুক্তি না পাওয়া মানেই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। আকিব জাভেদ স্পষ্ট করেছেন, চুক্তির বাইরে থাকলেও রিজওয়ানসহ অন্যান্য ক্রিকেটাররা নির্বাচনের জন্য বিবেচিত হতে পারবেন। অর্থাৎ, তালিকা থেকে বাদ পড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ তাদের সামনে রয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন