প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য এবং ‘বিশু গ্যাং’ এর প্রধান হিসেবে পরিচিত বিশু মন্ডল (৪০) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মুকসুদপুর থানার বাঘাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬ এর সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়।
এসআরবি-৬ এর দেওয়া তথ্য অনুযায়ী, বিশু মন্ডল মানব পাচার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। অভিযোগ রয়েছে যে, ইতালিতে পাঠানোর কথা বলে তিনি এক ব্যক্তির কাছ থেকে প্রথমে দুই লাখ টাকা ও পাসপোর্ট গ্রহণ করেন। পরে আরও ১২ লাখ টাকা নিয়ে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিশর এবং পরে লিবিয়ায় পাঠানো হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, লিবিয়ায় পৌঁছানোর পর বিশু মন্ডলের সহযোগীরা ওই ব্যক্তিকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের কাছে তুলে দেয়। সেখানে তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠানো হয়, এরপর মুক্তিপণ হিসেবে ২৫ লাখ টাকা দাবি করা হয়। পরবর্তীতে বিশু মন্ডলের সহযোগীরা ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ওই টাকা আদায় করে।
অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীকে একবার ছেড়ে দেওয়া হলেও পরে আবার মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। এরপর তাকে পুনরায় নির্যাতন করে পরিবারের কাছে ভিডিও পাঠানো হয় এবং আরও ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। ট্রাইবুনালের নির্দেশে মুকসুদপুর থানায় বিশু মন্ডলসহ অন্যান্যদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়।
এসআরবি-৬ জানিয়েছে, বিশু মন্ডলের বিরুদ্ধে এর আগে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর বিশু মন্ডলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন