ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫


রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী-সহ গ্রেফতার ২৫
 রাজশাহী নগরীতে নাশকতা, মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের পৃথক অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) এসব অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, নগরীর রাজপাড়া থানা পুলিশ দুপুরে লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকা থেকে শেখ শিহাব উদ্দিন ওরফে অনিক (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে। পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে তিনি সেখানে ঝটিকা মিছিল করে এবং ১৫ নভেম্বর বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
নগরীর শাহমখুদম থানা এলাকা থেকে ১২০ গ্রাম গাঁজাসহ রুনা বেগম (৩০) নামে এক নারীকে আটক করে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একজন পালিয়ে যায়।
এদিকে, মহানগর ডিবি পুলিশ হড়গ্রাম নিউ মার্কেটের পেছনে খন্দকার মার্কেটের একটি দোকান থেকে ২০পিস ইয়াবা খালিদ হাসান ওরফে আলাল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরমোনাই দরবার শরিফে শুক্রবার শুরু হচ্ছে অগ্রহায়ণের মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


চরমোনাই দরবার শরিফে শুক্রবার শুরু হচ্ছে অগ্রহায়ণের মাহফিল

ঐতিহাসিক চরমোনাই দরবার শরিফে অগ্রহায়ণ মাসের বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার বাদ জুমা থেকে শুরু হতে যাচ্ছে। পীর ছাহেব চরমোনাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর হজরত মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে এই তিন দিনের মাহফিলের সূচনা হবে।

চরমোনাই আহসানাবাদ রশিদিয়া মাদ্রাসার উদ্যোগে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মাহফিলে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ ৭টি মূল বয়ান প্রদান করবেন বলে জানানো হয়েছে। চরমোনাই দরবার শরিফের সূত্রে জানা গেছে, উদ্বোধনী ও আখেরি বয়ানসহ পীর ছাহেব চরমোনাই ৪টি বয়ান দেবেন।

মাহফিলের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দেশ ও বিদেশ থেকে আগত মুরিদান ও মুসল্লিয়ানদের মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি দরবার শরিফে অবস্থান করে ৩ দিনের ওয়াজ শ্রবণের সব ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর দুই বছর পর গাজীপুরে দুই সাবেক জনপ্রতিনিধি নাশকতা মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


মৃত্যুর দুই বছর পর গাজীপুরে দুই সাবেক জনপ্রতিনিধি নাশকতা মামলার আসামি

মৃত্যুর দুই বছর অতিবাহিত হলেও গাজীপুরের শ্রীপুরের সাবেক দুই জনপ্রতিনিধি সন্ত্রাসবিরোধী আইনে নাশকতার মামলার আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন। তাদের মধ্যে একজন সাবেক পৌরসভার কাউন্সিলর এবং অন্যজন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

পরিবারের সদস্যরা জীবিত না থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে আসামি করার বিষয়টি নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন মামলাটি দায়ের করেন। মামলায় মোট ১১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকার ৯১ নম্বরে রয়েছেন শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগর। উল্লেখ্য, তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে অবস্থিত।

অন্যদিকে, একই মামলার ১০৪ নম্বর আসামি হলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলী। বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর প্রায় দুই বছর পর এই মামলায় তাদের দুজনকেই আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলায় শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিলকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মৃত আলী আজগরের জামাতা ফজলে রাব্বী মন্তব্য করেছেন, ‘একজন মানুষ মারা যাওয়ার দুই বছর পর কীভাবে তাকে মামলার আসামি করা হয়? বিষয়টি খুবই দুঃখজনক। এতে তাদের পরিবার কষ্ট পেয়েছে। এখন বিষয়টি কীভাবে মীমাংসা হবে, তা-ও বুঝতে পারছি না।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে মামলা করা হয়েছে, এতে অনেক আসামি রয়েছেন। কীভাবে মৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় এসেছে, তা তদন্ত করা হচ্ছে এবং দুজনের নাম চূড়ান্তভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে টিউব চালকদের ধর্মঘট শুরু, যাতায়াতে বিঘ্নের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


লন্ডনে টিউব চালকদের ধর্মঘট শুরু, যাতায়াতে বিঘ্নের আশঙ্কা

যুক্তরাজ্যের লন্ডন আন্ডারগ্রাউন্ডের (টিউব) চালকরা কর্মপরিবেশ নিয়ে বিরোধের কারণে এক দিনের ধর্মঘট শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে লন্ডনে ব্যাপক যাতায়াত বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট (আরএমটি) ইউনিয়নের সদস্য চালকরা ২৪ ঘণ্টার এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। এটি ধারাবাহিক কর্মবিরতির অংশ হিসেবে প্রথম ধর্মঘট।

বুধবার ইউনিয়নটি জানায়, কর্মপরিবেশের সমস্যার সমাধান না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট শুরু হচ্ছে। ইউনিয়নের অভিযোগ, নতুন কর্মব্যবস্থা চালুর পরিকল্পনা বিদ্যমান চুক্তি ও সমঝোতাকে দুর্বল করে কর্মপরিবেশকে আরো খারাপ করবে।

আরএমটির দাবি, প্রস্তাবিত ব্যবস্থায় চালকদের ট্রেন চালানোর সময় বৃদ্ধি পাবে, দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হবে এবং আগের তুলনায় আরো সকালে কাজে যোগ দিতে ও দেরিতে দায়িত্ব শেষ করতে হবে। এছাড়া স্বল্প নোটিশে ডিউটি পরিবর্তন এবং দায়িত্ব বদল ও বার্ষিক ছুটির সুবিধা সংকুচিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইউনিয়নের সাধারণ সম্পাদক এডি ডেম্পসি বিবৃতিতে বলেন, নতুন ব্যবস্থার কারণে কোনো চালক ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে বারবার নিশ্চয়তা চাওয়া হয়েছে। কিন্তু লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষ সেই নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে।

ইউনিয়নটি জানিয়েছে, আগামী ১৭ ও ১৯ ডিসেম্বর, ৪ ও ৬ জানুয়ারি এবং ১৭, ২৩ ও ২৫ ফেব্রুয়ারি আরো ধর্মঘট পালনের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে ৭৫ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে ৭৫ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হয়েছে। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট-এর পরিচালনা কমিটির সভাপতি ড. এম এম জাহিদ হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী, ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট-এর ইনচার্জ ও সহকারী প্রশিক্ষক (টিডিএম) ফাতেমা খাতুন, এবং ফিল্ড কো অর্ডিনেটর মো. মনিরুজ্জামান ফারুক।

অনুষ্ঠানে ভাব বাংলাদেশের প্রকল্পভুক্ত উপজেলার আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি এবং কম্পিউটার অপারেশন লেভেল-২ কোর্সের ৫ জন কম্পিটেন্ট শিক্ষার্থীকে এককালীন প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হয়। সভায় জানানো হয়, ভাব বাংলাদেশ ২০১৮ সাল থেকে এ উপজেলায় কার্যক্রম শুরু করে। বর্তমানে উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয় সংস্থাটির কার্যক্রমের আওতাভুক্ত রয়েছে।

এসব প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, স্কুল ড্রেস বিতরণ, মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। এছাড়া সংস্থাটি পরিচালিত ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল-২ ও লেভেল-৩ এবং টেইলারিং ও ড্রেস মেকিং লেভেল-২ কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। প্রশিক্ষণ শেষে কম্পিটেন্ট শিক্ষার্থীদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক সনদ প্রদান করা হয়। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে তাদের এককালীন প্রশিক্ষণ বৃত্তি দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%