প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিগন্তজোড়া মাঠের দৃশ্য। মাঠের মাঝখানে একটি মেঠো পথ। এই পথের দুই পাশে সারি সারি খেজুরগাছ দাঁড়িয়ে আছে। গাছের এক পাশে ডাল ছেঁটে এবং বাকল চেঁছে রস সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছেন ষাটোর্ধ একজন ব্যক্তি। তার নাম মুজিবর মোল্যা।
শরীরে প্যাঁচানো মোটা দড়ি রয়েছে। কোমরের পেছনে ঝুলছে বাঁশের তৈরি একটি লম্বা ঝুড়ি। হাতে রয়েছে ধারালো গাছি দা। তিনি তরতর করে গাছে উঠছেন এবং এক-একটি গাছকে পরিষ্কার করে রস বের করার উপযোগী করছেন। স্থানীয় ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘গাছ তোলা’।
মুজিবর মোল্যার বাড়ি নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে। তিনি প্রায় ২৫ বছর ধরে বংশ পরম্পরায় খেজুর গাছ তুলছেন। শীত মৌসুম এলেই যেন তার জন্য দম ফেলার সময় নেই। রস সংগ্রহের পর সেই রস থেকে গুড় তৈরি করে তা বিক্রি করেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) সকালে শেখহাটি মালিয়াট সড়কের পাশে খেজুর গাছ কাটছিলেন মুজিবর। সেখানেই তার সঙ্গে কথা হয়। তিনি জানান, তিনি প্রায় ৩৫ বছর ধরে খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজ করছেন। তার বড় ভাইও প্রায় ৪০ বছর ধরে এ কাজ করেছেন এবং তার দাদা করতেন। তার বাবা অন্তত ৪০ বছর ধরে এ কাজে যুক্ত ছিলেন।
মুজিবর বলেন, “বংশ পরম্পরায় আমরা এ কাজ করছি। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে নিজেই গুড় তৈরি করে তা বিক্রি করি।” তিনি আরও জানান, এবছর তিনি ৫৩টি গাছ তুলেছেন। তিনি বলেন, “চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রস তোলা যাবে।” এ মৌসুমে কাঁচা রস ছাড়াও দুই লাখ টাকার গুড় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন এই গাছি।
মুজিবরের মতো অন্য গাছিরাও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নড়াইলে। তাদের বেশিরভাগ সময় কাটছে খেজুর গাছের মাথায়।
গাছিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার অনেক গাছির জন্য কৃষিকাজ জীবিকার প্রধান উৎস। তবে শীত মৌসুমে তারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন। অনেকের নিজের খেজুর গাছ না থাকায় তারা অন্যের গাছ ইজারা নিয়ে থাকেন। মৌসুমে ইজারা নিয়ে গাছগুলো কেটে বাড়তি আয় করেন।
গাছিরা জানান, অগ্রহায়ণের মাঝামাঝি সময়ের মধ্যে রস সংগ্রহের জন্য খেজুর গাছ প্রস্তুত করেন। চৈত্রের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলে রস সংগ্রহের কার্যক্রম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, জেলায় মোট ২৩ হাজার ৫৫০টি খেজুর গাছ রয়েছে। সেখান থেকে এ বছর ৩৫৪ মেট্রিক টন রস সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে গুড় উৎপাদিত হবে ৫৩ মেট্রিক টন।
সরর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রস সংগ্রহের জন্য কৃষি বিভাগ উদ্যোগ নিয়েছে। প্রত্যেক ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত গাছিদের পরামর্শ প্রদান করছেন।
বিশেষ করে উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ, শেখহাটি, আফরা এলাকায় খেজুর গাছের সংখ্যা বেশি হওয়ায় শীত মৌসুমে সেখানে খেজুর গাছ কাটার ধুম পড়ে যায়।
কৃষি বিভাগ থেকে খেজুর গাছের রস সংগ্রহকারীদের খাঁটি রস ও গুড় প্রস্তুতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন