ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাইট্টাপাড়া বাজারে যুবসমাজের খেলার মাঠের দাবিতে মানববন্ধন


বাইট্টাপাড়া বাজারে যুবসমাজের খেলার মাঠের দাবিতে মানববন্ধন

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলার গুরুত্বপূর্ণ বাইট্টাপাড়া বাজারে শিশু-কিশোর ও যুবসমাজের জন্য খেলার মাঠের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বাইট্টাপাড়া বাজার এলাকায় স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার জন্য খেলাধুলার বিকল্প নেই। তবে, অত্যন্ত দুঃখজনকভাবে, বাইট্টাপাড়া বাজারে শিশুদের জন্য যে একমাত্র খেলার মাঠটি ছিল, সেটি মডেল মসজিদ নির্মাণের জন্য নিয়ে নেওয়া হয়েছে। এর ফলে, এলাকার শিশু-কিশোরদের জন্য বিকল্প কোনো খেলার মাঠ তৈরি করা হয়নি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে পরাজিত করে তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত

বক্তারা আরও বলেন, বাইট্টাপাড়া একটি অত্যন্ত জনবহুল এলাকা, যেখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস রয়েছে। গুরুত্বপূর্ণ এই বাজারে খোলা জায়গা বা মাঠের অভাব রয়েছে, যা অগ্নিকাণ্ড বা জরুরি দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা জরুরি যানবাহন পার্কিংয়ের জন্য কোনো ব্যবস্থা নেই। এ কারণে পুরো বাজার এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে।

মানববন্ধন থেকে এলাকাবাসী ও যুবসমাজ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বাইট্টা পাড়া এলাকায় একটি স্থায়ী খেলার মাঠের ব্যবস্থা করার জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ ছয় উপসাগরীয় দেশ থেকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ ছয় উপসাগরীয় দেশ থেকে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে আসা প্রবাসী আয়ের ৪৪ দশমিক ৬ শতাংশ মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ থেকে এসেছে। এই দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা আরও স্পষ্ট হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে ছয়টি উপসাগরীয় দেশ থেকে এসেছে ৫১১ কোটি ৪১ লাখ ৯০ হাজার ডলার।

দেশভিত্তিক হিসাবে, সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। চার মাসে দেশটি থেকে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার এসেছে, যা মোট প্রবাসী আয়ের ১৯ দশমিক ২ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে এসেছে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার, যা মোট আয়ের ৯ শতাংশ। এছাড়া কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার (৫ দশমিক ৪ শতাংশ), ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার (৪ দশমিক ৮ শতাংশ), কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার (৪ দশমিক ৩ শতাংশ) এবং বাহরাইন থেকে ২২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ২ শতাংশ) এসেছে।

মাসভিত্তিক পরিসংখ্যানেও উপসাগরীয় দেশগুলোর ধারাবাহিক অবদান দেখা গেছে। জুলাই মাসে ছয়টি দেশ থেকে ১২৯ কোটি ৯০ লাখ ডলার এসেছে, যা ওই মাসের মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ। আগস্টে এসেছে ১২৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার, যা মোট আয়ের ৪২ দশমিক ৬ শতাংশ।

সেপ্টেম্বরে এই ছয় দেশ থেকে প্রবাসী আয় এসেছে ১২৪ কোটি ৭০ লাখ ১০ হাজার ডলার, যা ওই মাসের মোট আয়ের ৪৫ দশমিক ১ শতাংশ। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলারে, যা মাসটির মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ।

অর্থাৎ, টানা চার মাসে বাংলাদেশের মোট প্রবাসী আয়ের ৪২ শতাংশের বেশি এসেছে এই ছয় দেশ থেকে। এতে দেশের বৈদেশিক মুদ্রার জোগানে উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবদানের বিষয়টি উঠে এসেছে।

প্রবাসী আয়ের অন্যান্য বড় উৎসের মধ্যে যুক্তরাজ্য থেকে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার এসেছে, যা মোট আয়ের ১৪ দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার বা ৯ দশমিক ২ শতাংশ এসেছে। এছাড়া মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার (৭ দশমিক ৯ শতাংশ) এবং ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার (৬ দশমিক ৭ শতাংশ) এসেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, উপসাগরীয় দেশগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় আসার বিষয়টি ওই অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরেছে।

তিনি বলেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। এটি প্রমাণ করে, প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার ওপর ক্রমেই বেশি আস্থা রাখছেন।

প্রবাসী আয় পাঠানোর প্রক্রিয়া সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানো হচ্ছে।

আরিফ হোসেন খান বলেন, প্রবাসী আয়ের বৃদ্ধি প্রবাসী কর্মী ও তাদের পরিবারের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার ওপর আস্থার ইতিবাচক ইঙ্গিত।

তিনি আরও বলেন, প্রবাসী আয় পাঠানোর সুযোগ সহজ করা, ব্যাংকিং সেবার মান উন্নত করা এবং আনুষ্ঠানিক বৈদেশিক মুদ্রাবাজারকে শক্তিশালী করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করে বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, তাদের পাঠানো অর্থ বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তার আশা, প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ দেশের লেনদেনের ভারসাম্য উন্নত করবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করবে এবং বৈদেশিক খাতে আরও স্থিতিশীলতা আনবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের প্রবাসী নিজাম উদ্দিন ভূঁইয়া সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, দেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ প্রবাসীদের জন্য সহায়ক হচ্ছে।

তবে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত বাংলাদেশিদের দেশে অর্থ পাঠানোর সক্ষমতা অনেকাংশে নির্ভর করে সংশ্লিষ্ট দেশে কর্মসংস্থানের সুযোগ, আয়ের পরিমাণ ও জীবনযাত্রার ব্যয়ের ওপর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান বলেন, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে বৈচিত্র্য আনতে হবে। একই সঙ্গে কর্মীদের দক্ষতা বাড়ানো এবং নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ অনুসন্ধান করা জরুরি। এতে সীমিত কয়েকটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও কমবে।

তিনি বলেন, প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এটি লাখ লাখ পরিবারের জীবনযাত্রায় সহায়তা করছে, দেশের অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াচ্ছে এবং বৈদেশিক আর্থিক স্থিতিশীলতা জোরদার করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপি মোটরযান চালকদের দুঃসংবাদ দিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


ডিএমপি মোটরযান চালকদের দুঃসংবাদ দিল

রাজধানীর যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন এবং বিকন লাইটের সংযোজন ও ব্যবহার বন্ধ করার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একটি কঠোর বার্তা প্রদান করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ কর্তৃক স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে চলাচলরত কিছু যানবাহনে অননুমোদিতভাবে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন করা হচ্ছে। এসব সরঞ্জামের অযাচিত ব্যবহার তীব্র শব্দদূষণ সৃষ্টি করছে, যা নগরবাসীর জন্য চরম জনদুর্ভোগ সৃষ্টি করছে এবং সড়কে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটাচ্ছে।

এছাড়া, অতিরিক্ত ও বিকট শব্দের কারণে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, সংশ্লিষ্ট যানবাহন মালিক ও চালকদের আগামী ১ ডিসেম্বরের আগে নিজ দায়িত্বে এসব সরঞ্জাম অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের পর যদি কোনো যানবাহনে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন বা বিকন লাইট সংযোজিত অবস্থায় কিংবা ব্যবহৃত হতে দেখা যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-বরিশাল রেলপথের রুট ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে: রেলমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


ঢাকা-বরিশাল রেলপথের রুট ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে: রেলমন্ত্রী

সংসদ ভবন, ১৭ নভেম্বর, ২০২৬ : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম আগামী ছয় মাসের মধ্যে ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মন্ত্রী এই মন্তব্যটি মঙ্গলবার জাতীয় সংসদে বরিশাল-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবেদীনের জরুরী জনগুরুত্বসম্পন্ন বিষয়ে ৭১ বিধির আওতায় আনীত নোটিশের জবাবে জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী বলেন, সরকার বরিশালকে রেল নেটওয়ার্কের আওতায় আনার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে দুটি সম্ভাব্য রুট নিয়ে পরিকল্পনা চলছে। রুটগুলো হলো ঢাকা-ভাঙ্গা-বরিশাল এবং পদ্মা সেতু হয়ে ঢাকা-বরিশাল।

তিনি আরও জানান, সাবেক সংসদ সদস্য মিয়া মোহাম্মদ নুরউদ্দিন আহমেদ অপুর ডিও লেটারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পাওয়ার পর শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট হয়ে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে।

এর আগে ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে মাদারীপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠি হয়ে পায়রা বন্দর পর্যন্ত ২৪১ কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য ৪১ হাজার ৭৯৭ কোটি টাকা ব্যয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে ১৯০ কিলোমিটার মূল রেললাইন নির্মাণের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণ অর্থনৈতিকভাবে লাভজনক নয়।

মন্ত্রী জানান, চলমান সমীক্ষা আগামী তিন মাসের মধ্যে শেষ হবে। এরপর দুটি সমীক্ষার ফলাফল সমন্বয় করে আরও দুই মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশা প্রকাশ করেছেন। রুট নির্ধারণে সর্বাধিক সংখ্যক মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনা করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় রয়েছে। সরকার আরও ১০টি জেলার রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা করছে। বরিশালসহ প্রস্তাবিত রুটের জেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রী আগামী অর্থবছরের বাজেটে প্রকল্পটির জন্য অর্থ বরাদ্দের সম্ভাবনা উল্লেখ করে বলেন, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু, কেক কেটে উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু, কেক কেটে উদযাপন

রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজেশন সম্পন্ন করা হয়েছে এবং পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এই ঐতিহাসিক সাফল্যে প্রকল্প এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

সাফল্যের এই মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানের নেতৃত্বে একটি কেক কাটার অনুষ্ঠান আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম কেক কেটে এই আনন্দ উদ্‌যাপনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সময় তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নিয়োজিত রাশিয়ান কর্মকর্তাদের মুখে কেক তুলে দিয়ে আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “আমি রাশিয়া সরকার, রোসাটম এবং তাদের পুরো দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে গত নয় বছর ধরে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাওয়া আমাদের বিজ্ঞানী ও তরুণ বিজ্ঞানীদের প্রতি জানাই বিশেষ কৃতজ্ঞতা।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের বিদ্যুতের চাহিদা পূরণে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিরলস প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অর্জন নিয়ে আমাদের সবার গর্বিত হওয়া উচিত।

মন্ত্রী আরও বলেন, রাশিয়া সরকার, রোসাটমের শীর্ষ নেতৃত্ব, প্রকৌশলী, বিশেষজ্ঞ এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেনসহ প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%