প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি কভার্ডভ্যানের চাপায় ইয়াসিন আলী (১৭) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকার ওই মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। তার মায়ের নাম শাপলা বেগম। বর্তমানে, তিনি গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুরা কাজীপাড়া এলাকায় নাজিমুদ্দিনের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ইয়াসিন গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এই সময়, দ্রুত চলমান একটি কভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ইয়াসিন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে, ইয়াসিনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কভার্ডভ্যানটি জব্দ করেছে। নিহত শিক্ষার্থীর মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত এবং আটক করার জন্য পুলিশ কাজ করতেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন