প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে বিপজ্জনক পিচের কারণে ওয়েস্টার্ন প্রভিন্স ও টাইটানসের মধ্যকার চার দিনের প্রথম শ্রেণির ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রথম দিনের খেলায় ১৪ উইকেট পড়ে যাওয়ার পর দ্বিতীয় দিনের সকালে কর্মকর্তারা পিচ পরিদর্শন করে ম্যাচটি বন্ধ করার সিদ্ধান্ত নেন। ব্যাটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।
ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ম্যাচ চলাকালীন সময়ে বেশ কয়েকটি বল অস্বাভাবিকভাবে লাফিয়ে উঠছিল। পিচের বাউন্সের ধারাবাহিকতা না থাকায় ব্যাটারদের শরীরে বল আঘাত করেছে। এক পর্যায়ে টশেপো মোরেকির মাথায় বল লাগলে তাঁকে মাঠ ছাড়তে হয়। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসেবে মাঠে নামেন জোডি লরেন্স।
ম্যাচে ব্যবহৃত পিচটি নিউল্যান্ডসের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য নির্ধারিত পিচগুলোর একটি ছিল না। এটি পরিবর্তনযোগ্য পিচও নয় বলে জানা গেছে। পিচের এমন আচরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডব্লিউপিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় দিনের সকালে পিচ পরিদর্শনের পর শুক্রবার, ২৮ নভেম্বর ওয়েস্টার্ন প্রভিন্স কোবরা ও মাল্টিপ্লাই টাইটানসের মধ্যকার প্রথম শ্রেণির ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হবে না।
নিউল্যান্ডসের পিচ নিয়ে গত তিন বছরের মধ্যে এটি দ্বিতীয় বড় উদ্বেগের ঘটনা। ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচটি মাত্র ১০৭ ওভারেই শেষ হয়েছিল। সে সময় ধারণা করা হয়েছিল, ভেন্যুতে বড় ধরনের নির্মাণকাজের কারণে ভূগর্ভস্থ পানির স্তরে পরিবর্তন ঘটে থাকতে পারে, যার প্রভাব পড়েছিল পিচের উপর।
এদিকে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুই সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বার বিপজ্জনক পিচের কারণে সমস্যা তৈরির ঘটনা। গত সপ্তাহে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের মাঠে টাইটানস ও ওয়ারিয়র্সের ম্যাচও বিপজ্জনক পিচের কারণে বিলম্বিত হয়েছিল। পরে পর্যাপ্ত রোদে পিচের অবস্থা কিছুটা স্বাভাবিক হলে খেলা শুরু হয়।
নিউল্যান্ডসে আগামী পাঁচ সপ্তাহের কিছু বেশি সময় পর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার নববর্ষের টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ঘটনায় মাঠটির পিচ প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে চলমান তদন্তের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পিচের অস্বাভাবিক আচরণের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন