ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও চিকিৎসায় দেরি


মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও চিকিৎসায় দেরি

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্রিস্টা পাইকের জরুরি চিকিৎসা পেতে বিলম্ব হয়েছে। কারা কর্তৃপক্ষ এবং জরুরি সেবাকর্মীদের মধ্যে বিভ্রান্তির কারণে চিকিৎসাসহায়তা পেতে প্রায় আধা ঘণ্টা সময় লেগেছে। সোমবার প্রকাশিত জরুরি ফোনকলের রেকর্ডিং থেকে এই তথ্য বেরিয়ে এসেছে।

৩০ সেপ্টেম্বর টেনেসি অঙ্গরাজ্যের রিভারবেন্ড কারাগারে ৫০ বছর বয়সী পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা করা হয়। তাকে পেন্টোবারবিটাল নামের ওষুধের দুটি ডোজ দেওয়া হয়, কিন্তু তিনি মারা যাননি। এরপর কারা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে।

রাত ৮টা ৪০ মিনিটে প্রথম ফোনটি করা হয়। ফোনে জানানো হয়, প্রায় এক ঘণ্টা আগে ওষুধ প্রয়োগ করা হলেও বন্দি মারা যাননি এবং অ্যাম্বুলেন্স প্রয়োজন। তবে জরুরি সেবার দায়িত্বে থাকা কর্মী পরিচয় নিশ্চিত করার সংকেত চাইলে ফোনকারী তা দিতে পারেননি। ফলে ঘটনাটি সত্য কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়।

আরও পড়ুন: রাহুল গান্ধীর পদযাত্রা: ভারতের গণবিক্ষোভে যুবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত

রেকর্ডিং অনুযায়ী, রাত ৯টা ৩ মিনিটে জরুরি যোগাযোগ বিভাগের একজন কর্মী জানান, তাদের কাছে ফোনটি ভুয়া বলে তথ্য এসেছে এবং কারাগারে চিকিৎসাসহায়তার প্রয়োজন নেই। চার মিনিট পর এক সেবাকর্মী জানান, কারাগারের ফটকের বাইরে থাকা একজন ব্যক্তি ঘটনাটি সত্য বলে দাবি করছেন এবং দ্রুত ভেতরে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন।

পরে কারাগারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ ফোনটির সত্যতা নিশ্চিত করে। রাত ৯টা ১১ মিনিটে জরুরি সেবাকর্মীদের কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অর্থাৎ প্রথম ফোনের প্রায় ৩১ মিনিট পর তারা ভেতরে যাওয়ার ছাড়পত্র পান।

১৯৯৫ সালে সহপাঠী কোলিন স্লেমারকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার দায়ে পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর একসময় কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য দিতে হয়। তার আইনজীবীরা তখন বেঁচে থাকার আশা কম বলে জানিয়েছিলেন। পরে পাইক জ্ঞান ফিরে পেয়ে কথা বলতে শুরু করেন এবং সহায়তা নিয়ে হাঁটতেও সক্ষম হন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে আবার নারীদের কারাগারে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা থেকে বেঁচে যাওয়া একমাত্র পরিচিত ব্যক্তি পাইক বলে জানিয়েছে মৃত্যুদণ্ডবিরোধী একটি গবেষণা সংস্থা। তবে তার মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা কেন ব্যর্থ হয়েছিল, তা টেনেসির সংশোধন বিভাগ এখনো জানায়নি। বিশেষজ্ঞদের ধারণা, শিরায় ওষুধ দেওয়ার ব্যবস্থায় ত্রুটি হয়ে ওষুধ রক্তপ্রবাহে না গিয়ে শরীরের টিস্যুতে জমে থাকতে পারে।

আরও পড়ুন: দুর্গোৎসবের মর্মান্তিক ট্র্যাজেডিতে শুভেন্দুর চরম অব্যবস্থাপনা নগ্ন হয়ে পড়ল

মৃত্যুদণ্ড কার্যকরের আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তা স্থগিত করার শেষ মুহূর্তের আবেদন নাকচ করেছিল। পাইকের মৃত্যুদণ্ড কার্যকর হলে ১৮২০ সালের পর টেনেসিতে তিনিই হতেন মৃত্যুদণ্ড পাওয়া প্রথম নারী। তবে এখন তার পরবর্তী পরিণতি কী হবে, তা স্পষ্ট নয়।

সূত্র: সিবিএস নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে মাইকে আজান দেওয়ায় মুয়াজ্জিন কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৬ এম


ভারতে মাইকে আজান দেওয়ায় মুয়াজ্জিন কারাগারে

ভারতে মাইকে আজান দেওয়ার অভিযোগে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার উত্তর প্রদেশের বিজনোর জেলার নাজিবাবাদে একটি গণশুনানিতে যাওয়ার সময় জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) এবং পুলিশ সুপার (এসপি) আজানের আওয়াজ শুনতে পেয়ে এই নির্দেশ দেন। ঘটনার পরপরই পুলিশ ওই মসজিদের মাইক জব্দ করে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে।

এ ঘটনার পর জেলাজুড়ে একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় প্রতিটি পুলিশ স্টেশনকে তাদের এলাকার ধর্মীয় উপাসনালয়গুলোতে থাকা মাইকগুলো নির্ধারিত শব্দসীমা মেনে চলছে কি—তা নিশ্চিত করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, বিজনোরের জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই ‘সমাধান দিবস’-এর একটি শুনানিতে অংশ নিতে মহল্লা মাকবারা এলাকা অতিক্রম করছিলেন। সেই সময় তারা একটি মসজিদ থেকে আজানের আওয়াজ শুনতে পান।

পরবর্তীতে এসআই সৌরভ কুমারের আবেদনের প্রেক্ষিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে ফাইজানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি শান্তি ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং জানান, শব্দদূষণ নিয়ে সরকার ও আদালতের নির্দেশনাবলী বাস্তবায়নে জেলাজুড়ে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, ‘ধর্মীয় স্থানে নির্ধারিত শব্দসীমার বাইরে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। সব ধর্মীয় প্রতিষ্ঠানের দেখভালকারীদের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং নিজ নিজ এলাকায় বিষয়টি নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে হামলার শঙ্কা সত্ত্বেও কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৭ এম


সৌদিতে হামলার শঙ্কা সত্ত্বেও কমল তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে, যা টানা দাম বৃদ্ধির পর ঘটেছে। সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা—এই দুই বিষয় মিলিয়ে বাজারে তেলের দাম ওঠানামা করছে।

এই তথ্যটি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার রাত গ্রিনিচ মান সময় রাত ১২টায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৫৭ শতাংশ কমে ১০৬.০৪ ডলারে পৌঁছেছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৯৩.২৭ ডলারে নেমে এসেছে।

সোমবার, তেলের দাম প্রায় ২ ডলার বেড়ে গিয়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬.৬৫ ডলারে স্থির হয়েছিল, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর হিসেবে গণ্য হয়।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তেলের দাম বৃদ্ধির চাপ সৃষ্টি করছে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা জোগাচ্ছে। এই সব বিষয় বিবেচনায় নিয়ে বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ৯ হাজারের বেশি যাত্রী ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৭ এম


ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ৯ হাজারের বেশি যাত্রী ভোগান্তিতে

হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধি-নিষেধের ফলে ৬১টি ফ্লাইটে ব্যাঘাত ঘটেছে। এর ফলে ৯ হাজারের বেশি যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির শিকার হয়েছে। নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধি-নিষেধ আরোপের কারণে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, এই পরিস্থিতির কারণে এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৬১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২২টি সরাসরি ফ্লাইট এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসে ৪টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

ফ্লাইট বাতিল ও ব্যাহত হওয়ার কারণে মোট ৯ হাজার ২৬৯ জন বিমানযাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির সম্মুখীন হয়েছে। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর ফ্লাইট সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রগলিওর প্রশ্ন, ‘মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার সন্ত্রাসীদের মতো হতে চাওয়ার সমান?’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৯ এম


ব্রগলিওর প্রশ্ন, ‘মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার সন্ত্রাসীদের মতো হতে চাওয়ার সমান?’

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন। তার মতে, এভাবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেখানো সন্ত্রাসীদের কর্মকাণ্ডের অনুকরণ করার শামিল হতে পারে।

সোমবার (১২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে ব্রগলিও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পরিকল্পনার প্রতি অসন্তোষ প্রকাশ করেন। হেগসেথ গত সপ্তাহে জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরে হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য জনসাধারণের দেখার জন্য সরাসরি সম্প্রচার করা হবে।

ব্রগলিও বলেন, মৃত্যুদণ্ড কার্যকরে দায়িত্ব পাওয়া কোনো ক্যাথলিক সেনাসদস্যের উচিত এ দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়া। তার আশঙ্কা, এ ধরনের কাজে অংশ নেওয়া সেনাসদস্যদের মধ্যে গভীর নৈতিক সংকট তৈরি হতে পারে।

তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা কি সত্যিই এই বিশ্বের সন্ত্রাসীদের অনুকরণ করতে চাই? আমাদের প্রতিপক্ষকে বর্বরভাবে হত্যা করে তা কি জনসমক্ষে প্রদর্শন করতে চাই?’

বিবৃতিতে ব্রোগলিও আরও বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাধারণত ভালো সুনাম রয়েছে। কিন্তু হুইলচেয়ারে থাকা একজন মানুষের মৃত্যুদণ্ডের দৃশ্য সারা বিশ্বে প্রচার করে সেনাবাহিনীকে সন্ত্রাসীদের কাতারে দাঁড় করানোর কোনো মূল্য আছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন। এ সিদ্ধান্ত মানুষের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

এ বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর তিন দিন আগে পোপ চতুর্দশ লিও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, মৃত্যুদণ্ড গ্রহণযোগ্য নয়, কারণ এটি মানুষের অলঙ্ঘনীয় অধিকার ও মর্যাদার ওপর আঘাত। তবে তার ওই বক্তব্যে হাসানের মৃত্যুদণ্ডের পরিকল্পনা কিংবা সম্প্রতি প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরও বেঁচে যাওয়া ক্রিস্টা পাইকের ঘটনার সরাসরি উল্লেখ ছিল না। বক্তব্যটি এসেছিল মৃত্যুদণ্ডবিরোধী বিশ্ব দিবস উপলক্ষে।

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেছেন, এ ধরনের অপরাধের গুরুতর পরিণতি সম্পর্কে মানুষকে বোঝাতেই মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে।

২০১৩ সালে সামরিক আদালতে দোষী সাব্যস্ত হন হাসান। ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সেনাঘাঁটিতে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা এবং ৩০ জনের বেশি মানুষকে আহত করার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাবেক এই সেনা মনোরোগ চিকিৎসক বিচার চলাকালে স্বীকার করেছিলেন, তিনিই গুলি চালিয়েছিলেন। তার দাবি ছিল, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাত থেকে ইসলামি বিদ্রোহীদের রক্ষা করতেই তিনি এ হামলা চালান।

হাসানের মৃত্যুদণ্ড কার্যকর হলে ১৯৬১ সালের পর এই প্রথম কোনো মার্কিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করবে দেশটির সামরিক বাহিনী। পাশাপাশি ১৯৪৫ সালের পর প্রথমবারের মতো গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাও ঘটতে পারে।

আধুনিক যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের দৃশ্য প্রকাশ্যে দেখানোর ঘটনা অত্যন্ত বিরল। প্রায় ৯০ বছর আগে কেনটাকিতে রেইনি বেথিয়াকে ধর্ষণের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল। প্রায় ২০ হাজার মানুষ সেই মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করেছিলেন বলে ধারণা করা হয়। ইরান, আফগানিস্তান ও উত্তর কোরিয়ায় এখনো প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে বলে মনে করা হয়।

হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের সদস্যদের মধ্যেই সমালোচনা তৈরি হয়েছে। রিপাবলিকান দলের একাধিক আইনপ্রণেতাও এ পরিকল্পনার বিরোধিতা করেছেন।

আলাস্কার সিনেটর লিসা মারকাউস্কি বলেন, এ ধরনের কাজ সন্ত্রাসী ও স্বৈরশাসকদের কাছ থেকে প্রত্যাশা করা যায়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নয়। নর্থ ডাকোটার সিনেটর কেভিন ক্রেমার বলেন, ‘মৃত্যুদণ্ড কোনো বিনোদন নয়।’

প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন জানিয়েছেন, তার দলের কয়েকজন আইনপ্রণেতার এ পরিকল্পনা নিয়ে উদ্বেগ রয়েছে। বিষয়টি তিনি হোয়াইট হাউসের কাছে তুলে ধরবেন।

জনসনের আশঙ্কা, মৃত্যুদণ্ডের দৃশ্যের ভিডিও ভবিষ্যৎ সন্ত্রাসীদের নতুন করে লোক সংগ্রহের উপকরণ হয়ে উঠতে পারে। তাই পরিকল্পনাটির নীতিগত প্রভাবগুলো ভালোভাবে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

অন্যদিকে, ক্যাথলিক ধর্মাবলম্বী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করা হলেও তিনি তা দেখবেন না।

সূত্র: সিবিএস নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%