প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা আগামী ঈদুল ফিতরের পূর্বে চালুর লক্ষ্যে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশনা প্রদান করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলমান সাত দিনব্যাপী যানবাহন জরিপ (ট্রাফিক ভলিউম সার্ভে) এবং ইটিসি স্থাপন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় সেতু বিভাগের সচিব এক্সপ্রেসওয়ের তেজগাঁওসহ বিভিন্ন টোল প্লাজায় চলমান যানবাহন জরিপের পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এ সময় জরিপকাজে নিয়োজিত কর্মী ও তদারকির দায়িত্বে থাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনা করেন। টোল প্লাজার সার্ভেইলেন্স ও টোল অপারেশন ব্যবস্থার কার্যক্রম সম্পর্কেও তিনি অবহিত হন।
পরে তিনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ পরিদর্শন করেন। এই নিয়ন্ত্রণকক্ষ থেকে পুরো এক্সপ্রেসওয়ের যানবাহন চলাচল, টোল আদায় ও সার্বিক পরিচালন কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হয়। অপারেশনাল কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল করার জন্য এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে সেতু বিভাগের সচিব এক্সপ্রেসওয়ের বিভিন্ন টোল প্লাজায় আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সারাদেশে একক ও অভিন্ন পদ্ধতিতে জনবান্ধব আধুনিক ইটিসি ব্যবস্থা চালুর উদ্যোগের অংশ হিসেবে টোল লেনে লুপ কাটিংসহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি বনানী ইএন-২ র্যাম্প এলাকায় ইটিসি স্থাপনের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবরও নেন।
পরিদর্শন শেষে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই, পরামর্শক প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট ইঞ্জিনিয়ার, সেফটি কনসালটেন্ট এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেন সেতু বিভাগের সচিব।
সভায় সোনারগাঁও ইএন-২ র্যাম্পটি যান চলাচলের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি। র্যাম্পটি চালুর পূর্বে টোল আদায় ও যানবাহন ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া প্রকল্পের চলমান নির্মাণকাজে সর্বোচ্চ নিরাপত্তা ও গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন তিনি। নির্মাণ, টোল পরিচালনা ও ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সব পক্ষকে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই, পরামর্শক প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট ইঞ্জিনিয়ার এবং সেফটি কনসালটেন্টের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন