ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের শুভেচ্ছা মিছিল


সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের শুভেচ্ছা মিছিল

বিএনপি সরকারের ১৮০ দিন (ছয় মাস) পূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টন এলাকায় শুভেচ্ছা ও আনন্দ মিছিল করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর নটরডেম কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

পরে ফকিরাপুল মোড় হয়ে মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

সংক্ষিপ্ত সমাবেশে গোলাম মওলা শাহীন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দেশের উন্নয়নে ১৮০ দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছিলেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

জনগণের কাছে বিএনপির প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে। পাশাপাশি স্বাধীনতার পর থেকে যে মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের বিষয়টি অবহেলিত ছিল, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের সরকারি বেতন ও ভাতা বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে।

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গ টেনে যুবদলের এই নেতা বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্ব এক যুদ্ধ ও আন্তর্জাতিক জ্বালানি সংকটের দিকে এগিয়ে যায়। বর্তমানে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার কারণেই মূলত এ সংকট তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ইসরাইলি সেটেলারদের সহিংসতার নিন্দা যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


পশ্চিম তীরে ইসরাইলি সেটেলারদের সহিংসতার নিন্দা যুক্তরাজ্যের

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেটেলার তথা অবৈধ বসতিস্থাপনকারীদের সহিংসতার ঘটনায় যুক্তরাজ্য তীব্র নিন্দা জানিয়েছে। আল জাজিরার খবর অনুযায়ী, ফিলিস্তিনের নাবলুসের দক্ষিণে কুসরা গ্রামে ইসরাইলি সেটেলার তথা অবৈধ বসতিস্থাপনকারীদের হামলা ও অবরোধের খবর প্রকাশিত হওয়ার পর আজ শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ব্রিটিশ মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি উল্লেখ করেন, ঘটনাগুলোর খবর পেয়ে তিনি ‘ভীষণভাবে উদ্বিগ্ন’ হয়েছেন।

ডাউটি বলেন, বেসামরিক নাগরিকদের অবশ্যই সুরক্ষা দেবার প্রয়োজন এবং হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য একটি আহ্বান জানান।

যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ইসরাইলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ এবং এগুলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।

প্রতিবেদন অনুযায়ী, কুসরা গ্রামের তিনটি ফিলিস্তিনি বাড়ি ইতোমধ্যে কয়েক দিন ধরে ঘেরাও করে রেখেছে ইসরাইলি সেটেলাররা। অভিযোগ রয়েছে, বাড়িগুলোতে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে, প্রবেশপথ অবরুদ্ধ করা হয়েছে এবং প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সরবরাহে বাধা দেওয়া হয়েছে।

বিবিসি জানাচ্ছে, গত বৃহস্পতিবার ওই তিনটি বাড়ির দুটির বাসিন্দাদের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে। পরে তারা তৃতীয় বাড়িটিতে আশ্রয় নেন। এ ছাড়া গ্রামের অন্যান্য এলাকায় আরো ১১টি বাড়ির বাসিন্দাদেরও বাড়ি ছেড়ে যেতে বলা হয়েছে।

এদিকে কুসরার মেয়র আবদেল আজিম ওয়াদি জানিয়েছেন, গ্রামটিকে ‘অবরুদ্ধ সামরিক এলাকা’ ঘোষণা করা হয়েছে। মেয়র বলেন, ইসরাইলি বাহিনী খালি করা কয়েকটি ফিলিস্তিনি বাড়ি ব্যারাক হিসেবে ব্যবহার করছে।

এসব ঘটনার ফলে নিন্দার ঝড় উঠেছে। আরব দেশগুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ এতে যোগ দিয়েছে। এমনকি ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও এর নিন্দা করেছেন। নাবলুসে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেটেলারদের অবরোধকে তিনি ‘ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হাকাবি বলেন, ওই পরিবারের বাড়ির সঙ্গে যে আচরণ করা হচ্ছে, সেগুলো ‘অপরাধমূলক’। তিনি বলেন, ‘পরিবারটিকে ভয় দেখানো ও হয়রানি করার উদ্দেশ্যে যারা এই ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদের আচরণ ঘৃণ্য। এ ধরনের গুন্ডামির কোনো অজুহাত নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধান রোপণ করে অভিনব প্রতিবাদ: ২০ বছরেও সংস্কার হয়নি বাউরিয়া–নাজিরহাট সংযোগ সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


ধান রোপণ করে অভিনব প্রতিবাদ: ২০ বছরেও সংস্কার হয়নি বাউরিয়া–নাজিরহাট সংযোগ সড়ক

 

দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা বাউরিয়া মহব্বতখার কোণা থেকে নাজিরহাট সংযোগ সড়ক পাকা করার দাবিতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বছরের পর বছর সংস্কারবঞ্চিত এই গুরুত্বপূর্ণ সড়কে ধান রোপণ করে নিজেদের ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ ঘটান এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, হাজার হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা এই সড়কটি সামান্য বৃষ্টিতেই কোমরসমান পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, যার কারণে অনেক সময় জরুরি যাতায়াতও ব্যাহত হয়।

এলাকাবাসী জানান, সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবিতে তারা বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন। কিন্তু দীর্ঘদিনেও দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন। তাদের ভাষ্য, নির্বাচন এলেই বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এই সড়কের ভাগ্যে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা সড়কের ওপর ধান রোপণ করেন এবং দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানান। তারা বলেন, মানুষের চলাচলের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সড়ক যখন বছরের পর বছর জলাবদ্ধতায় ডুবে থাকে, তখন তা উন্নয়নের চিত্র নয়; বরং অবহেলারই প্রতীক।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংসদ সদস্য ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশন মাদ্রাজ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বোচ্চ আলোচনায় আবু সায়েম মালতিয়া

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


চরফ্যাশন মাদ্রাজ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বোচ্চ আলোচনায় আবু সায়েম মালতিয়া

মাদ্রাজ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আবু সায়েম মালতিয়াকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে তিনি অনেকের কাছে প্রিয় মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।

আবু সায়েম মালতিয়া স্থানীয় সংসদ সদস্যের স্নেহধন্য।
তিনি সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুস শহীদ মালতিয়ার সন্তান।
পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং দীর্ঘদিনের জনসম্পৃক্ততার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।

ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই চেয়ারম্যান হিসেবে আবু সায়েম মালতিয়াকে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, একজন তরুণ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে তিনি ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা এবং জনগণের সেবায় ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশা করেন।

নির্বাচনের ফলাফল নির্ধারণ করবেন ভোটাররাই, তবুও স্থানীয় আলোচনায় আবু সায়েম মালতিয়া অন্যতম আলোচিত ও শক্তিশালী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী কুড়িগ্রাম

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও

 

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা খাতুনকে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

 
স্থানীয়দের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত বেতনভুক্ত ব্যক্তিদের অযোগ্য হিসেবে বিবেচনা করা হলেও একজন নির্বাচিত জনপ্রতিনিধি কীভাবে তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ পেলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
 
সরকারের অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড প্রদানের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের আবেদন ও পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা গেছে, পাইকেরছড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা খাতুন ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তবে একজন জনপ্রতিনিধি একই সঙ্গে তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কি না, সে বিষয়ে কোনো বিধিনিষেধ রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
 
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয়করণের মাধ্যমে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে বলে সমালোচনা চলছে। একই সঙ্গে অন্যান্য উপজেলায় মোবাইল নম্বরসহ নিয়োগের তালিকা প্রকাশ করা হলেও ভূরুঙ্গামারীতে মোবাইল নম্বর ছাড়া ফলাফল প্রকাশ করায় প্রশ্ন উঠেছে।
 
সচেতন মহলের মতে, বিষয়টি নিয়ে জনমনে যে প্রশ্নের সৃষ্টি হয়েছে, তার জবাব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত নিয়োগ প্রক্রিয়া ও যোগ্যতার শর্ত স্পষ্ট করা। প্রয়োজনে বিষয়টি তদন্ত করে কোনো অনিয়ম পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
 
রেহানা খাতুন জানান, তিনি সমাজসেবা অফিসে কাজের জন্য গেলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগের বিষয়ে জানতে পারেন। পরে বাইরে একটি কম্পিউটার দোকান থেকে আবেদনপত্র সংগ্রহ করে জমা দেন এবং পেশা হিসেবে গৃহিণী উল্লেখ করেন।
 
তিনি জানান, পরীক্ষার মেসেজ পেয়ে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় চারটি প্রশ্ন করা হলে তিনি সঠিক উত্তর দেন। আমাকে নিয়ে লেখালিখি হয়েছে জানতে পেরে আজ ১৪ অক্টোবর রেজাল্ট দেখে আমার নাম দেখতে পাই। তিনি বলেন, ইউপি সদস্য হিসেবে তিনি ৩ হাজার ৫০০ টাকা সম্মানী পান। তার স্বামী আবু সাঈদ অসুস্থ এবং তার চিকিৎসার ব্যয় বহন করতে হয়।
 
তাকে ঘিরে সমালোচনার বিষয়ে রেহানা খাতুন বলেন, একজন নাগরিক হিসেবে তিনি সরকারকে সহযোগিতা করতেই পারেন। তবে আইন অনুযায়ী যদি এটি সঠিক না হয়, তাহলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হলে তার কোনো সমস্যা নেই।
 
নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামছুজ্জামান বলেন, আবেদনে যদি ইউপি সদস্য হিসেবে উল্লেখ করা হতো, তাহলে বিষয়টি সহজ হতো। এ বিষয়ে সভাপতি ও ইউএনওর সঙ্গে কথা না বলে তিনি কিছু বলতে পারবেন না।
 
নিয়োগ কমিটির সভাপতি ও ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, যারা এ কার্যক্রমের আওতায় কাজ করতে পারবেন না, তিনি যদি নীতিমালার সেই শ্রেণির মধ্যে পড়ে থাকেন, তাহলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় ব্যক্তি বা সুপারিশপ্রাপ্তদের নিয়োগ দেওয়ার অভিযোগ বিষয়ে বলেন, সঠিকভাবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।
 
অন্যান্য উপজেলায় মোবাইল নম্বরসহ ফলাফল প্রকাশ করা হলেও ভূরুঙ্গামারীতে না হওয়া বিষয়ে বলেন, একেকজন একেক ফরম্যাটে ফলাফল প্রকাশ করেছেন। তবে মোবাইল নম্বর ছাড়া প্রয়োজনীয় অন্যান্য তথ্য প্রকাশ করা হয়েছে।
 
নীতিমালা ও বাস্তবতায় দাবি কী?
 
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের শুমারিকালীন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগসংক্রান্ত নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য নিরপেক্ষ ও খণ্ডকালীন স্বেচ্ছাসেবক বা প্যানেলভুক্ত ব্যক্তিদের দায়িত্ব পালনের কথা উল্লেখ রয়েছে।
 
নীতিমালা অনুযায়ী জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো তথ্য সংগ্রহ শেষে স্থানীয় পর্যায়ে তালিকা যাচাই ও তদারকি করা। তবে সরাসরি তথ্য সংগ্রহকারী বা এনুমারেটর হিসেবে দায়িত্ব পালন করলে স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
 
তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের বিধিমালা লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%