প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউজে ৪০ কোটি ডলার ব্যয়ে একটি বলরুম তৈরির কাজ বন্ধের জন্য নির্দেশ দিয়েছে একটি ফেডারেল আপিল আদালত।
এই বলরুম তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল হোয়াইট হাউজের ভেঙে ফেলা ইস্ট উইংয়ের জায়গায়। আদালতের এই নির্দেশের ফলে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের এখতিয়ারের সীমা পরীক্ষায় আরেকটি আইনি লড়াইয়ে একটি বড় ধরনের ধাক্কা খেয়েছেন।
শুক্রবার, ওয়াশিংটন-ভিত্তিক ডিসট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের আপিল আদালত ২-১ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বলরুমের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, “প্রতিটি প্রেসিডেন্টই হোয়াইট হাউজের সাময়িক বাসিন্দা, তারা স্থায়ী মালিক নন। তাই কংগ্রেসের অনুমোদন ছাড়া হোয়াইট হাউজের মতো ঐতিহাসিক স্থাপনা পুনর্গঠন বা এর কাঠামো পরিবর্তন ঘটানো যায় না।”
গত বছর ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউজের ইস্ট উইং ভেঙে সেখানে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের বিশাল বলরুম তৈরির কাজ শুরু করেছিল। কিন্তু এই প্রকল্পের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি।
বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করা এবং নিরাপত্তার স্বার্থে এই বলরুমটি প্রয়োজন বলে দাবি করেছিল ট্রাম্প প্রশাসন। তবে এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণসংক্রান্ত সংস্থা ‘ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন’ আদালতে মামলা করেছে। অভিযোগ ছিল, ট্রাম্প তার প্রেসিডেন্সির ক্ষমতার সীমা অতিক্রম করে হোয়াইট হাউজের ঐতিহ্যবাহী ইস্ট উইং ধ্বংস করে সেখানে নতুন কাঠামো নির্মাণ শুরু করেছেন।
এই অভিযোগ প্রাথমিকভাবে আমলে নেয়া হয়েছে এবং ইউএস ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড লিওন গত এপ্রিলে হোয়াইট হাউজে ট্রাম্পের বলরুম তৈরির কাজ আটকে দেন। শুক্রবার ফেডারেল আপিল আদালতের দেওয়া আদেশের মাধ্যমে আগের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ দিতে আপিল আদালত ১৪ দিনের জন্য আদেশটি স্থগিত রেখেছে। এ বিষয়ে হোয়াইট হাউজ কিংবা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন