প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নভেম্বর মাসটি ফুসফুস ক্যানসার সচেতনতার মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি বিশ্বব্যাপী ক্যানসারজনিত মৃত্যুর একটি প্রধান কারণ হিসেবে বিবেচিত। বাংলাদেশের প্রেক্ষাপটেও এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। যদিও ধূমপান ফুসফুস ক্যানসারের মূল কারণ, অধূমপায়ীদের মধ্যেও এই রোগের উপস্থিতি দেখা যেতে পারে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে অনেক ক্ষেত্রে সফল চিকিৎসা সম্ভব। সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি কমানো এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে ফুসফুস ক্যানসারের ঝুঁকি ও জটিলতা কমানো সম্ভব।
ফুসফুস ক্যানসারের কারণ
ফুসফুস ক্যানসার ঘটে ফুসফুসের স্বাভাবিক কোষের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে।
এর প্রধান কারণ ও ঝুঁকিগুলো হলো—
ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার : সিগারেট, বিড়ি এবং অন্যান্য তামাকজাত দ্রব্যের ব্যবহার।
দীর্ঘকাল ধরে ধূমপান করা এবং প্রতিদিন অধিক পরিমাণে ধূমপান করা।
অন্যের সিগারেটের ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করা বা পরোক্ষ ধূমপান।
বায়ুদূষণ : দীর্ঘ সময় ধরে বায়ুদূষণের সংস্পর্শে থাকা।
কর্মক্ষেত্রে ক্ষতিকর পদার্থের সংস্পর্শ : যেমন : Asbestos, Silica, Arsenic এবং Diesel exhaust।
পারিবারিক ইতিহাস : পরিবারের নিকটাত্মীয়ের ফুসফুস ক্যানসার থাকলে ঝুঁকি কিছুটা বাড়তে পারে।
অন্যান্য ঝুঁকি : দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, radon গ্যাসের সংস্পর্শ এবং কিছু ক্ষেত্রে বংশগত জিনগত বৈশিষ্ট্য। মনে রাখতে হবে, ধূমপান না করলেও ফুসফুস ক্যানসার হতে পারে।
ফুসফুস ক্যানসারের লক্ষণ : ফুসফুস ক্যানসারের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণ প্রকাশ পায় না। রোগের অগ্রগতির সঙ্গে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে।
প্রধান লক্ষণগুলো
* দীর্ঘস্থায়ী কাশি বা কাশির ধরনে পরিবর্তন।
* কাশির সঙ্গে রক্ত আসা।
* বুকে ব্যথা বা চাপ অনুভব করা।
* শ্বাসকষ্ট।
* কণ্ঠস্বর পরিবর্তন বা ভেঙে যাওয়া।
* অকারণে ওজন কমে যাওয়া।
* ক্ষুধামান্দ্য ও দীর্ঘস্থায়ী ক্লান্তি।
* বারবার নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ হওয়া।
কখন সতর্ক হবেন
দীর্ঘস্থায়ী কাশি, কাশির সঙ্গে রক্ত আসা অথবা অকারণে ওজন কমে যাওয়ার মতো লক্ষণগুলোকে অবহেলা করা উচিত নয়। এগুলো ফুসফুস ক্যানসার ছাড়াও বিভিন্ন রোগের কারণে হতে পারে।
এজন্য সঠিক রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন।
ফুসফুস ক্যানসার প্রতিরোধের উপায়
ফুসফুস ক্যানসারের সব ক্ষেত্রে প্রতিরোধ সম্ভব নয়, তবে কিছু কার্যকর পদক্ষেপের মাধ্যমে এর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যেতে পারে।
* ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করুন।
* ধূমপান ফুসফুস ক্যানসারের অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য কারণ। যারা ধূমপান করেন, তাদের জন্য ধূমপান ত্যাগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধূমপান ত্যাগের পর সময়ের সঙ্গে ফুসফুস ক্যানসারের ঝুঁকি কমতে থাকে।
* পরোক্ষ ধূমপান থেকে দূরে থাকুন।
* নিজের বাড়ি, কর্মক্ষেত্র ও গাড়িকে ধূমপানমুক্ত রাখুন।
* বায়ুদূষণ কমানোর চেষ্টা করুন।
* ধুলাবালি ও দূষিত বাতাসের সংস্পর্শ কমাতে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গ্রহণ করুন।
* কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করুন।
* Asbestos, silica ও অন্যান্য ক্ষতিকর পদার্থের সংস্পর্শে কাজ করার সময় উপযুক্ত সুরক্ষাব্যবস্থা গ্রহণ করুন।
উচ্চঝুঁকিতে থাকলে
বর্তমানে বা অতীতে দীর্ঘকাল ধরে ধূমপান করেছেন এমন ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শে Low-dose CT (LDCT) screening-এর উপযুক্ততা যাচাই করা উচিত। তবে সবার জন্য নিয়মিত CT scan প্রয়োজন হয় না। Screening মূলত নির্দিষ্ট উচ্চঝুঁকির ব্যক্তিদের জন্য প্রযোজ্য।
সন্দেহ হলে কী করবেন
ফুসফুস ক্যানসার সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে।
রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন অনুযায়ী করা হয়—
* Chest CT scan
* Bronchoscopy
* Biopsy ও Histopathology
* Molecular testing ও Biomarker analysis
রোগের ধরন, Stage এবং Biomarker-এর ফলাফলের ওপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণ করা হয়। বর্তমানে ফুসফুস ক্যানসারের চিকিৎসায় Surgery, Chemotherapy, Radiotherapy, Targeted Therapy এবং Immunotherapy ব্যবহৃত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রে নিরাময়ের উদ্দেশ্যে চিকিৎসা দেওয়া সম্ভব। ফুসফুস ক্যানসার প্রতিরোধে ধূমপান ত্যাগ করুন, ধূমপানমুক্ত পরিবেশ গড়ে তুলুন এবং দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের উপসর্গ অবহেলা করবেন না।
মনে রাখবেন, ক্যানসার মানেই মৃত্যু নয়। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক রোগীর জীবন রক্ষা করা সম্ভব। আসুন, নভেম্বর মাসে ফুসফুস ক্যানসার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিই এবং একটি সুস্থ, ধূমপানমুক্ত সমাজ গড়ে তুলি।
লেখক : রেডিয়েশন অনকোলজিস্ট টিএমএসএস ক্যানসার সেন্টার, বগুড়া
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন