প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কার্যক্রম দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। সমাজসেবা অধিদপ্তর নাগরিকদের কাছে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার জন্য আহ্বান জানিয়েছে।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম এবং এটি সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশের সব পরিবারকে শুমারির আওতায় আনার লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।
তথ্য সংগ্রহকারীরা শিগগিরই সংশ্লিষ্ট বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। এ জন্য বিজ্ঞপ্তিতে কয়েক ধরনের তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার অনুরোধ করা হয়েছে।
এতে বলা হয়েছে, যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি; পরিবারের অন্যান্য সদস্যদের এনআইডি এবং যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে বলা হয়েছে।
এছাড়া, কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্য প্রস্তুত রাখতে হবে। বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং প্রয়োজন অনুযায়ী ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখার কথাও বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড বিনা মূল্যে প্রদান করা হবে। যদি কেউ কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করে, তাহলে তাঁকে কোনো টাকা দেওয়া যাবে না।
তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি নিশ্চিত করতে হবে যে, কোনো পরিবার শুমারি থেকে বাদ না পড়ে। এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এ কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে ভূমিকা রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়েছে।
সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন