প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের ২১ জন মেধাবী শিক্ষার্থীকে দুটি পৃথক ট্রাস্ট ফান্ডের আওতায় বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্ত ২১ শিক্ষার্থীর মধ্যে ১৪ জন ‘আমিনুর রহমান খান স্মারক বৃত্তি’ এবং সাতজন ‘অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট বৃত্তি’ পেয়েছেন।
দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য উল্লেখ করেন, ‘মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
ট্রাস্ট ফান্ডের মাধ্যমে দেওয়া এই আর্থিক সহযোগিতা শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করার পাশাপাশি মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’ এ সময় তিনি বৃত্তির জন্য দাতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাফিউল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারপারসন ড. প্রিয়াঙ্কা গোপ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং দাতা সদস্য ও নৃবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহীন আহমেদ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ‘আমিনুর রহমান খান স্মারক বৃত্তি’র আওতায় সাতটি বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে এককালীন ১২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এবারে ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১৪ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—ইতিহাস বিভাগের মো. হানিফ আলি ও সাদিয়া আফরিন; সংগীত বিভাগের অর্পিতা চৌধুরী ও উপমা বর্মন; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদিয়া তাসনিম ও নুসরাত জাহান; প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মোছা. সুমি আক্তার ও রাইয়ান মাহমুদ প্রতীক; মৎস্যবিজ্ঞান বিভাগের মো. আতিকুর রহমান ও এইচ এম তায়ফুর রহমান; জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের মো. রাকিব হাসান ও মাহমুদুল হক এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের জারিন তাহসিন আনজুম ও মো. রিপন হোসেন।
অন্যদিকে, ‘অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট বৃত্তি’র আওতায় নৃবিজ্ঞান বিভাগের আন্ডারগ্র্যাডুয়েট প্রোগ্রামের সাতজন শিক্ষার্থীকে এককালীন ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—প্রথম বর্ষের নুসরাত জাহান লামিয়া, আছিয়া জান্নাত সুপ্তি, মাসুম বিল্লাহ ও সাব্বির আহমেদ; দ্বিতীয় বর্ষের মো. রুম্মান হোসাইন; তৃতীয় বর্ষের ইসমাইল আলী এবং চতুর্থ বর্ষের মো. নাঈমুদ্দীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন