প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের জনপ্রিয় তারকা সালমান খানের প্রতি চাঁদনীর ভালোবাসা ছোটবেলা থেকেই রয়েছে। প্রিয় নায়কের সঙ্গে দেখা হওয়ার পর তিনি দীর্ঘ সময় ধরে সালমানের হাত ধরে ছিলেন। বাড়িতে ফিরে আসার পর, সাত দিন তিনি সেই হাত ধোয়ার সাহস পাননি, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। সম্প্রতি সালমানের সঙ্গে দেখা হওয়ার সেই আনন্দময় স্মৃতি তিনি ভাগাভাগি করেছেন।
শৈশব থেকেই সালমান খানের একজন ভক্ত হিসেবে পরিচিত চাঁদনী। তার প্রিয় তারকার ছবি তিনি ঘরের দরজায় এবং পড়ার টেবিলের সামনে টাঙিয়ে রাখতেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি সালমানের প্রতি নিজের ভালো লাগার কথা প্রকাশ করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাঁদনী সালমানের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার সাল্লুর সঙ্গে। যারা আমার সাক্ষাৎকার দেখে বলেছিলেন, ‘চাপা’, এই ছবি তাদের জন্য।’
সালমানের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি চাঁদনী শেয়ার করে বলেন, ১৯৯৭-৯৮ সালের দিকে বাংলাদেশে একটি অনুষ্ঠানে আসার কথা ছিল এই বলিউড তারকার। খবরটি শোনার পর তিনি অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন। কিন্তু পরে জানতে পারেন, কোনো কারণে অনুষ্ঠানটি আর হচ্ছে না। এতে তার মন ভীষণ খারাপ হয়েছিল।
এরপর তিনি প্রিয় নায়কের সঙ্গে দেখা করার সুযোগ খুঁজতে থাকেন। একসময় জানতে পারেন, সালমান খান বাংলাদেশে এসেছেন এবং শেরাটন হোটেলে অবস্থান করছেন। বর্তমানে হোটেলটির নাম ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।
চাঁদনী তার মা, বান্ধবী সাদিয়া ইসলাম এবং ফটোগ্রাফার মহসিন ভাইকে নিয়ে হোটেলে চলে যান। প্রথমে দেখা করার সুযোগ না পেলেও পরে নানা উপায়ে সেই সুযোগ তৈরি করেন। একপর্যায়ে সালমানের কক্ষের ঠিকানা পেয়ে যান তারা।
সেই অভিজ্ঞতা জানিয়ে চাঁদনী বলেন, ‘নানাভাবে সুযোগটা করে নিতে হয়েছিল। পরে রুমের ঠিকানা পাই। সঙ্গে মা, বান্ধবী সাদিয়া ইসলাম আর আমাদের ফটোগ্রাফার মহসিন ভাই ছিলেন। গিয়ে দেখি, সালমান খান একাই রুমে রয়েছেন। অনুমতি নিয়ে তখন আমি তার পাশে গিয়ে দাঁড়াই।’
সেই সময় চাঁদনী স্কুলে পড়তেন। সালমানের কাছে নিজের নাম এবং পরিচয় তুলে ধরে ছবি তোলার কথা জানান। সেই সময় প্রিয় তারকার হাত ধরে থাকার স্মৃতিটি আজও তার কাছে অমলিন রয়েছে।
চাঁদনী বলেন, ‘আমি সেদিন সালমান খানের হাত ধরে ছিলাম। যত সময় ছিলাম, পুরো সময়েই হাত ধরে ছিলাম। তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন। পরে অটোগ্রাফে লিখলেন, ‘চাঁদনী, ফর ইয়োর সালমান।’
সালমানের সেই আচরণ এবং চাহনি এখনও চাঁদনীর মনে গেঁথে আছে। তার ভাষায়, ‘এ লেখা আর তার জিজ্ঞাসা করার সময়টা এখনও আমার চোখের সামনে ভাসে। তিনি একটু লাজুক টাইপের ছিলেন। নাম জিজ্ঞাসা করার সময়ে তিনি আমার দিকে তাকিয়েছিলেন। সেই চাহনি এখনও আমার মনে আছে।’
প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার পর হাত না ধোয়ার ঘটনাটি বলতে গিয়ে চাঁদনী হাসেন। তিনি বলেন, ‘আমি সালমান খানের সঙ্গে দেখা হওয়ার পুরো সময় তাকে ধরে ছিলাম। হ্যান্ডশেক করেছিলাম। পরে বাসায় এসে ৭ দিন ওই হাতই ধুইনি। এটা আসলে কিশোর মনের একটা পাগলামি ছিল। ক্রেজি ফ্যান বলতে যা বোঝায়। আমি তাকে এতটাই পছন্দ করতাম যে আমার বাসায়, আমার রুমের অনেক স্থানে তার ছবি টাঙিয়ে রাখতাম। বাচ্চাকালে কত কিছু করেছি।’
১৯৮৯ সালে মুক্তি পাওয়া সালমান খানের সিনেমা ‘ম্যায়নে প্যার কিয়া’ দেখেই তার প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল বলে জানান চাঁদনী। সেই ভালো লাগা থেকেই একসময় প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজেছিলেন তিনি। আর সেই সাক্ষাতের স্মৃতি আজও তার কাছে বিশেষ হয়ে আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন